ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে সাংহাই সহযোগিতা সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী


ভারতে সাংহাই সহযোগিতা সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের একজন মন্ত্রী পৌঁছেছেন।

এটি পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রথম কোনো প্রতিনিধি ভারত সফর করছে, গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর।

এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়েছে। এই সংঘাতের মূল কারণ দুই দেশের মধ্যে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল। উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের রাজধানীতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন। পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।

অন্যদিকে, ২০২৪ সালে এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করেছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

১০ সদস্যের এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ বক্তব্য দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে।

চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে।

ভারত ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে, তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। পরে দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ অস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে উভয় দেশের অন্তত ৭০ জন নিহত হন।

আরও পড়ুন: দুবাইয়ে স্বর্ণের দামে পতন, দোকানে ক্রেতাদের ভিড়

পাকিস্তানের মন্ত্রী মালিকের এই সফরের মাত্র দুই দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হন। ভারত দাবি করে, জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লস্কর-ই-তৈয়বা পাকিস্তানভিত্তিক সংগঠন।

দুই দেশের বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। চলতি বছর ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণে নিজেদের জাতীয় দল প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রেখেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিকভাবে সমাধান করা হচ্ছে।

শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে দুই নেতা বৈঠক করেন। সাংবাদিকদের সামনে আলবানিজ বলেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার জন্য দীর্ঘ সময় ধরে কাজ চলছে।

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশ চীনে যায়। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশের গন্তব্যও চীন।

তবে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আলবানিজ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। পাশাপাশি জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে অস্ট্রেলিয়া।

আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমাদের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেই মতপার্থক্য যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়।’

তিনি আরও বলেন, ‘চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে সি চিনপিং বলেছেন, ‘বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।’

বার্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন আলবানিজ।

এছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তারা। এতে রিও টিন্টো ও বিএইচপির মতো বিশ্বের বড় খনি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিশ্বের সবচেয়ে বড় আকরিক লোহা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের পদক্ষেপের কারণে এই পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত আকরিক লোহা কম দামে কিনতে চীন একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গঠন করেছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার বাণিজ্যে প্রভাব বিস্তার এবং দাম কমিয়ে রাখার চেষ্টা করছে চীন।

২০২০ সালে রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় চীন প্রায় ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পরবর্তী সময়ে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দুই দেশের মধ্যে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থান এবং দেশটির উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে চীনা কোম্পানির মালিকানাধীন অংশীদারত্ব বিক্রি করে দেওয়ার জন্য আলবানিজের দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক (৪৪) কে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার আলমনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, নবীনগর উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্যসচিব ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য ওমর ফারুক আজ দুপুরে তার গ্রামের বাড়ি আলমনগর মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা নবীনগর থানার পুলিশ তাকে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুককে অনেক দিন ধরেই খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ, তিনি নিয়মিতভাবে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারবিরোধী প্রচার-প্রচারণায় লিপ্ত ছিলেন।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সরকার ও রাষ্ট্রবিরোধী নানা প্রচার-প্রচারণায় যারা ফেসবুকে নিয়মিত অপপ্রচার চালাত, তাদের মধ্যে অন্যতম ছিল এই ওমর ফারুক। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘যারা নিয়মিত রাষ্ট্র ও সরকারবিরোধী ফেসবুকে নানা মিথ্যা ও উসকানিমূলক প্রচারণায় লিপ্ত রয়েছে, তাদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়া, ২০ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না।

তিনি উল্লেখ করেন, "এ দেশে যারা তাঁবেদার রাষ্ট্র কায়েমের চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।"

আজ বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। তবে, তিনি সতর্ক করেন যে, সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, "যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়া উচিত।"

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন তিনি (প্রধানমন্ত্রী) ফলক উন্মোচন করে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও মগ বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।

এসময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি গাছের চারা লাগিয়ে তার পরিচর্যা করা এবং নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন এতে অংশ নেন।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জে সহিংসতার কয়েক দিনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।

জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে খাবারের দোকানসহ অন্যান্য দোকানপাট খুলতে শুরু করেছে।

জেলা শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এর ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। সকালে শহরের প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা যায়।

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। রাত থেকে যানবাহন চলাচল শুরু করেছে। লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আটকাপড়া যানবাহন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। আজ শুক্রবার সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।’

তবে গত কয়েক দিন গোপালগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা ফোন ধরেননি। এই কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%