১২:০৪ পি.এম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যেখানে শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্পিকার পরে জানান যে, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জাতীয় সংসদ ভবনে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন রোগের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে মো. সাহাবুদ্দিন নিজেকে অসমর্থ মনে করেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগপত্র বঙ্গভবন থেকে তাঁর সামরিক সচিব সংসদ সচিবালয়ে নিয়ে যান। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি শনাক্ত হওয়ার কথাও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। এ কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ওয়াল স্ট্রিটে বড় দরপতনের কারণে আবারও চাপে এশিয়ার প্রযুক্তি খাত, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন যে, এসব রোগের প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।
তাঁর দায়িত্বকালে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ সময় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন মো. সাহাবুদ্দিন।
গণঅভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি ওঠে। বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় তাঁকে অপসারণের দাবিতে। তবে সে সময়ের অন্তর্বর্তী সরকার তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি।
আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত
পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। সরকার পরিবর্তনের পরও রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরের প্রেক্ষিতে তাঁর পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন