প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য এবং নাশকতা ও ভাঙচুর প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন কারখানার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারখানার গেটে অবস্থান নিয়েছেন বিজিবি এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি শ্রমিক নেতাদের সতর্ক অবস্থানে দেখা যায়। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান মন্তব্য করেন, "শ্রমিকের নাম ব্যবহার করে যারা কারখানা ও যানবাহনে ভাঙচুর চালিয়েছে, তারা শ্রমিকের বন্ধু নয়।" তিনি আরও বলেন, "কোনো নিষিদ্ধ সংগঠনকে শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।" তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁরা মাঠে থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে কাজ করবেন।
কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, "কোনো কারখানায় ভাঙচুর, দোকানে লুটপাট বা যানবাহনে অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না।" তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার অনুরোধও করেন।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। নাশকতা, ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কারখানার ফটকে শ্রমিক নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন। পাশাপাশি শিল্পাঞ্চলের সড়কগুলোতে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন