শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের জন্য সুযোগ দেবে না।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও সঠিকভাবে বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের জন্য সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।
আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।’
মন্ত্রী গণমাধ্যমকে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেতিবাচক দিকের পাশাপাশি মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে।
আইনমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন যে, আমরা রাতারাতি সব পরিবর্তন করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব নয়, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।
সাংবাদিকদের অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। যখন মানুষ কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন তারা গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তেহরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যদি কোনো দেশ সামরিক, নৌ বা রসদ সহায়তা প্রদান করে, তাহলে সেটিকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। ইরান জানিয়েছে, এ ধরনের সহায়তা প্রদানকারী দেশগুলো অভিযানে অংশগ্রহণকারী হিসেবে দায়ী হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সতর্কবার্তা দেন। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উল্লেখ করে অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত না হওয়ার আহ্বান জানান।
বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা শত্রুতামূলক এবং বেআইনি কাজ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডে নৌবাহিনী মোতায়েন, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ এবং সেনাসদস্য পাঠানোর মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি দাবি করেন, এই ধরনের কার্যক্রম জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা লঙ্ঘন করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত আগ্রাসনের সংজ্ঞার আওতায় পড়ে।
বাঘাই মন্তব্য করেন, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা বা জলদস্যুতা প্রতিরোধের মতো কারণ দেখিয়েও এ ধরনের সহায়তাকে বৈধতা দেওয়া যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা প্রতিশ্রুতি কোনো দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে থাকা দায়িত্ব লঙ্ঘনের অধিকার দেয় না।
পোস্টের শুরুতে একটি কোরীয় প্রবাদ উল্লেখ করে বাঘাই লেখেন, ‘সারসের পেছনে উড়তে গিয়ে চড়ুই একসময় নিজের পা ভেঙে ফেলে।’ এই প্রবাদ উদ্ধৃত করে তিনি অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দেওয়া থেকে সতর্ক করেন।
বাঘাই আরও বলেন, যে দেশই যেকোনোভাবে এ ধরনের সামরিক অভিযানে অংশ নেবে, তাদেরকে এর ফলে সৃষ্ট পরিণতির জন্য দায় নিতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্থানীয় সময় সেলেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছেন। ইরান যদি কোনো মার্কিন কর্মকর্তাকে হত্যা করে, তাহলে কী ঘটবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আর বেঁচে থাকবে না।’ তিনি জানান, এমন পরিস্থিতিতে সামরিক শক্তি ব্যবহারে তাঁর কোনো দ্বিধা থাকবে না।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তথ্যসূত্র: এএনআই
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে। তারা জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে শুক্রবার (১৩ নভেম্বর) এসব তথ্য প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে একটি বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যদি ইরানের আকাশসীমায় উসকানিমূলক কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
ফার্স সংবাদ সংস্থার দাবি, ইরানের মহাকাশ বাহিনী বাহরাইনের রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে ওই ঘাঁটিতে হামলা হয়েছিল।
সূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে আগামী সোমবার ২৮ ডিসেম্বর (সোমবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নাগরিক সমাজের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হচ্ছে।
স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকও এতে অংশগ্রহণ করবেন।
স্মরণসভাকে স্মরণীয় করে তোলার জন্য বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা এবং তার অর্থনৈতিক দর্শন।
এছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তার সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব পালনে তার ভূমিকা; জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ এবং তার নান্দনিকতা, রুচিবোধ ও ব্যক্তিত্বের বিভিন্ন দিকও স্মারকগ্রন্থে স্থান পাবে।
স্মারকগ্রন্থে খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং রাজনৈতিক আপসহীনতার ইতিহাস তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ, নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার দর্শন ও নীতিও লেখার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিরোধী দলের ভূমিকা, নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংবাদপত্রের সঙ্গে তার সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়েও লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা, রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি ও সুশাসনসংক্রান্ত অভিজ্ঞতার পাশাপাশি জীবনের শেষ সময়ের চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান এবং রুচিবোধ, সৌন্দর্যচেতনা, আত্মমর্যাদাবোধ ও মানবিক গুণাবলির বিষয়গুলোও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে দেশটির মালাতিয়া প্রদেশের সামানকয় এলাকায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া প্রদেশের ইয়েশিলইউর্ত জেলার সামানকয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এস-৭০ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে, এর বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন। বিবৃতিতে তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ