শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৮ পি.এম
যশোরের বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের টানা বৃষ্টির ফলে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকায় কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সদ্য বপন করা সরিষার জমিতেও পানি জমে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে কৃষকরা আমন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যায়। এর ফলে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ মাটির সঙ্গে হেলে পড়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান এখনো পুরোপুরি পাকার অপেক্ষায় ছিল, সেসব জমির ক্ষতির আশঙ্কা বেশি। পাশাপাশি আগে কেটে মাঠে বিছিয়ে রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে। রোদ না থাকায় এসব ধান শুকানোর ব্যাপারে কৃষকদের সমস্যা দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন বিল ও নিচু এলাকার জমিতে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আজমপুর, ধলগ্রাম, নারিকেলবাড়িয়ার সাদিপুর মাঠ, করিমপুর মাঠ, ইন্দ্রা, বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠে তুলনামূলক বেশি পানি জমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
শালবরাট গ্রামের কৃষক লিটন হোসেন বলেছেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। অনেকের ধান মাঠে কেটে ফেলে রাখা হয়েছে। জমির পানি দ্রুত না সরলে এসব ধান নষ্ট হয়ে যাবে। মাঠের দাঁড়িয়ে থাকা ধানও হেলে পড়েছে।”
ইন্দ্রা গ্রামের কৃষক তোজাম মুন্সি জানিয়েছেন, “দুই দিনের বৃষ্টিতে মাঠের ধান মাটির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে ধান কাটতে ও ঘরে তুলতে সমস্যা হচ্ছে। ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি আরও বাড়লে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।”
কৃষকদের দাবি, আমন ধানের পাশাপাশি সরিষার আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কৃষক ইতিমধ্যে সরিষা বপন করেছেন, তাঁদের অনেকের জমিতে পানি জমে রয়েছে। অতিরিক্ত পানি দ্রুত না সরলে সরিষার চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আমন ধান ঘরে তোলার আগেই নতুন করে সরিষা আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ হয়েছে সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও আবাদ করেছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেছেন, “বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। কৃষি বিভাগ মাঠের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে নড়াইল থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন শালিখা উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আটক হওয়া আনিসুর রহমান শিকদার মাগুরার শালিখা উপজেলার উজগ্রামের রফি শিকদারের ছেলে। তিনি তালখড়ি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নড়াইল শহরের সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মাগুরার শালিখা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ মৃধা এবং তালখড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাঁকে আটক করেন।
ছাত্রদল নেতা ফিরোজ মৃধা জানান, বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আনিসুর রহমান শিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল, বিএনপির মূল দল এবং প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তাঁরা তাঁকে আটকের উদ্যোগ নেন। পরে প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে নড়াইল শহরের সদর হাসপাতালের সামনে থেকে আটক করা হয়। এরপর তাঁকে শালিখা থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনিসুর রহমান শিকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ায় কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা আনন্দে কেঁদেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে তারা নিজেদের দীর্ঘদিনের কষ্ট ও নির্যাতনের স্বীকৃতি হিসেবে মনে করছেন। তবে আনন্দের পাশাপাশি তাদের মনে একটাই প্রশ্ন—কবে ফিরতে পারবেন নিজ দেশে?
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
কক্সবাজারের ১ম শিবিরের বাসিন্দা উম্মে রুমান মুঠোফোনে রায় ঘোষণার খবর দেখছিলেন। ইন্টারনেটের দুর্বল সংযোগের কারণে সরাসরি সম্প্রচার দেখতে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি পান তিনি। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার খবর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন এবং রান্না করতে থাকা ভাবিকে জড়িয়ে ধরেন।
রুমান আল জাজিরাকে বলেন, "আনন্দে কেঁদেছি। কারণ, প্রথমবারের মতো বিশ্ব আমাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা স্বীকার করেছে।"
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত এই রায় দেন। এতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়। দীর্ঘদিনের অস্বীকৃতির পর এই রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
শিবিরের ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান তার বন্ধু ও শিক্ষকের সঙ্গে কম্পিউটারে রায়টি দেখেন। তার ভাষ্য, খবরটি শুনে কেউ কেঁদেছেন, কেউ প্রার্থনা করেছেন। রায় শুনে তার মনে হয়েছে, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দ প্রকাশ করেন।
তবে রায়ের আনন্দের মধ্যেও ফিরে এসেছে ২০১৭ সালের ভয়াবহ স্মৃতি। রোহিঙ্গা যুবক নুরুল আমিন আল জাজিরাকে বলেন, গণহত্যার স্বীকৃতিতে তিনি খুশি হলেও সামরিক অভিযানে স্বজন, বাড়িঘর ও জীবনের ওপর নেমে আসা নির্যাতনের কথা মনে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তাদের প্রত্যাশা শুধুমাত্র স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়। নাগরিকত্ব ও অধিকার ফিরে পাওয়া, নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার সুযোগ চান তারা।
সূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বিনিয়োগকারীদের উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত সম্পর্কে এখনও শেষ হয়নি। নতুন প্রতিষ্ঠিত কোম্পানি অ্যানথ্রপিকের শেয়ারবাজারে উজ্জ্বল সূচনা ঘটলেও, এই সাফল্য প্রযুক্তি খাতের সামগ্রিক বাজারের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।
বৃহস্পতিবার এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বিশেষত, প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের বাজারে সবচেয়ে বেশি পতন দেখা গেছে।
এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ, এনভিডিয়ার সংকট, মুনাফা অর্জনের সক্ষমতা এবং সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
অ্যানথ্রপিক, যেটি চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান, শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম দিনেই ১৭ শতাংশ শেয়ারের দাম বাড়িয়ে সফলতা অর্জন করে। নতুন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
তবে, অ্যানথ্রপিকের এই উত্থান অন্যান্য প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম বাড়াতে সক্ষম হয়নি। বরং প্রযুক্তি খাতকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিনিয়োগকারীদের আস্থায় চাপ সৃষ্টি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন ঘটেছে।
গত দুই বছরে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় উত্থানে নেতৃত্ব দেওয়া ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ নামে পরিচিত সাতটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামেও পতন অব্যাহত রয়েছে। গত গ্রীষ্ম থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
এআই প্রযুক্তি থেকে কতটা মুনাফা আসবে, এই খাতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা, ঋণের সুদের হার বৃদ্ধি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।
মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন ও টেসলার শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এনভিডিয়াও একই পরিস্থিতির শিকার। গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত একটি কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তা জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন এবং কোম্পানিটি সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও দরপতনের প্রবণতা অব্যাহত রয়েছে। সেখানে অ্যানথ্রপিকের শেয়ারের দামও ৪ শতাংশের বেশি কমেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপ বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। চীনা কোম্পানিগুলো যাতে দূর থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ ব্যবহার করতে না পারে, সেজন্য বিদ্যমান আইনের একটি ফাঁক-ফোকর বন্ধ করেছে মন্ত্রণালয়টি।
এছাড়া, নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস প্রযুক্তি খাতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে— এমন আশঙ্কাও রয়েছে।
এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন :
যুক্তরাষ্ট্রের বাজারে দরপতনের প্রভাব এশিয়াতেও ছড়িয়ে পড়েছে। এআই প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বড় কোম্পানির অবস্থান থাকার কারণে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ারবাজারে ৫ থেকে ৬ দশমিক ২ শতাংশ পর্যন্ত দরপতন ঘটেছে।
জাপানের নিক্কেই-২২৫ সূচকে কিয়োক্সিয়া কোম্পানির শেয়ারের দাম ১১ শতাংশ এবং প্রযুক্তি খাতের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারের দাম ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে।
তাইওয়ানের শেয়ারবাজারেও বড় ধস দেখা গেছে। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান টিএসএমসির শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। অন্যদিকে মিডিয়াটেকের শেয়ারের দাম ১০ শতাংশ কমেছে। এতে দেশটির প্রধান শেয়ারবাজারের সূচক ৬ শতাংশের বেশি নেমে গেছে।
দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ শতাংশের বেশি কমেছে। দেশটির বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দামেও বড় পতন ঘটেছে।
এছাড়া, হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ব্যাংকক, জাকার্তা ও ম্যানিলার শেয়ারবাজারেও ব্যাপক দরপতন হয়েছে।
নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা :
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে আসার ফলে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত জাপানি ইয়েনের চাহিদা বেড়েছে। গত মাসে জাপানে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়াতে পারে— এমন প্রত্যাশা ইয়েনের দাম বাড়াতে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের চাহিদাও বেড়েছে। ফলে বিভিন্ন মেয়াদের বন্ডের সুদের হার কমেছে। সাধারণত বন্ডের চাহিদা বাড়লে দাম বাড়ে এবং এর বিপরীতে সুদের হার কমে।
বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন মন্তব্য করেন, ‘বাজারে অস্থিরতা বেড়েছে, শেয়ারবাজারের ফিউচার সূচক গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে পারছে না এবং ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর চাপ বাড়ছে।
এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন বাজারের দরপতন কোথায় গিয়ে থামবে, পরিস্থিতি কখন স্থিতিশীল হবে এবং কোন ঘটনা বাজারের আস্থা ফিরিয়ে আনতে পারে— সেদিকে নজর রাখবেন।’
তিনি আরও বলেন, ‘বাজারে শেয়ার বিক্রির চাপ নিজেই আরও চাপ তৈরি করতে পারে। অস্থিরতা বাড়লে বিনিয়োগের ঝুঁকি সীমিত করার চেষ্টা করা হয়, ঋণনির্ভর বিনিয়োগ কমানো হয় এবং স্বয়ংক্রিয় লেনদেনব্যবস্থাও দরপতনের চাপ বাড়াতে পারে।’
অ্যানথ্রপিকের আইপিও এআই খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, আপাতত সপ্তাহান্তের আগে বাজার কীভাবে স্থিতিশীল হয় এবং আগামী সপ্তাহে বিনিয়োগকারীরা আবার শেয়ার কেনায় আগ্রহী হন কি না, সেটিই দেখার বিষয়।
এদিকে এনভিডিয়াকে ঘিরে চলমান ঘটনাপ্রবাহের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে, এনভিডিয়ার চিপ চীনে পৌঁছানোর বিষয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল কি না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের রপ্তানি নিয়ন্ত্রণের বিধিনিষেধ রয়েছে।
গত সপ্তাহে জেনসেন হুয়াং পদত্যাগ করেন। এর আগে তার বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। এর মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে। ওই নারীকে সন্দেহভাজন চীনা গুপ্তচর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক পরিচালক। রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৫ সালে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করেছিল।
জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে আগামী ১ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদে অংশ নিতে সম্মতি দিয়েছেন জেনসেন হুয়াং।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে।
সংস্থাটির বার্ষিক ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে সংঘাতের প্রভাব সামাল দেওয়ার সুযোগ বিশ্বে ক্রমেই কমে আসছে। ফলে এই সংকটের আর্থিক বোঝা দিন দিন বেশি করে ভোক্তাদের ওপর পড়ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের একজন মন্ত্রী পৌঁছেছেন।
এটি পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রথম কোনো প্রতিনিধি ভারত সফর করছে, গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর।
এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়েছে। এই সংঘাতের মূল কারণ দুই দেশের মধ্যে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল। উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের রাজধানীতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন। পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।
অন্যদিকে, ২০২৪ সালে এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করেছিলেন।
১০ সদস্যের এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ বক্তব্য দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে।
চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে।
ভারত ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে, তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। পরে দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ অস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে উভয় দেশের অন্তত ৭০ জন নিহত হন।
পাকিস্তানের মন্ত্রী মালিকের এই সফরের মাত্র দুই দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হন। ভারত দাবি করে, জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লস্কর-ই-তৈয়বা পাকিস্তানভিত্তিক সংগঠন।
দুই দেশের বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। চলতি বছর ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণে নিজেদের জাতীয় দল প্রত্যাহার করে নেয় পাকিস্তান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ