শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৯ পি.এম
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কুঁচকির চোটে আক্রান্ত হন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। ধারণা করা হচ্ছিল যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তার প্রত্যাবর্তন ঘটবে।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছেন, নরকিয়ার প্রথম টেস্টে অংশগ্রহণের সম্ভাবনা কম। তবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। সিরিজের সূচনা হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে।
কনরাড বলেন, “টেস্ট ম্যাচ চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিকভাবে যতটা খারাপ মনে হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে।
প্রোটিয়া কোচ আরও বলেন, “এখানে অনুষ্ঠিত দুটি টেস্টের অন্তত একটিতে, সম্ভবত দ্বিতীয়টিতে, তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। বর্তমানে ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হয়ে উঠবে বলে আশা করছি।”
যদিও নরকিয়া না খেলতে পারলেও দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি চিন্তিত হতে হচ্ছে না। তাদের দলে পেস বোলিংয়ের জন্য আরও ৫টি বিকল্প রয়েছে। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন প্রথম সারির বোলার হিসেবে পরিচিত, পাশাপাশি উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসনও পেস বোলিং করতে সক্ষম।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যা মামলায় তার সাবেক স্ত্রী, বর্তমান স্বামী এবং সাবেক স্ত্রীর বোনকে গ্রেফতার করেছে এসআরবি-১১।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, পরকীয়ার কারণে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫), যিনি খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এসআরবি-১১ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক বছর ধরে মুক্তার সেলিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হলে মুক্তা তাকে তালাক দেন। কিন্তু রাসেল বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি এবং তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন।
চলতি বছরের অক্টোবর মাসে মুক্তা সেলিমকে বিয়ে করেন। এই খবর জানার পর রাসেলের যাতায়াত মুক্তার বাড়িতে আরও বেড়ে যায়।
এসআরবি-১১ আরও জানায়, গত ৬ নভেম্বর মুক্তা মোবাইল ফোনে রাসেলকে তাদের বাড়িতে যেতে বলেন। রাসেল রাত ১০টার দিকে সেখানে পৌঁছান। এরপর বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তা পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন অন্যদের সহযোগিতায়।
হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ পাশের একটি পরিত্যক্ত ঘরে কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেওয়া হয় বলে জানায় এসআরবি-১১।
গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে।
রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে আটক করে। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে আটক তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে থাকবে না।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রতিটি কুঁড়ি পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটবে অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আমরা প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে শেষ করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অর্থের অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড দেয়া হবে। যারা এ নিয়ে দুর্নীতিতে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।’
অমিত জানান, ‘সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের কার্যক্রমই বিবেচ্য। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ডিলারশিপও বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে আমরা যেমন জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ একটি বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং মাদক কারবারি। শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে পুলিশ ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে।
উত্তরা পূর্ব থানার সূত্র অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০) রয়েছেন। তাকে গত ১৮ মার্চ ২০২৫ তারিখে দায়ের করা একটি সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, শামীম হোসেন (৩০) নামের একজন আসামিকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে অন্যান্য অপরাধ ও মাদক সেবনের দায়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে আরও ৯ জনকে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে মোঃ সাজেদুল ইসলাম (২৩), মোঃ দীপ্ত (২৬) ও মোঃ রায়হান (২৬) ১ পুড়িয়া করে গাঁজাসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া মোঃ মারুফ আহম্মেদ (২৪) ১টি গাঁজাভর্তি সিগারেটসহ, মোঃ হানিফ (৩৭) ২ পিস ইয়াবাসহ এবং মোঃ শোয়েইব শাওন (২৩) ও মোঃ মকবুল হোসেন (৩২) ১ পিস করে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন।
অন্যদিকে, অন্যান্য অপরাধের জন্য মোঃ ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০) এবং মোঃ শান্ত (১৯) গ্রেফতার হয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে উত্তরা বিভাগে সোপর্দ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের জন্য সুযোগ দেবে না।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও সঠিকভাবে বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের জন্য সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।
আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।’
মন্ত্রী গণমাধ্যমকে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেতিবাচক দিকের পাশাপাশি মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে।
আইনমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন যে, আমরা রাতারাতি সব পরিবর্তন করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব নয়, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।
সাংবাদিকদের অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। যখন মানুষ কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন তারা গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ