সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৬ পি.এম
ভারতের পেট্রাপোল সীমান্তে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতা সেখানে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরানোর উদ্দেশ্যে বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। এই খবরের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গ্রামবাসীরাও বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে।
রোববার (২২ নভেম্বর) পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন পলাতক নেতা বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়েছে।
গুজব ছড়িয়ে পড়ার পর রোববার রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে কেউ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, বিনা কারণে রাতের বেলায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে বেনাপোল চেকপোস্ট, রঘুনাথপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। গ্রামবাসীরা বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিতে দেখা যাচ্ছে।
এদিকে, রবিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ, লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সমাবেশে অংশ নেন বন্দরের হাজার হাজার শ্রমিক।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন- "স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, "আওয়ামী লীগের শীর্ষ চার নেতা পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন এধরনের কোন খবর আমার জানা নেই। তবে শুনেছি পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।"
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, "সীমান্তের ওপারে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা বৈঠক করেছেন এমন কোন খবর আমার জানা নেই।" তিনি বলেন- "দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে।" দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, "সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহ, ২৩ নভেম্বর, ২০২৬ : জেলার সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমের ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দিপা রানী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী কৃষক ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। এর আওতায় ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৫শ’ কৃষককে ৫ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি করে সার এবং ১৫০ কৃষকের মাঝে ২০ কেজি করে গমের বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগের এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে উৎসাহিত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে, যেখানে মাত্র দুই ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা কমে গেছে। তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক দরপতন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে বৃহস্পতিবার (১৮ জুন) বাজারে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।
দিনের লেনদেনের একপর্যায়ে, ভারতের প্রধান শেয়ারবাজার সূচক সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি কমে যায়। অন্যদিকে, নিফটি সূচক ২৩ হাজার ৯৫০ পয়েন্টের নিচে নেমে আসে। তথ্যপ্রযুক্তি খাত সবচেয়ে বেশি চাপের সম্মুখীন হয়, যেখানে খাতের সূচক প্রায় ৬ শতাংশ কমে যায়।
বাজারের তথ্য অনুযায়ী, ভারতীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার ৬০৮ কোটি ৯ লাখ ৮ হাজার রুপি থেকে কমে ৪ লাখ ৭৬ হাজার ৩৮৯ কোটি ৬৩ লাখ রুপিতে নেমে আসে। বাংলাদেশি মুদ্রায় এই পতনের পরিমাণ প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা।
তথ্যপ্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারে দরপতন বাজারকে আরও চাপের মধ্যে ফেলেছে। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক এবং এমফ্যাসিসের শেয়ারের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমেছে।
বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের আর্থিক পূর্বাভাস। প্রতিষ্ঠানটি ২০২৬ অর্থবছরের জন্য আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ থেকে ৫ শতাংশের পরিবর্তে ৩ থেকে ৪ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকের আয় নিয়ে প্রত্যাশার চেয়ে দুর্বল পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাকসেঞ্চারের এই ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ আয় নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর ফলে ভারতের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে প্রভাব পড়ে, কারণ দেশটির বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি বাজারনির্ভর।
বাজারে চাপ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিও। বৃহস্পতিবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার ৩৭৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। এর আগে টানা তিন কার্যদিবস তারা ভারতীয় শেয়ারবাজারে নিট ক্রেতা ছিলেন।
অন্যদিকে, সাম্প্রতিক কয়েকটি কার্যদিবসে বাজারে উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। আগের পাঁচ কার্যদিবসে সেনসেক্স প্রায় ৫ শতাংশ এবং নিফটি ৪ শতাংশের বেশি বেড়েছিল। ফলে সাম্প্রতিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দরপতনের পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ করে কমেছে। একই সময়ে ভারতের বাজারে অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিআইএক্স প্রায় ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩-এ পৌঁছায়। জাতীয় শেয়ারবাজারের প্রায় দেড় হাজার কোম্পানির শেয়ারের দাম কমেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত আন্তর্জাতিকভাবে নিন্দিত হচ্ছে।
তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
ভারতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, "আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।"
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, "শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি। গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।"
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, "আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা—এটা তাদের কাজ। এর জন্য এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। কোনো রকম তাদের এই অন্যায়কে এ দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।"
বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাজনীতিতে যদি থাকতে হয়, বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমান দৃষ্টান্ত করেছেন।"
বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, "আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একটা মানুষ। তার একটি মহিমা আছে। তার মন্ত্রিপরিষদ, তার সহকর্মীরা সকলেই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এই দেশে দিয়েছেন।"
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নাই।"
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি উল্লেখ করেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর ফলে আরও অধিক সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়।
আজ সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই কর্মশালাটি বাস্তবায়ন করছে।
এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধুমাত্র জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন অপরিহার্য।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অ্যান্টিবায়োটিকের অযথা ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। তিনি উল্লেখ করেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান।
আরো বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ