শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৩ পি.এম
হ্যারি কেইন ইংল্যান্ডের জার্সিতে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছেন। জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার বিশেষ দিনটি জয় দিয়ে স্মরণীয় করে রেখেছে ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।
আগেই পিটার শিলটনের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ভাগাভাগি করেছিলেন কেইন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ১২৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাধ্যমে এবার এককভাবে শীর্ষে উঠে আসেন এই তারকা ফরোয়ার্ড।
কেইনের রেকর্ড গড়ার ম্যাচ উপলক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে ছিল বাড়তি উন্মাদনা। ম্যাচের সকল টিকিট আগেই বিক্রি হয়ে যায়। মাঠে নামার পূর্বে ১২৬ লেখা একটি জার্সি উপহার দিয়ে কেইনকে অভিনন্দন জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচও তাকে বিশেষ স্মারক প্রদান করেন।
ম্যাচের ২৪ মিনিটে মরগান রজার্সের গোলে ইংল্যান্ড এগিয়ে যায়। কাছ থেকে নেওয়া একটি দারুণ শটে দলকে লিড এনে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে পিটার সুসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে দুই মিনিটের মধ্যেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষের বক্সে জ্যারেল কুয়েনসা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন কেইন।
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ড আগে থেকেই নিজের দখলে রেখেছেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ।
ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক মদ্রিচের প্রশংসা করেন কেইন। টটেনহ্যামে একসময় তার সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার এই অভিজ্ঞ মিডফিল্ডার। ৪১ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য মদ্রিচকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন ইংলিশ অধিনায়ক। তার মতে, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়ার কারণেই এখনো এমন উচ্চ পর্যায়ে খেলতে পারছেন মদ্রিচ।
এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেও তারা জায়গা করে নিয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০)-কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠিত হয়েছে। এসআরবি নিয়মিতভাবে দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
গত ১২ নভেম্বর রাত ১১টায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার ১ নং মামলার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছে।
এমন সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০), পিতা- মোঃ ইব্রাহিম আলী, সাং- লস্করহাটি, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ভিকটিম শিহাব রানা অটো রিকশার মালিক বিপ্লবের বাড়ি হতে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাহির হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় ভিকটিম শিহাবের মা শিরিন আক্তার গত ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নং- ১৪২২।
এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮ টার সময় গোদাগাড়ী থানার মোহনপুর ইউপির কলিপুর গ্রাম এলাকায় গোদাগাড়ী টু আমনুরা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক কামরুজ্জামানের ধানী জমিতে তার লাশ পাওয়া যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরে মাস্টার শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়ির উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু এবং একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
শিমুল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
তিনি জানান, সকালে ঘর থেকে বের হওয়ার পর তিনি উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে গালিগালাজ করে লেখা ছিল, ‘বেশি বাড়াবাড়ি করলে পথে মারা যাবি।’
পরে তিনি বিষয়টি পুলিশ ও বিএনপি নেতাদের অবহিত করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ উক্ত বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
এদিকে খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং রাজনৈতিক আলোচনা চলমান থাকায় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা ‘অপেক্ষা করার প্রবণতা’ রয়েছে কিনা, এ বিষয়ে জরুরি সচিব সভায় প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দিনের নিয়মিত কর্মসূচি শুরু হওয়ার পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা আহ্বান করা হয়। বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলা সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবেরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন করেন—প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কি কাজে গতি ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন? তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) বিলম্ব না করে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে চলমান শ্রমিক আন্দোলন এবং সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গৃহীত নানা উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে সভায় আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্জনগুলোর তথ্য সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক কর্মতৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
প্রশাসনের অভ্যন্তরে ‘ডিসেম্বর’ প্রসঙ্গটি মূলত সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করলে বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও ক্রিমিনাল। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? একজন ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’ তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা ওই আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আইনগতভাবে দণ্ডিত পলাতক আসামির এমন আবেদনের সুযোগ আছে কিনা, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ চালু করা হয়েছে। এই কার্ডের সাহায্যে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও মুসল্লিরা পুনরায় প্রবেশের সুযোগ পান।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি শুক্রবার মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এক সময় মসজিদের ভেতরের নামাজের জায়গা পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে, যারা আগে থেকেই ভেতরে অবস্থান করছেন, তারা যদি ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে যান, তাহলে পুনরায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
এই পরিস্থিতি মোকাবেলার জন্য মুসল্লিদের ভোগান্তি কমাতে ‘তাসহিল কার্ড’ প্রদান করা হয়। মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থান থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরে, প্রবেশপথে কার্ডটি প্রদর্শন করলে, সাধারণ প্রবেশ বন্ধ থাকলেও তাদের মসজিদের ভেতরে পুনরায় প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এই উদ্যোগের ফলে, ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে গেলেও মুসল্লিদের আগে থেকে নেওয়া নামাজের জায়গা হারানোর আশঙ্কা কমে যায়। জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের মধ্যে প্রবেশ ব্যবস্থাপনা সহজ করা এবং মুসল্লিদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ