০২:৫৫ পি.এম
॥ খোরশেদ আলম শিমুল ॥
চট্টগ্রাম (উত্তর), ২৫ নভেম্বর, ২০২৬ : সন্ধ্যার কাঁটা ৫টা ২০ মিনিট ছুঁই ছুঁই। মাদ্রাসা মসজিদে মুয়াজ্জিনের আজানের প্রস্তুতি চলছিল। একই সময়ে, এর লাগোয়া মন্দিরের পুরোহিতও পূজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। মুয়াজ্জিন ও পুরোহিত একই স্থানে, একই সময়ে ভিন্ন ধর্মের আরাধনার প্রস্তুতি নিলেও, তারা কখনোই একে অপরের প্রার্থনায় ব্যাঘাত ঘটান না। দুই পক্ষই সচেতন থাকে যাতে অন্য ধর্মের অনুসারীদের প্রার্থনায় কোনো বিঘ্ন না ঘটে। এই কারণে, উত্তর চট্টগ্ররের হাটহাজারী সদরে অবস্থিত কওমিদের শীর্ষ মাদ্রাসা ‘দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা’ এবং ‘শ্রী শ্রী সীতাকালী মন্দির’ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
জানা গেছে, এশিয়ার সর্ববৃহৎ ও প্রাচীন ইসলাম শিক্ষাকেন্দ্র হাটহাজারী মাদ্রাসার প্রধান জামে মসজিদের মাত্র ৫ গজের মধ্যে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী সীতাকালী মায়ের মন্দির। মসজিদ-মন্দিরের এই দৃশ্যই প্রমাণ করে যে, বাংলাদেশের মুসলমানরা কতটা সহনশীল জাতি এবং তারা উদার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছেন। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার ১২৬ বছরে, হিন্দু সম্প্রদায় ও জামিয়ার ছাত্র-শিক্ষকদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার নজির নেই। মন্দিরের চারপাশে হিন্দুদের অনেক দোকানপাট রয়েছে, যেখানে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা নিত্য বাজার-সদাই করেন।
আরও পড়ুন: বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার হুঁশিয়ারি ‘ফকির কমিটি’র সভাপতির
হাটহাজারী সদরে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃশ্য দেখা যায়। মাদ্রাসার মসজিদের পাশে একটি দেয়ালের দক্ষিণ পাশে অবস্থিত শ্রী শ্রী সীতাকালী মন্দির। একই সময়ে মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয়, অন্যদিকে মন্দিরে চলে সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানে বিশ্বাসের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও, কয়েকশ’ বছর ধরে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো ধরনের দূরত্ব তৈরি হয়নি। বরং, পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধের মাধ্যমে তারা নিজেদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে, মাদ্রাসা মসজিদে মুয়াজ্জিন ক্বারী রবিউল হাসান আজানের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক একই সময়ে, এর লাগোয়া মন্দিরের পুরোহিত বানু প্রসাদ ভট্টাচার্যও পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। মাদ্রাসার মুয়াজ্জিন ও পুরোহিত একই স্থানে, একই সময়ে ভিন্ন ধর্মের আরাধনার প্রস্তুতি নিলেও, তারা একে অপরের প্রার্থনায় ব্যাঘাত ঘটাননি। দুই পক্ষই সচেতন দৃষ্টি রেখেছে যাতে কেউ অন্য ধর্মের অনুসারীদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে না পারে। এই কারণে, হাটহাজারী সদরে অবস্থিত কওমিদের শীর্ষ মাদ্রাসা ‘দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা’ এবং ‘শ্রী শ্রী সীতাকালী মন্দির’ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ হয়ে আছে, যা যুগ যুগ ধরে স্থানীয়দের দেখা।
গতকাল মঙ্গলবার হাটহাজারী বাজারস্থ সীতাকালী মন্দিরে প্রবেশ করে দেখা গেল, মন্দিরের পুরোহিত ষাটোর্ধ্ব ভানু ভট্টাচার্য পূজা দিতে ব্যস্ত ছিলেন। তখন সন্ধ্যা ৫টা ২০ মিনিটে, তিনি পূজার কাজে নিয়োজিত ছিলেন। ঠিক একই সময়ে, ওই মন্দিরের সাথে লাগোয়া বড় মসজিদের মুয়াজ্জিন মাওলানা ক্বারী বরিউল মাগরিবের আজানের প্রস্তুতি নিচ্ছিলেন। দেয়ালের একদিকে পুরোহিত, আর অন্যদিকে মুয়াজ্জিন ভিন্ন ভিন্ন ধর্মের আরাধনার কাজ সম্পন্ন করলেও, কেউ কারো কর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতি মন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসস’কে জানান, হাটহাজারী মাদ্রাসার পাশে শ্রী শ্রী সীতাকালী মন্দীরে তাদের ধর্মীয় সকল কাজ পালন করার জন্য প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে, বিগত ৫ আগস্টের পর শ্রী শ্রী কালী মন্দিরসহ হাটহাজারী সকল সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানে দলের নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিয়েছেন। যাতে দুষ্কৃতকারীরা সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
আরও পড়ুন: জৈন্তা রাজবাড়ী ধ্বংসাবশেষ নতুন রূপে ফিরবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়
মীর হেলাল বলেন, হাটহাজারী একটি শান্তিপ্রিয় উপজেলা। এ উপজেলায় যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে, সে জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
‘শ্রী শ্রী সীতাকালী মন্দিরের’ সাবেক উপদেষ্টা ও পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিমুল কান্তি মাহজন বাসস’কে বলেন, বহির্বিশ্বে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অপ্রীতিকর হামলার ঘটনা ঘটলেও, এ উপজেলার চিত্র ছিল ভিন্ন। হিন্দু-মুসলিম দাঙ্গার সময়ও এখানে একে অপরের ওপর হামলা হয়নি, বরং মাদ্রাসার ছাত্ররাই পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছেন। শত বছর ধরে হিন্দু-মুসলিম যার যার অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন বাসস’কে বলেন, ১৯০১ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার দীর্ঘ ১২৬ বছরের ইতিহাসে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিংবা তাদের উপাসনালয়কে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনার নজির নেই। মাদ্রাসার সীমানা প্রাচীর ঘেঁষে অবস্থিত শতবর্ষী সীতাকালী মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই উভয় ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। দু’টি ভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অবস্থান এবং দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অসাধারণ দৃষ্টান্ত।
দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মাসিক মুঈনুল ইসলাম-এর সম্পাদক মাওলানা মুনির আহমদ বাসস’কে বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত হাটহাজারী মাদ্রাসার বায়তুল কারীম কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শতবর্ষী সীতাকালী মন্দির। দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন দীর্ঘ শত বছরের ইতিহাসে এখানে কোনো সাম্প্রদায়িক সংঘাতের নজির নেই। আমি মনে করি, এ সম্প্রীতি কেবল হাটহাজারীর গৌরব নয়; বরং বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের মানুষের সম্প্রীতিপূর্ণ সমাজ জীবন ও ধর্মীয় সহাবস্থানের একটি ইতিবাচক প্রতিচ্ছবি।
আরও পড়ুন: দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন