ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুতিন উদ্বোধন করলেন নতুন পারমাণবিক সাবমেরিন, ২০৩০ সালের মধ্যে আরও পাঁচটি যুক্ত করার ঘোষণা


পুতিন উদ্বোধন করলেন নতুন পারমাণবিক সাবমেরিন, ২০৩০ সালের মধ্যে আরও পাঁচটি যুক্ত করার ঘোষণা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করেছেন।

এছাড়া তিনি ২০৩০ সালের মধ্যে রুশ নৌবহরে আরও পাঁচটি এ ধরনের সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

ক্রেমলিনের প্রকাশিত ভিডিও ফুটেজে এই তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় পুতিন ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুতিন মন্তব্য করেন, ‘রাশিয়া বিশ্বের সেই গুটিকয়েক দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আর্জেন্টিনার তেল উত্তোলন বন্ধের আবেদন খারিজ

পানির নিচে গোপনে দীর্ঘ সময় চলাচলের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও এসব সাবমেরিন থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় থাকে।

পুতিন জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির, যা নতুন সাবমেরিন ‘পার্ম’ অন্তর্ভুক্ত।

তিনি আরও উল্লেখ করেন, এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে এবং বিশ্বের ‘যেকোনো সমুদ্র এলাকায়’ অভিযান চালাতে সক্ষম।

আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহী, ২৮ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভূমি কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তাদের দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী মন্তব্য করেন, ভূমিদস্যুদের প্রতি কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। ভূমি অফিসগুলোতে যাতে ভূমিদস্যুরা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সাধারণ সেবাপ্রত্যাশীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকার ভূমি সম্পর্কিত জটিলতা ও হয়রানি দূর করার জন্য কাজ করছে। আজকের কর্মশালা এই উদ্যোগের একটি অংশ।

মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যে, তারা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাবেন।

তিনি উল্লেখ করেন, অন্যায় ও অনিয়মের জন্য শুধু এই দুনিয়াতেই নয়, পরকালে জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের জীবনে শান্তি নেই। এমনকি মৃত্যুর আগে তাদের কষ্ট ভোগ করতে হয়েছে।

ভূমিমন্ত্রী সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি ভূমি মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।

রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।

কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মাচাদোর মতামত সংগ্রহে সাধারণ মানুষের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মাচাদোর মতামত সংগ্রহে সাধারণ মানুষের উচ্ছ্বাস

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানী কারাকাসের নিকটবর্তী একটি বিশাল শ্রমজীবী এলাকার বাসিন্দারা "আগামীকাল, আগামীকাল" স্লোগান দিয়ে নির্বাচনের দাবি জানিয়েছেন।

ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছেন নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

এই উদ্যোগের লক্ষ্য হলো গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে বসবাসকারী ভেনেজুয়েলাবাসীর প্রস্তাব সংগ্রহ করা। ওয়াশিংটন নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ১১ মাস পর এই উদ্যোগ গ্রহণ করা হলো।

বার্তা সংস্থা এএফপি কারাকাস থেকে এ তথ্য জানিয়েছে।

মাচাদোর দলের ভাষ্য অনুযায়ী, এই পরামর্শ কার্যক্রম কয়েক মাস ধরে চলবে এবং এতে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফিরে ওয়াশিংটন-সমর্থিত সরকার ও কয়েকটি বিরোধী দলের সঙ্গে চলমান ক্ষমতা হস্তান্তরের আলোচনায় মাচাদোকে অন্তর্ভুক্ত করা হয়নি।

মানুষকে এই উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ করতে তিনি রাজধানীর নিকটবর্তী পেতারে এলাকা সহ শ্রমজীবী মানুষের তিনটি স্থানে যান। সেখানে তিনি ছোট ছোট জনতার সঙ্গে মিশে কথা বলেন।

মাচাদোকে দেখেই উপস্থিত লোকজন "মুক্তি চাই" বলে চিৎকার করে ওঠেন। অনেকেই তাকে চুমু দেন, জড়িয়ে ধরেন, কিছু লোক আবেগে কেঁদে ফেলেন এবং কারও কণ্ঠ আবেগে কেঁপে ওঠে। সবাই তার সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন।

কাম্পো-রিকো এলাকার একটি ছোট বারান্দায় বড় একটি কম্পিউটার পর্দার সামনে প্রায় ৩০ জন জড়ো হন। মাচাদোর দলের তৈরি "পুন্তো দে আকুয়েরদো" (সমঝোতার ক্ষেত্র) নামের অনলাইন প্ল্যাটফর্মে তারা প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন।

প্রশ্নগুলোতে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মজুরি, পেনশন, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা এবং বিশেষভাবে নির্বাচনের বিষয় উঠে আসে।

অংশগ্রহণকারীরা ২০২৭ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। তবে মাদুরোর স্থলাভিষিক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও বিষয়টি বিলম্বিত করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।

২০২৪ সালের নির্বাচনে বিরোধীরা মোট ভোটের প্রায় ৮০ শতাংশ কেন্দ্রের ফলাফলপত্র সংগ্রহ করেছিল। এসব ফলাফলপত্রে দেখা যায়, তাদের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

তবে সাইবার হামলার অজুহাত দেখিয়ে সরকার কখনো বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।

কর্মী জোনাতান মোলানো মাচাদোকে বলেন, "এখানকার মানুষ ফলাফলপত্র সংগ্রহ করেছিলেন। তারা নাগরিক পরিষদের অংশ। এখানে তারা আলোচনা করছেন, ভবিষ্যতের দেশ কীভাবে গড়ে তোলা যায়। আপনি যে সরকারের নেতৃত্ব দেবেন, সেই সরকারের জন্য তারা বিভিন্ন ধারণা নিয়ে বিতর্ক করছেন।"

সংকট মোকাবিলার উদ্যোগ-

এক মাস আগে নির্বাসন থেকে দেশে ফিরে বিরোধীদলীয় এই নেতা নিজের সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি নিজ দলের বাইরের মানুষকেও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন।

বুধবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি "বিদ্বেষহীন সত্য এবং প্রতিশোধহীন ন্যায়বিচারের" ভিত্তিতে রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, "পুন্তো দে আকুয়েরদো" কর্মসূচির লক্ষ্য হলো একটি অভিন্ন কর্মসূচির আওতায় "সব ভেনেজুয়েলাবাসীকে" একত্র করা।

পশ্চিম কারাকাসের শ্রমজীবী মানুষের এলাকা লা ভেগায় এক সমাবেশে অংশ নিয়ে মাচাদো বলেন, "এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বহিঃপ্রকাশ। নতুন প্রজাতন্ত্রের ভিত্তি হবে এই উদ্যোগ।"

তিনি বলেন, "আমাদের শিশুদের যে সংকট মোকাবিলা করতে হচ্ছে, তা আমরা সমাধান করব। ৪ লাখ নয়, ৪০ লাখ শিশু স্কুলে যায় না। তাই তো? অবসরপ্রাপ্ত ব্যক্তিরা মাসে মাত্র এক ডলার পেনশন পান। অথচ ওষুধ কেনার সামর্থ্য তাদের নেই।"

মাচাদো আরও বলেন, "১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আর কত? আমরা এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করব। মানুষের যত্ন নেওয়ার মধ্য দিয়ে দেশকে আবার সচল করে তুলব।"

"পুন্তো দে আকুয়েরদো" প্ল্যাটফর্মের মহাপরিচালক ফাবিও ভ্যালেন্তিনি বলেন, "এখান থেকে সংগৃহীত মতামত নিঃসন্দেহে মারিয়া কোরিনার সরকারের কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখবে। এ পর্যায়ে আমরা মানুষের কাছে প্রজাতন্ত্রের ভিত্তি নির্ধারণকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলো সম্পর্কে জানতে চাইছি।"

২০ বছর বয়সী স্থাপত্যের শিক্ষার্থী হোর্হে পুলিদো শ্রমজীবী মানুষের এলাকা আন্তিমানোর একটি বাড়ির ছাদে মাচাদোর সঙ্গে দেখা করতে পেরে গভীরভাবে আবেগাপ্লুত হন। প্রশ্নমালাটিও তার ভালো লেগেছে।

তিনি বলেন, "আমার মনে হয়, এতে পুরো দেশের বিষয়গুলো খুব ভালোভাবে উঠে এসেছে। সব নাগরিক এতে অংশ নিচ্ছেন। আমরা সবাই যেন এক পরিবারের সদস্য। এখন আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের নেত্রী মারিয়া কোরিনার এই প্রক্রিয়া এগিয়ে নিতে আমাদের সহযোগিতা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুটিন খাবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুটিন খাবার

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : কানাডার জনপ্রিয় খাবার ‘পুটিন’ এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) স্থান পেতে যাচ্ছে। কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ) শুক্রবার জানায়, এটি কানাডীয় নভোচারী জোশুয়া কুট্রিকের জন্য বিশেষ খাবার হিসেবে পাঠানো হচ্ছে।

তবে, মহাকাশযাত্রার জন্য খাবারটি উপযোগী করতে তার প্রচলিত রেসিপিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ফরাসিভাষী প্রদেশ কুইবেকের এই জনপ্রিয় খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি বা মাংসের ঝোলজাতীয় সস এবং পনিরের বিশেষ টুকরা দিয়ে তৈরি করা হয়। কিন্তু মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ধারিত খাদ্যসংক্রান্ত নির্দেশনা মেনে কানাডিয়ান স্পেস এজেন্সি কুইবেকের শেফ ইভস লোয়ের সহযোগিতায় তৈরি করেছে দুগ্ধজাত উপাদানমুক্ত ‘স্পেস ভেগান পুটিন’।

ইভস লোয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) মন্ট্রিল কানাডিয়ানস দলের প্রধান শেফ হিসেবেও কাজ করছেন।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি কল্পনা করেছি, জোশুয়া যখন তার প্রিয় পুটিন খাবারটি খাবেন, তখন তার মনে হবে তিনি যেন নিজের বাড়ির পরিবেশ ফিরে পেয়েছেন।’

খাবারটি বিশেষ প্রক্রিয়ায় পানি অপসারণ করে সংরক্ষণযোগ্য করা হয়েছে, যাকে বলা হয় ফ্রিজ-ড্রাইং। চলতি সপ্তাহান্তে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, এটি মহাকাশ স্টেশনের রসদ সরবরাহ অভিযানের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানদের ভালোবাসার বার্তায় কেঁদে ফেললেন ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


সন্তানদের ভালোবাসার বার্তায় কেঁদে ফেললেন ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি নতুন প্রামাণ্যচিত্রে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ক্যাথরিনকে চোখের পানি মুছতে দেখা গেছে। সেখানে তার তিন সন্তানের ভালোবাসা ও সমর্থনের বার্তা শুনে তিনি আবেগ ধরে রাখতে পারেননি।

৪৪ বছর বয়সী ক্যাথরিন, যিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী, ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রে যুক্তরাজ্যের অন্যতম পরিচিত শারীরিক সক্ষমতা যাচাইয়ের আয়োজিত ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’-এ অংশ নিতে দেখা যায়।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত জুনে তিনি এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন। এতে অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বত আরোহণ করতে হয়।

ইংল্যান্ডের স্ক্যাফেল পাইক পর্বতের চূড়ায় ওঠার সময় এক আবেগঘন দৃশ্যে ক্যাথরিনের ভাই তার তিন সন্তান জর্জ, শার্লট ও লুইয়ের পাঠানো বার্তা শোনান।

এ সময় ক্যাথরিনকে বলতে শোনা যায়, ‘হাসপাতাল থেকে বেরিয়ে আসার কারণ ছিল আমার সন্তানেরা। এই চ্যালেঞ্জ শেষ করার প্রেরণাও তারাই জোগাবে।’

তার আট বছর বয়সী ছোট ছেলে প্রিন্স লুই বার্তায় বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে খুব ভালোবাসি। আশা করি, তুমি পাহাড়ে ওঠার সময় ভালো করবে।’

সে আরও বলে, ‘মনে রেখো, আমি সব সময় তোমার হৃদয়ে আছি। আর মনে রেখো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বিদায়।’

কেট নামেও পরিচিত ক্যাথরিন ২০২৪ সালের মার্চে জানান, তার শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। তবে কী ধরনের ক্যানসার, তা প্রকাশ করেননি তিনি। এ সময় তিনি কেমোথেরাপি নিচ্ছিলেন।

একই সময়ে তার শ্বশুর ৭৮ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের শরীরেও ক্যানসার শনাক্ত হয়।

প্রামাণ্যচিত্রে ক্যাথরিন বলেন, ‘ক্যানসার কিংবা দীর্ঘমেয়াদি যেকোনো অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পথটি খুব নিঃসঙ্গ। তবে জীবনের কঠিন সময়গুলো আমাদের একা পার করার কথা নয়, তা স্পষ্ট।’

‘হিল’-

ক্যাথরিনের ১৩ বছর বয়সী ছেলে প্রিন্স জর্জের একটি বার্তাও তাকে শোনান তার ভাই জেমস। থ্রি পিকস চ্যালেঞ্জের স্ক্যাফেল পাইক পর্বে ক্যাথরিনের সঙ্গে ছিলেন তিনি। জর্জ মাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করে।

জর্জ বলেন, ‘আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। তুমি খুব ভালো করবে।’

তিনি আরও জানান, একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে মায়ের অগ্রগতির খবর রাখছেন। এরপর সে বলেন, ‘তোমাকে সত্যিই খুব শক্তিশালী মনে হচ্ছে। এগিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি।’

‘হিল’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে ক্যাথরিন নিজের ক্যানসারের অভিজ্ঞতার পাশাপাশি একই রোগের সঙ্গে লড়াই করা অন্যদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, তার ক্যানসার এখন প্রশমিত রয়েছে। প্রামাণ্যচিত্রে তার ১১ বছর বয়সী মেয়ে প্রিন্সেস শার্লটের একটি বার্তা সর্বশেষ শোনানো হয়।

শার্লট বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে হাঁটা ও চ্যালেঞ্জগুলো সম্পন্ন করছ, তাতে আমরা সবাই খুব গর্বিত। আমরা তোমার সাফল্য কামনা করি। আমি তোমার জন্য উচ্ছ্বাস প্রকাশ করব। শিগগিরই দেখা হবে।’

ততক্ষণে চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যাথরিন। তিনি বলেন, ‘কী মিষ্টি!’

এ সময় তার ভাই জানান, উইলিয়াম তাকে সন্তানদের বার্তাগুলো পাঠিয়েছিলেন এবং চূড়ায় পৌঁছানোর পর সেগুলো শোনানোর কথা বলেছিলেন।

ক্যানসার আক্রান্তদের সঙ্গে মতবিনিময়-

আগামী রোববার বিবিসিতে প্রচারিত হতে যাওয়া এই প্রামাণ্যচিত্রের অন্য অংশে ক্যাথরিন হাসপাতালে কাটানো সময়কে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘সময়টা সত্যিই খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। কারণ, এই অভিজ্ঞতা আমাকে জীবনের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।’

প্রামাণ্যচিত্রে লন্ডনের একটি পানশালায় ক্যানসার আক্রান্ত রোগী ও রোগমুক্ত ব্যক্তিদের নিয়ে আয়োজিত সহায়তা দলের বৈঠকেও ক্যাথরিনকে অংশ নিতে দেখা যায়।

সেখানে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে পারা এবং আপনাদের গল্প শোনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%