ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্যরাতে উত্তাল চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ


মধ্যরাতে উত্তাল চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা সমাধান এবং আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য শিক্ষার্থীরা এক জরুরি মতবিনিময় সভা আয়োজন করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়, যা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। সভার পর শিক্ষার্থীরা মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানবো না, শরীফুল মানি না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভা থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আরেকটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।

২৩ নভেম্বর (সোমবার) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আলোচনা করা বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করার জন্য এবং চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এ জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এতে সমিতির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, নতুন কর্মসূচি ঘোষণা এবং শিক্ষক সমিতির জরুরি সভা নিয়ে চুয়েটের চলমান অচলাবস্থা সমাধানে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজেনকোটের সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেল ইয়াশার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


আইজেনকোটের সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেল ইয়াশার পার্টি

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রথম জোটসঙ্গী পেয়েছেন। তাঁর নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার ফলে আইজেনকোট সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।

এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠন কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির নেতা আইজেনকোট ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা জোট গঠনে সম্মত হন। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত সমঝোতা।

ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। এ কারণে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট। নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি।

এমন পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

এই সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে কোনো পক্ষের পক্ষে সরকার গঠন সম্ভব না হওয়ায় আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।

নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। তা সত্ত্বেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তারা। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩।

অন্যদিকে মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও আইজেনকোটের সম্ভাব্য জোটসঙ্গীদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। তবে সরকার গঠনে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।

নির্বাচনে আইজেনকোটের দল পেয়েছে ২১টি আসন। অন্যদিকে লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাঁদের জোট গঠনের সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। একইভাবে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন তিনি। এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, তাঁর প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।

এদিকে আইজেনকোট, তাঁর ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়েও আলোচনা চলছে। তবে এ উদ্যোগের কারণে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে তারা। লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোটের আলোচনা এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থার কারণে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটস পার্টি আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে। তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউলের গুম-খুনের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


জিয়াউলের গুম-খুনের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন চলছে

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন চলছে।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন পক্ষে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সেখানে অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত রয়েছেন। এই মামলার যুক্তি উপস্থাপন সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

গতকাল জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপন করে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতার চিত্র তুলে ধরেন। সেই সাথে এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়।

গতকাল প্রথম দিনের যুক্তি উপস্থাপনের এক পর্যায়ে চিফ প্রসিকিউটর ট্র্যাইব্যুনালকে বলেন, ‘আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম 'মনস্টার' কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যাতে গায়ে না লাগে সেজন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেয়া।’

সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা গতকাল ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। জিয়াউল আহসানের গুম-খুনের এই মামলায় যুক্তি উপস্থাপনের প্রথম দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের এই মামলা রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তায় ড্রোন ও ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তায় ড্রোন ও ক্যামেরা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজিবি মোতায়েন করা জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার দাবি ‘উন্মাদনা’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার দাবি ‘উন্মাদনা’

মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ‘উন্মাদনা’ এবং ‘হাস্যকর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেছেন, "একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা বিশ্বে বিরল।" তাঁর মতে, এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এজন্য তিনি ভারতের দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে ঢাকায় ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

আমিনুল ইসলাম আরও বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির পক্ষে এ ধরনের দাবি তোলার ঘটনা নজিরবিহীন। তিনি মুখপাত্রের বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেছেন এবং এটিকে উন্মাদনা ছাড়া কিছুই মনে করেন। তাঁর মতে, এ ধরনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থান নেওয়ার পর শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য একটি সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেছেন। মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা সরকারের করা উচিত।

এছাড়া দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠিয়েছে ব্রিটিশ আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলস আবার চিঠি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং দিল্লি ও সীমান্তবর্তী এলাকায় সংবাদ সম্মেলন করার বিষয়ে সরকারের ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, "বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তারা কী করছে, সে বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।" তিনি উল্লেখ করেন, অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি জানানো যেতে পারে।

আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দলটির সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, "দলটির নেতাকর্মীরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববাসীর কাছে নিজেদের দুষ্কৃতকারী ও খুনি হিসেবে তুলে ধরছেন।"

তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগ কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবিতে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। সরকারের একজন প্রতিমন্ত্রী এই অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ ও বিস্তারিত তথ্য জানানো হবে।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুনানি নিয়েও কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মামলার যুক্তিতর্ক চলছে এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোও শুনানিটি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর উল্লেখ করে আমিনুল ইসলাম তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য আনুষঙ্গিক সাজাও চাইবে বলে জানান তিনি। এ সময় জিয়াউল আহসানকে ঘিরে গুরুতর হত্যার অভিযোগের কথা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, "তাঁর বিরুদ্ধে এককভাবে ১১৫ জনের বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে।" তবে এসব বক্তব্য ও অভিযোগ বিচারাধীন মামলার অংশ।

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন গুমের স্বীকার ব্যক্তিদের স্বজনদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

তিনি বলেন, "এক যুগেরও বেশি সময় ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যার স্বীকার পরিবারগুলো ন্যায়বিচারের দাবিতে লড়াই করছেন।" এসব পরিবার ঐক্যবদ্ধ ছিল বলেই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

সানজিদা ইসলাম তুলি বলেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের স্বীকার হয়েছেন। তাঁদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে কীভাবে মানুষ হত্যা ও গুমের কাজে ব্যবহার করা হয়েছে, তা উন্মোচনের দাবি জানান তিনি। গোপন বন্দিশালায় নির্যাতন, লিথাল ইঞ্জেকশন ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগের পাশাপাশি হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনার সত্যতা উদঘাটনের দাবি জানান তিনি।

তুলির ভাষ্য, "গোপন বন্দিশালায় কীভাবে নির্যাতন করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছে, তা দেশবাসীর জানা প্রয়োজন।" প্রতিটি গুম ও হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচার চান তাঁরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%