ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শরীফুল ইসলাম: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বোলাররা শৃঙ্খলা ধরে রাখতে পারেনি


শরীফুল ইসলাম: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বোলাররা শৃঙ্খলা ধরে রাখতে পারেনি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের ব্যর্থতার কথা স্বীকার করেছেন শরীফুল ইসলাম। তাঁর মন্তব্য, বোলাররা পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা লাইন ও লেংথে শৃঙ্খলার অভাবের সুযোগ নিয়ে সহজেই রান সংগ্রহ করেছেন।

মঙ্গলবার, দ্বিতীয় দিনের খেলা শেষে শরীফুল বলেন, পেসাররা ভালো বোলিং করতে পারেননি। ইনিংসের শুরু ও শেষের দিকে সহজেই বাউন্ডারি দিয়ে ফেলেছেন তাঁরা। বল যেখানে সুইং করছিল, সেই জায়গায় ধারাবাহিকভাবে বোলিং করতেও তাঁরা ব্যর্থ হয়েছেন।

শরীফুলের ভাষায়, ‘আমরা আসলে এক জায়গায় বল করতে পারিনি। যেখানে বল মুভমেন্ট করছিল, সেখানে বেশিক্ষণ বল করতে পারিনি। হয়তো ব্যাটারদের বেশি জায়গা দিয়েছি, যাতে তারা কাট শট খেলতে পারে। আমরা ব্যাক অব লেংথে বেশি বল করেছি।’

আরও পড়ুন: বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে, দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪৯৪ রান, ৭ উইকেটে। এতে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৪০৩ রানের বিশাল লিড পেয়েছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মারকেস অ্যাকারম্যান। তিনি প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন। এবার ১৩৮ বলে ১৫০ রান করেন এই ওপেনার। এছাড়া, টনি ডি জর্জি ৬৬ রান করেন। উইয়ান মুল্ডার ১০০ রানের ইনিংস খেলেন, আর মার্কো ইয়ানসেন ৬৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। তবে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নেমেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। চার পেসার মিলে ৭৯ ওভারে ৩৩৩ রান দিয়েছেন। উইকেট নিতে হয়েছে খণ্ডকালীন বোলারদেরও।

প্রায় দুই দশক পর বিশেষজ্ঞ স্পিনার ছাড়া টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে চার পেসার খেলানোর সিদ্ধান্তও কাজে আসেনি। শরীফুল মনে করেন, ভুলগুলো ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবে শুধরে নিতে হবে।

আরও পড়ুন: পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না

এত বড় লিডের পরও অবশ্য হাল ছাড়ছেন না এই বাঁহাতি পেসার। তিনি বিশ্বাস করেন, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে একটি বড় জুটি গড়তে পারলে ম্যাচে ফেরার আশা থাকবে বাংলাদেশের। ‘টেস্ট ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। একটি ভালো জুটি গড়তে পারলেও আমরা আশা করতে পারি,’ বলেন তিনি।

প্রথম টেস্টে বিশ্রামে থাকার পর দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরেছেন শরীফুল। অস্ট্রেলিয়া সফরে ভালো বোলিং করলেও প্রথম টেস্টে তাঁকে খেলানো হয়নি। শরীফুল জানিয়েছেন, প্রথম টেস্টের জন্য তিনি প্রস্তুত ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি ৪.৯ শতাংশে পৌঁছেছে, দুই বছরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি ৪.৯ শতাংশে পৌঁছেছে, দুই বছরের রেকর্ড

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বর্তমানে ৪.৯ শতাংশে পৌঁছেছে, যা দেশটির মাসভিত্তিক হিসাব শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। একই সময়ে, মূল মূল্যস্ফীতিও গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সে র মাধ্যমে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক পূর্ববর্তী মাসের তুলনায় ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বার্ষিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৪.৩ শতাংশ থেকে বেড়ে ৪.৯ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানির দাম ৬.৩ শতাংশ বৃদ্ধি পাওয়াই এর একটি প্রধান কারণ।

অন্যদিকে, জ্বালানির মতো অস্থির দামের পণ্যগুলো বাদ দিয়ে হিসাব করা মূল মূল্যস্ফীতি ৩.৮ শতাংশে পৌঁছেছে। এটি গত জুন থেকে ৩.৬ শতাংশে স্থির ছিল।

মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার পরও দেশটির শ্রমবাজারে দুর্বলতা থাকার কারণে বাজার বিশ্লেষকেরা সুদের হার কমানোর সম্ভাবনা দেখছেন। তবে, জুনের পরিবর্তে আগস্টে সুদের হার কমানোর সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলায় জেলায় গণশুনানি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

আজ সাংবাদিকদের কাছে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য প্রকাশ করেছেন।

একটি চিঠির মাধ্যমে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকার এই প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করবে। গণশুনানির আগে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোস্তাফিজ এবার আইপিএলকে বয়কট করলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মোস্তাফিজ এবার আইপিএলকে বয়কট করলেন

আইপিএলে গত নিলামে মোস্তাফিজুর রহমান রেকর্ড দামে একটি দলের সদস্য হয়েছিলেন। তবে রাজনৈতিক কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। এর ফলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছিল। এবার মোস্তাফিজ নিজেই আইপিএলকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইপিএলের পরবর্তী আসরের জন্য মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের নাম নেই।

শেষ নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এই ঘটনার প্রভাব আরও বিস্তৃত হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। ফলে, টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরেকজনের অনুপস্থিতি লক্ষ্যণীয়। তিনি হলেন নাহিদ রানা। ভারত সফরে তার ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছিল। কিন্তু তিনিও এবার এই নিলামে নাম লেখাননি।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত আছেন। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। বিদেশি খেলোয়াড়দের জন্য ২৫টি জায়গা নির্ধারিত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে

॥ আব্দুর রউফ ॥

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল মাশুল আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা ডাকটিকিটের ঐতিহ্যবাহী যুগের গণ্ডি অতিক্রম করেছে। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মাত্র ১১ মাসের মধ্যে মাসিক রাজস্ব আদায় প্রায় ৪৯ গুণ বৃদ্ধি পেয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে ই-ফ্রাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। পরীক্ষামূলক সময়ের আয়সহ চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থায় মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা মাশুল জমা হয়েছে। বিশেষ করে গত ছয় মাস ধরে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, নতুন এই পদ্ধতির সূচনা থেকে মাশুল আদায়ে অভূতপূর্ব গতি দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, তা সত্যিই সন্তোষজনক। এ ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

জানা গেছে, স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতিতে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল গ্রহণ করা হচ্ছে। গ্রাহক যখন মাশুল পরিশোধ করেন, তখন একটি বারকোডযুক্ত আঠালো লেবেল ছাপা হয়, যা পরবর্তীতে ডাকপণ্যের গায়ে লাগানো হয়। প্রতিটি লেবেলের খরচ মাত্র ৫০ পয়সা। বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘরসহ প্রায় ২০০টি ডাকঘরে এই সেবা চালু রয়েছে।

বেড়েছে মাসিক বুকিং ও আদায়

ডাক বিভাগের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে ডাক মাশুল আদায় হয়েছিল ৫৮ টাকা। পরবর্তী মাস নভেম্বরে ৫১৮টি বুকিংয়ে আদায় হয় ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯১টিতে, আর আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

শুরুর দিকে প্রবৃদ্ধির গতি ছিল তুলনামূলক ধীর। ২০২৫ সালের ডিসেম্বরে ২ হাজার ৩১৯টি বুকিংয়ে আদায় হয় ৮৬ লাখ ৬৮ হাজার ৫১৩ টাকা। চলতি বছরের জানুয়ারিতে মাসিক আদায় প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়ে দাঁড়ায়- ১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৮ টাকায়। ফেব্রুয়ারিতে তা বেড়ে ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৪৮৮ টাকা হয়। মার্চে আদায় কিছুটা কমে ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৭৭২ টাকায় নামে এবং এপ্রিলে ২ কোটি ৭ লাখ ১২ হাজার ৯৭২ টাকা আদায় হয়।

বড় উল্লম্ফন আসে মে মাসে। ওই মাসে বুকিং আগের মাসের দ্বিগুণের বেশি বেড়ে ৮ হাজার ৬৩১টিতে দাঁড়ায়, আদায় হয় ৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। জুনে ৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫৯৯ টাকা আদায়ের পর জুলাইয়ে প্রথমবারের মতো মাসিক আদায় ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা দাঁড়ায় ৫ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকায়। আগস্টে ২০ হাজার ৫৬৩টি বুকিংয়ে আদায় হয় ৬ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪২৯ টাকা। সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ে আসে এ পর্যন্ত এক মাসের সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা।

হিসাব বলছে, মে থেকে অক্টোবর এই ৬ মাসে আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা, যা মাসে গড়ে প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা। মাসভিত্তিক হিসাবে অক্টোবর পর্যন্ত মোট আদায়ের প্রায় ৮০ শতাংশই এসেছে এই ৬ মাসে।

তিন খাতে কমছে খরচ

ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বাসসকে জানান, এতদিন চিঠি ও পার্সেলের মাশুল দিতে ডাকটিকিট বা ফ্রাংকিং মেশিনই ছিল ভরসা। বিদেশগামী ইএমএস ও পার্সেলে বেশি মূল্যের ডাকটিকিট লাগলেও শ্রেণি অনুযায়ী মজুত সীমার কারণে উপজেলার অনেক ডাকঘরে তা পাওয়া যেত না। পথে কাগজের ডাকটিকিট খুলে পড়ার ঝুঁকিও ছিল। অন্যদিকে ফ্রাংকিং মেশিনের সংখ্যা কম থাকায়, রক্ষণাবেক্ষণ খরচ এবং ডলারের দাম বাড়ায় আমদানি করা কালিতে বাড়তি ব্যয় হতো।

সাশ্রয়ের বিষয়ে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ঠিক কত টাকা সাশ্রয় হচ্ছে তা হিসাব করা কঠিন। কারণ আগে খরচ হতো তিনভাবে- ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালিতে। বর্তমানে এই তিন খাতেই খরচ সাশ্রয় হচ্ছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, ডাক মাশুল আদায়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক এই পদ্ধতিটি যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি ও জালিয়াতি রোধের পাশাপাশি এ খাতে ডাক বিভাগের পরিচালন ব্যয় কমাবে। সর্বোপরি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসে এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের রাজস্ব আয় বাড়বে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে সনাতন পদ্ধতির দীর্ঘসূত্রতা ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমেছে। ইউনিট পর্যায়ের কর্মকর্তারা এখন কেন্দ্রীয়ভাবে প্রতিটি ডাকঘরের রাজস্ব আদায় সরাসরি দেখতে পারছেন। ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

নিশ্চিত হচ্ছে লেনদেনের নিরাপত্তা

সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিতে ই-ফ্রাংকিংয়ের প্রতিটি লেবেলে যুক্ত করা হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তা বলয়। মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, স্মার্ট পোস্টেজ সিস্টেমে ডাক মাশুলের যে স্টিকারটি প্রিন্ট হয়, তার গায়ে একটি স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোড থাকে। ডাকপণ্য বুকিংয়ের সময় এই বারকোডটি স্ক্যান করে যাচাই করা হয়। ফলে স্টিকারটি কোন ব্যবহারকারী প্রিন্ট করেছেন এবং কোন প্রিন্টার থেকে বুকিং সম্পন্ন হয়েছে, তা সহজেই শনাক্ত করা যায়।

লেনদেনে শতভাগ জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া সংশ্লিষ্ট ডাকঘরের কোনো কর্মচারীই এই সিস্টেমে প্রবেশ করতে পারেন না। এমনকি দিন শেষে প্রতিদিনের লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবও যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হয়, যার ফলে রাজস্ব ফাঁকি কিংবা জালিয়াতির ঝুঁকি অনেকাংশে কমে এসেছে।

ঘরে বসেই অগ্রিম মাশুল

ই-ফ্রাংকিংয়ের আরেকটি বড় সুবিধা হলো প্রি-পেইড পদ্ধতি। এতে সাধারণ গ্রাহক, ই-কমার্স উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ডাকঘরে না গিয়েও অনলাইনে অগ্রিম মাশুল জমা দিতে পারেন।

প্রক্রিয়াটি তুলে ধরে শাহ আলম ভূঁইয়া বলেন, গ্রাহক নিজের মোবাইলের আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে ডাক মাশুল পরিশোধ করে প্রি-পেইড ব্যালেন্স নিতে পারেন। পরে ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়। এরপর ডাকপণ্য কাউন্টারে তা জমা দিলে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বুকিং সম্পন্ন হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত বেশি পরিমাণে পার্সেল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যবস্থাপনা ব্যয় কমাতে স্মার্ট পোস্টেজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তাদের জন্য অগ্রিম মাশুল পরিশোধ ও অনলাইনে বুকিংয়ের সুবিধা ডাকসেবা ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ

ডাক অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিস ১ হাজার ৫০০টি। বাকিগুলো অবিভাগীয় গ্রামীণ শাখা ডাকঘর। সে হিসাবে রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে বর্তমানে ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মহাপরিচালক আসাদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ের ডাকঘরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু উপজেলা ডাকঘরে এটি চালু হয়েছে। অন্যান্যগুলোতেও ধাপে ধাপে চালু করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

গ্রামীণ ডাকঘরগুলোতে একযোগে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ডাক বিভাগ যে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালু করেছে, তাতেও ই-ফ্রাংকিং সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়েও এ ব্যবস্থা সম্প্রসারণ করা সম্ভব হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেনারেল ম্যানেজার শাহ আলম ভূঁইয়া বাসসকে বলেন, প্রথম পর্যায়ে উপজেলা ডাকঘরসহ রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ডাকঘর যুক্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তিনির্ভর ডাকসেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ই-ফ্রাংকিং চালু করা হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ এ প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং চালুর বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে মাশুল পরিশোধ করে পাওয়া বারকোড বা কিউআর কোড বৈধ ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে।

সব মিলিয়ে, ই-কমার্সের দ্রুত প্রসারে পার্সেল ও লজিস্টিক সেবার চাহিদা যখন দিন দিন বাড়ছে, তখন ই-ফ্রাংকিং ব্যবস্থাকে শুধুমাত্র মাশুল আদায়ের বিকল্প পদ্ধতি হিসেবে নয়, ডাক বিভাগের সামগ্রিক ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%