প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের ব্যর্থতার কথা স্বীকার করেছেন শরীফুল ইসলাম। তাঁর মন্তব্য, বোলাররা পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা লাইন ও লেংথে শৃঙ্খলার অভাবের সুযোগ নিয়ে সহজেই রান সংগ্রহ করেছেন।
মঙ্গলবার, দ্বিতীয় দিনের খেলা শেষে শরীফুল বলেন, পেসাররা ভালো বোলিং করতে পারেননি। ইনিংসের শুরু ও শেষের দিকে সহজেই বাউন্ডারি দিয়ে ফেলেছেন তাঁরা। বল যেখানে সুইং করছিল, সেই জায়গায় ধারাবাহিকভাবে বোলিং করতেও তাঁরা ব্যর্থ হয়েছেন।
শরীফুলের ভাষায়, ‘আমরা আসলে এক জায়গায় বল করতে পারিনি। যেখানে বল মুভমেন্ট করছিল, সেখানে বেশিক্ষণ বল করতে পারিনি। হয়তো ব্যাটারদের বেশি জায়গা দিয়েছি, যাতে তারা কাট শট খেলতে পারে। আমরা ব্যাক অব লেংথে বেশি বল করেছি।’
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে, দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪৯৪ রান, ৭ উইকেটে। এতে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৪০৩ রানের বিশাল লিড পেয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মারকেস অ্যাকারম্যান। তিনি প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন। এবার ১৩৮ বলে ১৫০ রান করেন এই ওপেনার। এছাড়া, টনি ডি জর্জি ৬৬ রান করেন। উইয়ান মুল্ডার ১০০ রানের ইনিংস খেলেন, আর মার্কো ইয়ানসেন ৬৭ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। তবে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নেমেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। চার পেসার মিলে ৭৯ ওভারে ৩৩৩ রান দিয়েছেন। উইকেট নিতে হয়েছে খণ্ডকালীন বোলারদেরও।
প্রায় দুই দশক পর বিশেষজ্ঞ স্পিনার ছাড়া টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে চার পেসার খেলানোর সিদ্ধান্তও কাজে আসেনি। শরীফুল মনে করেন, ভুলগুলো ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবে শুধরে নিতে হবে।
এত বড় লিডের পরও অবশ্য হাল ছাড়ছেন না এই বাঁহাতি পেসার। তিনি বিশ্বাস করেন, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে একটি বড় জুটি গড়তে পারলে ম্যাচে ফেরার আশা থাকবে বাংলাদেশের। ‘টেস্ট ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। একটি ভালো জুটি গড়তে পারলেও আমরা আশা করতে পারি,’ বলেন তিনি।
প্রথম টেস্টে বিশ্রামে থাকার পর দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরেছেন শরীফুল। অস্ট্রেলিয়া সফরে ভালো বোলিং করলেও প্রথম টেস্টে তাঁকে খেলানো হয়নি। শরীফুল জানিয়েছেন, প্রথম টেস্টের জন্য তিনি প্রস্তুত ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন