০৪:১৫ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস। জাতিসংঘের এ সংস্থার প্রধান হিসেবে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর ভেনেজুয়েলায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির ওষুধ ও টিকা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে চিকিৎসাসামগ্রীর সংকট ও হাসপাতালের অবকাঠামোর অবনতির কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত একটি গভীর সংকটের মধ্যে রয়েছে।
আরও পড়ুন: গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী
ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো মহাপরিচালকের এটাই প্রথম ভেনেজুয়েলা সফর। তাকে এখানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’
তবে, এ সহযোগিতার জন্য নির্দিষ্ট কোনো অর্থায়ন বা বিনিয়োগের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ভেনেজুয়েলার কর্মকর্তারা প্রকাশ করেননি।
সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘকাল ধরে টানাপোড়েন চলছিল। স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে মতবিরোধ এবং দেশে স্বাস্থ্য সংকট রয়েছে বলে মাদুরোর অস্বীকৃতির কারণে এ সম্পর্কের অবনতি ঘটে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো আটক হন। এরপর ওয়াশিংটন-সমর্থিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আবারও সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আর্জেন্টিনার তেল উত্তোলন বন্ধের আবেদন খারিজ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল বৃহস্পতিবার ভেনেজুয়েলায় পৌঁছায়। তারা দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানী কারাকাসের একটি টিকা উৎপাদনকেন্দ্র এবং কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন।
দেশে টিকা উৎপাদনে সহযোগিতার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও ভেনেজুয়েলার সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে নতুন কয়েকটি টিকা যুক্ত করা হবে। পাশাপাশি আগে কর্মসূচিতে থাকলেও পরে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি টিকাও আবার চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) সঙ্গে যৌথভাবে কাজ করবে ভেনেজুয়েলা।
আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন