০৩:১৫ পি.এম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে সমন্বয় রাখার জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হয়েছে। ড্রোন, বডি ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা ও সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তারা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে বাহিনীটি তাদের দায়িত্ব পালন করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন