প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ায় কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা আনন্দে কেঁদেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে তারা নিজেদের দীর্ঘদিনের কষ্ট ও নির্যাতনের স্বীকৃতি হিসেবে মনে করছেন। তবে আনন্দের পাশাপাশি তাদের মনে একটাই প্রশ্ন—কবে ফিরতে পারবেন নিজ দেশে?
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
কক্সবাজারের ১ম শিবিরের বাসিন্দা উম্মে রুমান মুঠোফোনে রায় ঘোষণার খবর দেখছিলেন। ইন্টারনেটের দুর্বল সংযোগের কারণে সরাসরি সম্প্রচার দেখতে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি পান তিনি। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার খবর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন এবং রান্না করতে থাকা ভাবিকে জড়িয়ে ধরেন।
রুমান আল জাজিরাকে বলেন, "আনন্দে কেঁদেছি। কারণ, প্রথমবারের মতো বিশ্ব আমাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা স্বীকার করেছে।"
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত এই রায় দেন। এতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়। দীর্ঘদিনের অস্বীকৃতির পর এই রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
শিবিরের ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান তার বন্ধু ও শিক্ষকের সঙ্গে কম্পিউটারে রায়টি দেখেন। তার ভাষ্য, খবরটি শুনে কেউ কেঁদেছেন, কেউ প্রার্থনা করেছেন। রায় শুনে তার মনে হয়েছে, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দ প্রকাশ করেন।
তবে রায়ের আনন্দের মধ্যেও ফিরে এসেছে ২০১৭ সালের ভয়াবহ স্মৃতি। রোহিঙ্গা যুবক নুরুল আমিন আল জাজিরাকে বলেন, গণহত্যার স্বীকৃতিতে তিনি খুশি হলেও সামরিক অভিযানে স্বজন, বাড়িঘর ও জীবনের ওপর নেমে আসা নির্যাতনের কথা মনে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তাদের প্রত্যাশা শুধুমাত্র স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়। নাগরিকত্ব ও অধিকার ফিরে পাওয়া, নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার সুযোগ চান তারা।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন