প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা সমাধান এবং আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য শিক্ষার্থীরা এক জরুরি মতবিনিময় সভা আয়োজন করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়, যা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। সভার পর শিক্ষার্থীরা মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানবো না, শরীফুল মানি না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভা থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আরেকটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
২৩ নভেম্বর (সোমবার) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আলোচনা করা বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করার জন্য এবং চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এ জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এতে সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, নতুন কর্মসূচি ঘোষণা এবং শিক্ষক সমিতির জরুরি সভা নিয়ে চুয়েটের চলমান অচলাবস্থা সমাধানে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন