ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুসলিমদের ওপর দমন-পীড়নের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণা মার্কিন কমিশনের


মুসলিমদের ওপর দমন-পীড়নের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণা মার্কিন কমিশনের

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) অভিযোগ করেছে যে, ভারতের চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার আড়ালে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। কমিশন জানিয়েছে, দেশব্যাপী এই সংশোধনী অভিযানে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং অনেক ভারতীয় মুসলিমকে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।

কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম কেটে দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করছে।” তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলার পর থেকেই এই ধরপাকড় ও দমন-পীড়ন জোরদার হয়েছে।

গত ২ নভেম্বর অমিত শাহ দাবি করেছিলেন, বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩ কোটি ভোটারই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। এরপর ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনী সমাবেশে তিনি আরও একধাপ এগিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তীতে তাদের একজন একজন করে ধরে দেশ থেকে বের করে দেওয়াই বিজেপির সংকল্প।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

ভারতের ইতিহাসে এবারই সবচেয়ে বড় আকারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১৩ কোটি নাম কাটা পড়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ নাম বাদ দেওয়া হয়। চলমান তৃতীয় ধাপে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এখন পর্যন্ত আরও ৬ কোটি ১৬ লাখ নাম কাটা হয়েছে।

২০২৫ সালে বিহারে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় এবং ২০২৬ সালে এসে তা বিস্তৃত হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বৈষম্যের শিকার হওয়া ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরাই এই ছাঁটাইয়ের প্রধান শিকার হচ্ছেন।

কলকাতাভিত্তিক গবেষণা সংস্থা ‘সাবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, চলতি বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম কাটা হয়েছিল। নিবিড় পর্যালোচনায় বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই ছিলেন মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। সংস্থার প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের প্রতি অসন্তোষ থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।

ভোটার তালিকা থেকে বাদ ও বাংলাদেশে পুশ-ইনভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি কোনো ব্যক্তির বিদেশি হওয়ার প্রমাণ না হলেও এটিকে অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়নের অভিযানের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট এই সংশোধনী প্রক্রিয়ার বৈধতা দিলেও স্পষ্ট জানিয়েছিলেন, এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন কারও ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ করতে পারবে।

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

তবুও বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তালিকা থেকে বাদ পড়াদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে এবং পুলিশ পাসপোর্ট নবায়নের অনুমতি দিচ্ছে না। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, জিজ্ঞাসাবাদ বা বিতাড়নের শিকার হওয়া ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তাদের সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র ছিল, এমনকি তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে।

৩৮ বছর বয়সী সাহিদা ফকির একজন ভুক্তভোগী। তিনি গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন। তিন মাস পর তাকে বাংলাদেশের একটি গ্রামে আশ্রয় নিতে হয়েছে, স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন অবস্থায়। সাহিদার অভিযোগ, সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করে—যেখানে তার পরিচয়পত্রের কপি ছিল—এবং পরে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আদালতের নথিতে দেখা গেছে, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্য ছিলেন।

নথিপত্র অনুযায়ী, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন এবং ২০০৮ সাল থেকে সাহিদার নিজের নামও তালিকায় ছিল। তার পরিবার গত আগস্টে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে জানিয়েছে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অজুহাতে কাউকে দেশছাড়া করা যায় না।

এছাড়া কলকাতা হাইকোর্টে দায়ের করা অপর এক আবেদনে বাসন বিক্রেতা নাসিরউদ্দিন শেখসহ পাঁচজন জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে পুলিশ তাদের আটক করে ‘বাংলাদেশি’ বলে আখ্যা দিয়েছে।

আরও পড়ুন: দুবাইয়ে স্বর্ণের দামে পতন, দোকানে ক্রেতাদের ভিড়

‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার দাবি

মার্কিন কমিশনের কমিশনার জিন মিলস মন্তব্য করেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে নিজ দেশের নাগরিকদের বিতাড়িত করার ঘটনা সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার এক ভয়াবহ নজির। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘনের দায়ে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে তালিকাভুক্ত করতে।

এর আগে বুধবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পালও খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

নয়াদিল্লির প্রতিক্রিয়া

আরও পড়ুন: মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফ-কে বরাবরই ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে আসছে এবং এ ধরনের মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত কমিশনকে অন্যদের উপদেশ না দিয়ে নিজেদের ‘কুসংস্কার’ নিয়ে আত্মসমালোচনা করার আহ্বান জানান।

অন্যদিকে ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে, মৃত, স্থানান্তরিত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দিতেই এই সংশোধনী চালানো হয়েছে এবং কারও নাম ভুলবশত বাদ পড়লে আপিলের মাধ্যমে তা পুনরায় যুক্ত করার সুযোগ রয়েছে।

এছাড়া ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ২ অক্টোবর থেকে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সূত্র: রয়টার্স।

আরও পড়ুন: ব্রেক্সিটের দশক পর ইউরোপীয় ইউনিয়ন-যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনে চুক্তি চূড়ান্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর ত্বকে ক্ষত, ৭০০ অভিযোগ সত্ত্বেও বাজারে মিলি মুনের ডায়াপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


শিশুর ত্বকে ক্ষত, ৭০০ অভিযোগ সত্ত্বেও বাজারে মিলি মুনের ডায়াপার

শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে এই ডায়াপার ব্যবহারের পর ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। তবে এখন পর্যন্ত পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশনের কাছে জমা পড়া অভিযোগ বিশ্লেষণ করে সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে। অভিযোগকারীদের মধ্যে অভিভাবক, পরিচর্যাকারী ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। অনেক শিশুর চিকিৎসকের কাছে যেতে হয়েছে এবং ব্যবহার করতে হয়েছে বিশেষ মলম ও ওষুধ।

তিন সন্তানের মা নাতালি সেন্ট ওয়ার্ড জানিয়েছেন, তার দুই সন্তানেরই মিলি মুনের ডায়াপার ব্যবহারের পর ত্বকে তীব্র ফুসকুড়ি ও ফোসকা দেখা দিয়েছে। তিনি দাবি করেছেন, অন্য ব্র্যান্ডের ডায়াপার ব্যবহারের পর সমস্যাটি কমে যায়।

তবে মিলি মুন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন সাতটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য পরীক্ষা করেও ত্বকের সমস্যার সঙ্গে ডায়াপারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাদের দাবি, বিক্রি হওয়া ডায়াপারের শূন্য দশমিক ১ শতাংশেরও কম নিয়ে ত্বকে জ্বালাপোড়ার অভিযোগ এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াপারের উপাদান প্রকাশে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় পর্যায়ে বাধ্যতামূলক আইন না থাকায় সমস্যার কারণ শনাক্ত করা কঠিন হচ্ছে। এদিকে অভিযোগগুলো তদন্ত করছে দেশটির ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন। তবে গত ১৫ বছরের বেশি সময়ে কোনো ডায়াপার ব্র্যান্ডের পণ্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্ন্যাশয়ের ক্যানসারের নতুন ওষুধে টিউমার উধাও হওয়ার আশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


অগ্ন্যাশয়ের ক্যানসারের নতুন ওষুধে টিউমার উধাও হওয়ার আশা

অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় একটি পরীক্ষামূলক ওষুধ নতুন আশার আলো দেখাচ্ছে। প্রতিদিন একটি করে খাওয়ার এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের এক পরীক্ষায় কয়েকজন রোগীর টিউমার ছোট হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি স্ক্যানে দেখা গেছে, প্রতি ১২ জন রোগীর মধ্যে একজনের শরীরে ক্যানসারের অস্তিত্বও আর শনাক্ত করা যায়নি।

ডারাক্সনরাসিব নামের এই ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। গবেষণায় অংশ নেওয়া ৬১ জন রোগীর সবারই অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল এবং সম্প্রতি তাদের রোগ শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রায় সব রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।

তবে নতুন এই চিকিৎসা কতদিন ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে ক্যানসার নিরাময়ের প্রমাণ হিসেবে দেখার সময় আসেনি।

কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি

ক্যানসার রিসার্চ ইউকে নতুন এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে।

সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, পরীক্ষার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, ‘নতুন এই ওষুধ এমন একটি বিষয়কে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণের পথ খুঁজে পেয়েছে, যাকে এত দিন ওষুধ দিয়ে লক্ষ্যবস্তু করা কঠিন ছিল।’

তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তার দেখা মিলছে।

যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে রোগীদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। এই ক্যানসারের চিকিৎসাও অত্যন্ত কঠিন। কেমোথেরাপির মাধ্যমে টিউমার কিছুটা ছোট করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে পরে তা আবার বাড়তে শুরু করে। রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে অধিকাংশ রোগী কয়েক মাস বাঁচেন, বছরের পর বছর নয়।

চিকিৎসকদের আশা, নতুন ওষুধটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের বেঁচে থাকার সময় বাড়াতে সহায়তা করতে পারে।

পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কয়েকজন রোগীর শরীরে ক্যানসার আর ফিরে আসেনি। তবে রোগটি দীর্ঘ সময় নিয়ন্ত্রণে রাখা কিংবা পুরোপুরি প্রশমিত করা সম্ভব কি না, তা নিশ্চিত হতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগমগঞ্জে আ. লীগের মিছিলে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বেগমগঞ্জে আ. লীগের মিছিলে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনার কারণে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে মিছিল শুরু করেন। এক পর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগিয়ে দেন। এ সময় ব্যাংকের দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়।

ব্যাংকের ভেতরে কর্মরত কর্মচারীরা দ্রুত বেরিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে গ্রামীণ ব্যাংকের সামনে উপস্থিত হন। সেখানে তারা ব্যাংকের প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসের বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনের কারণে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস অবস্থিত। পরে তারা অফিসের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন এবং জানালার দুটি কাচ ভাঙচুর করা হয়।

তিনি আরো বলেন, ব্যাংকের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। তবে এই ঘটনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ শিশু।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই, সিলেট বিভাগে দুই এবং ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪১ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ শিশুতে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ শিশু। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা মোট ২৫ হাজার ৯৬৬ শিশুর মধ্যে পৌঁছেছে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%