০২:৫৩ পি.এম
মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি তদারকি অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের সময় একটি ফার্মেসি এবং দুটি মুদি দোকানকে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রের বাড়ি বাজারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তার সাথে ছিলেন লৌহজং উপজেলা নিরাপদ খাদ্য ও স্যানেটারী ইন্সপেক্টর মো. নাজমুল হাসন। অভিযানের শুরুতে বাজারের বেপারী মেডিকেল নামের একটি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফার্মেসিটিতে ঔষধ রাখার তাকে বিক্রির জন্য সাজানো অবস্থায় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের গায়ে কলম দিয়ে দাম লিখে বিক্রির চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের অনুমোদনহীন বিভিন্ন বিদেশি ওষুধ সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে পরিচালিত অভিযানে দুটি মুদি দোকানকে অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
এর মধ্যে একটি মুদি দোকানকে জর্দা রঙের নামে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নন-ফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল কালার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি মুদি দোকানকে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে আসিফ আল আজাদ জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং খাবারে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন