ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঈশ্বরদীর শাহিনের টপ লেডি পেঁপে চাষে বৃষ্টির ক্ষতি


ঈশ্বরদীর শাহিনের টপ লেডি পেঁপে চাষে বৃষ্টির ক্ষতি

পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে জাতীয় পদক প্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিনের পেঁপে বাগানে বৃষ্টি ও বাতাসের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

পেঁপে বাগানে প্রবেশ করলে দেখা যায়, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে। বাজারজাত করার উদ্দেশ্যে শ্রমিকরা পেঁপে সংগ্রহে ব্যস্ত। নতুনভাবে তিন বছর ধরে তিনি টপ লেডি জাতের পেঁপে বাগান গড়ে তুলেছেন। পেঁপের পাশাপাশি সাথী ফসল হিসেবে মরিচ, কলা, কাকরসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেছেন তিনি।

পেঁপে চাষি শাহিনুজ্জামান শাহিন সাহাপুরের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের সন্তান। পেঁপে চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকামও চাষ করেন। এর মধ্যে সফল চাষি হিসেবে ২০২৩ সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেছেন।

আরও পড়ুন: ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ টাকা

শাহিনুজ্জামান শাহিন বলেন, "ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছি। এতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বাগান পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও শ্রমিক খরচে প্রতি বছর ব্যয় হয় প্রায় পাঁচ লক্ষ টাকা। সাথী ফসল বিক্রি করে পরিচর্যার ব্যয় অনেকটাই ফেরত আসে। বাগানে টপ লেডি জাতের পেঁপে চাষ করা হয়েছে।"

তিনি আরও জানান, "টপ লেডি জাতের পেঁপে সুস্বাদু, বাজারে চাহিদা অনেক বেশি, দামও ভালো পাওয়া যায়। এবার গাছে ফলনও এসেছিল বেশ ভালো। ইতোমধ্যে বাগান থেকে প্রায় দুই লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছি। ধারণা করেছিলাম ছয় বিঘার বাগান থেকে ৩০ লক্ষ টাকার পেঁপে বিক্রি হবে। কিন্তু বৈরী আবহাওয়া, বৃষ্টি ও বাতাসে বাগানের বেশির ভাগ পেঁপে গাছের মাথা ভেঙে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।"

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, "মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন দেশে পেঁপের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।" তিনি আরও বলেন, "খরাকালীন চৈত্র-বৈশাখে পেঁপের চাহিদা বেশি থাকায় দামও বেড়ে যায়। কৃষক শাহিনুজ্জামান শাহিনকে বিএডিসির সেচ বিভাগ থেকে সৌরশক্তি চালিত ডাগওয়েল (পাতকুয়া) সরবরাহ করায় খরা মৌসুমেও গাছে পানির সমস্যা হচ্ছে না। যে কারণে তিনি সব সময় ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন।"

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, "জাতীয় পদপ্রাপ্ত কৃষক শাহিন ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন। টপ লেডি জাতের পেঁপে খেতে মজা এবং সুস্বাদু। বাজারে এই পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে। অন্য জাতের পেঁপের চেয়ে কৃষক তুলনামূলক দাম একটু বেশি পেয়ে থাকে। শাহিনের বাগানে পেঁপে গাছে প্রচুর ফল ধরেছিলো। ফলের ভারে বাতাসে কিছু গাছের মাথা ভেঙে গিয়েছে। অবশিষ্ট গাছে খুটি দিতে বলেছি। এছাড়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক কৃষকদের কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি যেন নির্বিঘ্নে চাষ করতে পারে।

আরও পড়ুন: নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার জন্য বাকি ১৩ গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


রোনালদোর ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার জন্য বাকি ১৩ গোল

ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। পর্তুগিজ মহাতারকা তাঁর ৯৮৭তম গোলটি করেছেন, যখন আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল সাদকে ২–১ গোলে পরাজিত করেছে। মঙ্গলবার রাতে রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স।

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। বক্সের মধ্যে তাঁকে ফাউল করার কারণে স্বাগতিকেরা পেনাল্টি পায়। এই গোলের মাধ্যমে ৪১ বছর বয়সী ফরোয়ার্ড তাঁর পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-এ নিয়ে যান। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন তাঁর দূরত্ব মাত্র ১৩ গোল।

তবে আল নাসর বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ২২ মিনিটে মোহাম্মদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে রোনালদো আবার গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভিএআরের কারণে সেটি অফসাইড হিসেবে বাতিল হয়।

বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হয় আল সাদ। আল নাসরের ডিফেন্ডার নওয়াফ বুশালের দিকে থুতু ছোড়ার ঘটনায় গোলদাতা ওয়াদ ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড পান।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এগিয়ে যায় আল নাসর। অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন জোয়াও ফেলিক্স। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ওয়েস্ট অঞ্চলে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে আল নাসর। প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে রোনালদোর গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৭, যা আল নাসরের হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ।

এদিকে রোনালদো ১ হাজার গোলের পথে এগিয়ে চলেছেন। আল সাদের বিপক্ষে গোলটি ছিল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে তাঁর ১৪ ম্যাচে ১১তম গোল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনিতে চলনবিল পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


শীতের আগমনিতে চলনবিল পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে

॥ ফারাজী আহম্মদ রফিক বাবন ॥

নাটোর, ২৫ নভেম্বর ২০২৬ : প্রকৃতিতে শীতের আগমনের বার্তা জানান দিতে শুরু করেছে হেমন্তের দিন। এই শীতের আগমনের সাথে সাথে চলনবিল পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। চারিদিকে দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া ও শামুক পাখিদের প্রিয় খাদ্য। এসব খাবারের সন্ধানে চলনবিল এখন পাখিদের জন্য একটি আকর্ষণীয় বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে।

দেশের সর্ববৃহৎ চলনবিল নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ১২টি উপজেলায় বিস্তৃত, যার আয়তন এক হাজার বর্গ কিলোমিটারের বেশি ছিলো। বর্তমানে বিলের আয়তন সংকুচিত হয়ে ৩৬০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। নাটোরের সিংড়া উপজেলা চলনবিলের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

চলনবিলে দেশীয় পাখির মধ্যে সাদা বক, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা এবং ঘুঘু পাখি উল্লেখযোগ্য সংখ্যায় দেখা যায়। পরিযায়ী পাখির মধ্যে বালিহাঁস, শামুকখোল, রাজসরালি এবং কাদাখোঁচা অন্তর্ভুক্ত রয়েছে।

এখন সোনালি ধানের আবাদি জমি সোনালি রঙ ধারণ করেছে। সোনালি ধানের ক্ষেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, শীষকাটা পোকা এবং পোকাদের লার্ভা পাখিদের খাদ্য হিসেবে কাজ করছে। পাশাপাশি বিস্তীর্ণ জলাভূমিতে পানি কমে গেছে, যা জলাধারের মাছ, কাঁকড়া ও শামুক পাখিদের জন্য প্রিয় খাবার।

আকাশে পাখিদের দলবেঁধে উড়তে থাকা এবং আবাদি জমি কিংবা জলাভূমিতে অবাধ বিচরণ প্রকৃতিকে অপার এক পূর্ণতা দিচ্ছে। পাখিদের এই সহাবস্থান পাখিপ্রেমীদের মনে আনন্দের সঞ্চার করছে। পাখি ছাড়া চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য যেন অসম্পূর্ণ।

তবে শিকারিদের আক্রমণে মাঝে মাঝে প্রাণ দিতে হচ্ছে পাখিদের। সুযোগ সন্ধানী শিকারিরা পাখিদের কণ্ঠ থেকে গান কেড়ে নিচ্ছে। হঠাৎ পাখির কলতান ভয়ার্ত ধ্বনিতে পরিণত হচ্ছে। পাখি শিকারে ব্যবহৃত হচ্ছে কারেন্ট জাল এবং বিশেষ ফাঁদ ‘কিল্লাঘর’। এছাড়া সীমিত পরিমাণে এয়ার গানও ব্যবহার করা হচ্ছে।

পাখি শিকার রোধে উপজেলা প্রশাসন এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় সংগঠন তৎপর রয়েছে। স্থানীয় প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষাকারী সংগঠন বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। পাখি ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনগুলো নিয়মিত উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ এবং অভিযান পরিচালনা করছে।

সম্প্রতি চলনবিল সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে উদ্ধার করা শত শত পাখি অবমুক্ত করা হয়েছে। বিপুল পরিমাণ কারেন্ট জাল ও কিল্লা ফাঁদ জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। শিকারিদের কারাদণ্ড ও আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। দুইটি এয়ার গানও জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন তিনজন পাখি শিকারিকে একদিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে, তিনজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, একজনকে সাত হাজার টাকা জরিমানা এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উত্তরের জেলা থেকে আগত নৃ-জনগোষ্ঠীর শিকার করা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত তিন টন শামুক ও ঝিনুক জব্দ করে চলনবিলে অবমুক্ত করা হয়েছে। তিন শামুক শিকারিকে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, চলনবিলের পাখি আবাদি জমি থেকে ক্ষতিকর পোকামাকড় শিকার করে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে। তাই তাদের মেরে ফেললে কৃষির জন্যই ক্ষতিকর।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাসস’কে বলেন, এক যুগের বেশি সময় ধরে আমরা পাখিদের সুরক্ষায় কাজ করছি। বিলের দুর্গম এলাকায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাখি শিকারের প্রস্তুতির তথ্য জানালে তথ্যদাতাকে উপহার প্রদান করি। যাতে সাধারণ মানুষও পাখিদের রক্ষায় অনুপ্রাণিত হয়।

চলনবিলের পাখি রক্ষায় প্রশাসনেরও রয়েছে সক্রিয় অবস্থান এবং সতর্ক দৃষ্টি। প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি গুলতি হাতে মার্বেল দিয়ে পাখি মারতে নিশানা করছিল স্কুলের কয়েকজন শিক্ষার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম শিক্ষার্থীদের বলেন, ‘পাখি আমাদের পরম বন্ধু। তাদের ক্ষতি করলে আমাদেরই ক্ষতি।’ তার কথায় উদ্বুদ্ধ হয়ে সব শিক্ষার্থী গুলতি আর মার্বেল জমা দিয়ে আর কখনো পাখি শিকার না করার অঙ্গীকার করে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বাসস’কে বলেন, পাখির কলতানে মুখর এখন চলনবিল। এই সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে। পাখিদের সুরক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সচেতনতামূলক কার্যক্রম এবং অভিযানে প্রশাসন সহযোগিতা করছে। পাখি শিকারিদের আইনের আওতায় আনা হচ্ছে। চলনবিল পাখিদের খাদ্যের প্রাচুর্যময় একটি এলাকা। তাই এখানে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যরাতে উত্তাল চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


মধ্যরাতে উত্তাল চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা সমাধান এবং আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য শিক্ষার্থীরা এক জরুরি মতবিনিময় সভা আয়োজন করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়, যা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। সভার পর শিক্ষার্থীরা মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানবো না, শরীফুল মানি না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভা থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আরেকটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।

২৩ নভেম্বর (সোমবার) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আলোচনা করা বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করার জন্য এবং চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এ জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এতে সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, নতুন কর্মসূচি ঘোষণা এবং শিক্ষক সমিতির জরুরি সভা নিয়ে চুয়েটের চলমান অচলাবস্থা সমাধানে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজেনকোটের সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেল ইয়াশার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


আইজেনকোটের সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেল ইয়াশার পার্টি

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রথম জোটসঙ্গী পেয়েছেন। তাঁর নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার ফলে আইজেনকোট সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।

এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠন কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির নেতা আইজেনকোট ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা জোট গঠনে সম্মত হন। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত সমঝোতা।

ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। এ কারণে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট। নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি।

এমন পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

এই সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে কোনো পক্ষের পক্ষে সরকার গঠন সম্ভব না হওয়ায় আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।

নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। তা সত্ত্বেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তারা। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩।

অন্যদিকে মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও আইজেনকোটের সম্ভাব্য জোটসঙ্গীদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। তবে সরকার গঠনে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।

নির্বাচনে আইজেনকোটের দল পেয়েছে ২১টি আসন। অন্যদিকে লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাঁদের জোট গঠনের সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। একইভাবে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন তিনি। এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, তাঁর প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।

এদিকে আইজেনকোট, তাঁর ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়েও আলোচনা চলছে। তবে এ উদ্যোগের কারণে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে তারা। লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোটের আলোচনা এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থার কারণে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটস পার্টি আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে। তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%