প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যা মামলায় তার সাবেক স্ত্রী, বর্তমান স্বামী এবং সাবেক স্ত্রীর বোনকে গ্রেফতার করেছে এসআরবি-১১।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, পরকীয়ার কারণে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫), যিনি খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এসআরবি-১১ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক বছর ধরে মুক্তার সেলিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হলে মুক্তা তাকে তালাক দেন। কিন্তু রাসেল বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি এবং তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন।
চলতি বছরের অক্টোবর মাসে মুক্তা সেলিমকে বিয়ে করেন। এই খবর জানার পর রাসেলের যাতায়াত মুক্তার বাড়িতে আরও বেড়ে যায়।
এসআরবি-১১ আরও জানায়, গত ৬ নভেম্বর মুক্তা মোবাইল ফোনে রাসেলকে তাদের বাড়িতে যেতে বলেন। রাসেল রাত ১০টার দিকে সেখানে পৌঁছান। এরপর বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তা পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন অন্যদের সহযোগিতায়।
হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ পাশের একটি পরিত্যক্ত ঘরে কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেওয়া হয় বলে জানায় এসআরবি-১১।
গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে।
রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে আটক করে। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে আটক তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন