০৩:০০ পি.এম
॥ ফারাজী আহম্মদ রফিক বাবন ॥
নাটোর, ২৫ নভেম্বর ২০২৬ : প্রকৃতিতে শীতের আগমনের বার্তা জানান দিতে শুরু করেছে হেমন্তের দিন। এই শীতের আগমনের সাথে সাথে চলনবিল পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। চারিদিকে দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া ও শামুক পাখিদের প্রিয় খাদ্য। এসব খাবারের সন্ধানে চলনবিল এখন পাখিদের জন্য একটি আকর্ষণীয় বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে।
দেশের সর্ববৃহৎ চলনবিল নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ১২টি উপজেলায় বিস্তৃত, যার আয়তন এক হাজার বর্গ কিলোমিটারের বেশি ছিলো। বর্তমানে বিলের আয়তন সংকুচিত হয়ে ৩৬০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। নাটোরের সিংড়া উপজেলা চলনবিলের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
চলনবিলে দেশীয় পাখির মধ্যে সাদা বক, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা এবং ঘুঘু পাখি উল্লেখযোগ্য সংখ্যায় দেখা যায়। পরিযায়ী পাখির মধ্যে বালিহাঁস, শামুকখোল, রাজসরালি এবং কাদাখোঁচা অন্তর্ভুক্ত রয়েছে।
এখন সোনালি ধানের আবাদি জমি সোনালি রঙ ধারণ করেছে। সোনালি ধানের ক্ষেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, শীষকাটা পোকা এবং পোকাদের লার্ভা পাখিদের খাদ্য হিসেবে কাজ করছে। পাশাপাশি বিস্তীর্ণ জলাভূমিতে পানি কমে গেছে, যা জলাধারের মাছ, কাঁকড়া ও শামুক পাখিদের জন্য প্রিয় খাবার।
আকাশে পাখিদের দলবেঁধে উড়তে থাকা এবং আবাদি জমি কিংবা জলাভূমিতে অবাধ বিচরণ প্রকৃতিকে অপার এক পূর্ণতা দিচ্ছে। পাখিদের এই সহাবস্থান পাখিপ্রেমীদের মনে আনন্দের সঞ্চার করছে। পাখি ছাড়া চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য যেন অসম্পূর্ণ।
তবে শিকারিদের আক্রমণে মাঝে মাঝে প্রাণ দিতে হচ্ছে পাখিদের। সুযোগ সন্ধানী শিকারিরা পাখিদের কণ্ঠ থেকে গান কেড়ে নিচ্ছে। হঠাৎ পাখির কলতান ভয়ার্ত ধ্বনিতে পরিণত হচ্ছে। পাখি শিকারে ব্যবহৃত হচ্ছে কারেন্ট জাল এবং বিশেষ ফাঁদ ‘কিল্লাঘর’। এছাড়া সীমিত পরিমাণে এয়ার গানও ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী
পাখি শিকার রোধে উপজেলা প্রশাসন এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় সংগঠন তৎপর রয়েছে। স্থানীয় প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষাকারী সংগঠন বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। পাখি ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনগুলো নিয়মিত উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ এবং অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি চলনবিল সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে উদ্ধার করা শত শত পাখি অবমুক্ত করা হয়েছে। বিপুল পরিমাণ কারেন্ট জাল ও কিল্লা ফাঁদ জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। শিকারিদের কারাদণ্ড ও আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। দুইটি এয়ার গানও জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন তিনজন পাখি শিকারিকে একদিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে, তিনজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, একজনকে সাত হাজার টাকা জরিমানা এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উত্তরের জেলা থেকে আগত নৃ-জনগোষ্ঠীর শিকার করা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত তিন টন শামুক ও ঝিনুক জব্দ করে চলনবিলে অবমুক্ত করা হয়েছে। তিন শামুক শিকারিকে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, চলনবিলের পাখি আবাদি জমি থেকে ক্ষতিকর পোকামাকড় শিকার করে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে। তাই তাদের মেরে ফেললে কৃষির জন্যই ক্ষতিকর।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাসস’কে বলেন, এক যুগের বেশি সময় ধরে আমরা পাখিদের সুরক্ষায় কাজ করছি। বিলের দুর্গম এলাকায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাখি শিকারের প্রস্তুতির তথ্য জানালে তথ্যদাতাকে উপহার প্রদান করি। যাতে সাধারণ মানুষও পাখিদের রক্ষায় অনুপ্রাণিত হয়।
চলনবিলের পাখি রক্ষায় প্রশাসনেরও রয়েছে সক্রিয় অবস্থান এবং সতর্ক দৃষ্টি। প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি গুলতি হাতে মার্বেল দিয়ে পাখি মারতে নিশানা করছিল স্কুলের কয়েকজন শিক্ষার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম শিক্ষার্থীদের বলেন, ‘পাখি আমাদের পরম বন্ধু। তাদের ক্ষতি করলে আমাদেরই ক্ষতি।’ তার কথায় উদ্বুদ্ধ হয়ে সব শিক্ষার্থী গুলতি আর মার্বেল জমা দিয়ে আর কখনো পাখি শিকার না করার অঙ্গীকার করে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বাসস’কে বলেন, পাখির কলতানে মুখর এখন চলনবিল। এই সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে। পাখিদের সুরক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সচেতনতামূলক কার্যক্রম এবং অভিযানে প্রশাসন সহযোগিতা করছে। পাখি শিকারিদের আইনের আওতায় আনা হচ্ছে। চলনবিল পাখিদের খাদ্যের প্রাচুর্যময় একটি এলাকা। তাই এখানে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি।
আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন