শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২১ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে থাকবে না।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রতিটি কুঁড়ি পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটবে অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আমরা প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে শেষ করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অর্থের অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড দেয়া হবে। যারা এ নিয়ে দুর্নীতিতে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।’
অমিত জানান, ‘সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের কার্যক্রমই বিবেচ্য। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ডিলারশিপও বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে আমরা যেমন জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ একটি বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং মাদক কারবারি। শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে পুলিশ ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে।
উত্তরা পূর্ব থানার সূত্র অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০) রয়েছেন। তাকে গত ১৮ মার্চ ২০২৫ তারিখে দায়ের করা একটি সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, শামীম হোসেন (৩০) নামের একজন আসামিকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে অন্যান্য অপরাধ ও মাদক সেবনের দায়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে আরও ৯ জনকে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে মোঃ সাজেদুল ইসলাম (২৩), মোঃ দীপ্ত (২৬) ও মোঃ রায়হান (২৬) ১ পুড়িয়া করে গাঁজাসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া মোঃ মারুফ আহম্মেদ (২৪) ১টি গাঁজাভর্তি সিগারেটসহ, মোঃ হানিফ (৩৭) ২ পিস ইয়াবাসহ এবং মোঃ শোয়েইব শাওন (২৩) ও মোঃ মকবুল হোসেন (৩২) ১ পিস করে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন।
অন্যদিকে, অন্যান্য অপরাধের জন্য মোঃ ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০) এবং মোঃ শান্ত (১৯) গ্রেফতার হয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে উত্তরা বিভাগে সোপর্দ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের জন্য সুযোগ দেবে না।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও সঠিকভাবে বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের জন্য সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।
আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।’
মন্ত্রী গণমাধ্যমকে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেতিবাচক দিকের পাশাপাশি মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে।
আইনমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন যে, আমরা রাতারাতি সব পরিবর্তন করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব নয়, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।
সাংবাদিকদের অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। যখন মানুষ কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন তারা গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তেহরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যদি কোনো দেশ সামরিক, নৌ বা রসদ সহায়তা প্রদান করে, তাহলে সেটিকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। ইরান জানিয়েছে, এ ধরনের সহায়তা প্রদানকারী দেশগুলো অভিযানে অংশগ্রহণকারী হিসেবে দায়ী হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সতর্কবার্তা দেন। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উল্লেখ করে অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত না হওয়ার আহ্বান জানান।
বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা শত্রুতামূলক এবং বেআইনি কাজ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডে নৌবাহিনী মোতায়েন, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ এবং সেনাসদস্য পাঠানোর মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি দাবি করেন, এই ধরনের কার্যক্রম জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা লঙ্ঘন করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত আগ্রাসনের সংজ্ঞার আওতায় পড়ে।
বাঘাই মন্তব্য করেন, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা বা জলদস্যুতা প্রতিরোধের মতো কারণ দেখিয়েও এ ধরনের সহায়তাকে বৈধতা দেওয়া যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা প্রতিশ্রুতি কোনো দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে থাকা দায়িত্ব লঙ্ঘনের অধিকার দেয় না।
পোস্টের শুরুতে একটি কোরীয় প্রবাদ উল্লেখ করে বাঘাই লেখেন, ‘সারসের পেছনে উড়তে গিয়ে চড়ুই একসময় নিজের পা ভেঙে ফেলে।’ এই প্রবাদ উদ্ধৃত করে তিনি অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দেওয়া থেকে সতর্ক করেন।
বাঘাই আরও বলেন, যে দেশই যেকোনোভাবে এ ধরনের সামরিক অভিযানে অংশ নেবে, তাদেরকে এর ফলে সৃষ্ট পরিণতির জন্য দায় নিতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্থানীয় সময় সেলেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছেন। ইরান যদি কোনো মার্কিন কর্মকর্তাকে হত্যা করে, তাহলে কী ঘটবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আর বেঁচে থাকবে না।’ তিনি জানান, এমন পরিস্থিতিতে সামরিক শক্তি ব্যবহারে তাঁর কোনো দ্বিধা থাকবে না।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তথ্যসূত্র: এএনআই
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে। তারা জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে শুক্রবার (১৩ নভেম্বর) এসব তথ্য প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে একটি বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যদি ইরানের আকাশসীমায় উসকানিমূলক কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
ফার্স সংবাদ সংস্থার দাবি, ইরানের মহাকাশ বাহিনী বাহরাইনের রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে ওই ঘাঁটিতে হামলা হয়েছিল।
সূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ