প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত টেকসই পর্যটন বিকাশের জন্য নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরেছেন এবং বলেছেন যে, সরকার সকলের জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়।
মন্ত্রী বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।’
আজ রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।’
মন্ত্রী বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে এ লক্ষ্য অর্জনের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।
তিনি বলেন, পর্যটন মানুষের প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
এ প্রসঙ্গে তিনি দেশের পাহাড়, উপকূলীয় অঞ্চল, নদ-নদী, হাওর, বনভূমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী উল্লেখ করেন যে, এসব সম্পদ পর্যটন খাতের দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।
‘মিডিয়া রান-২০২৬’ প্রসঙ্গে তিনি কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রগুলোতেও এ ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
‘পর্যটনের জন্য দৌড়, নির্মল বায়ুর জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।
সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে।
পরে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন