প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রথম জোটসঙ্গী পেয়েছেন। তাঁর নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার ফলে আইজেনকোট সরকার গঠনের পথে এক ধাপ এগিয়েছেন। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠন কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির নেতা আইজেনকোট ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা জোট গঠনে সম্মত হন। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত সমঝোতা।
ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। এ কারণে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট। নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি।
এমন পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
এই সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে কোনো পক্ষের পক্ষে সরকার গঠন সম্ভব না হওয়ায় আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।
নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। তা সত্ত্বেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তারা। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩।
অন্যদিকে মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও আইজেনকোটের সম্ভাব্য জোটসঙ্গীদের সম্মিলিত আসনসংখ্যা ৪৮। তবে সরকার গঠনে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।
নির্বাচনে আইজেনকোটের দল পেয়েছে ২১টি আসন। অন্যদিকে লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাঁদের জোট গঠনের সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। একইভাবে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন তিনি। এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, তাঁর প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।
এদিকে আইজেনকোট, তাঁর ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়েও আলোচনা চলছে। তবে এ উদ্যোগের কারণে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে তারা। লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোটের আলোচনা এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থার কারণে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনে ডেমোক্র্যাটস পার্টি আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে। তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন