শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৭ পি.এম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ শিশু।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই, সিলেট বিভাগে দুই এবং ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪১ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ শিশুতে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ শিশু। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা মোট ২৫ হাজার ৯৬৬ শিশুর মধ্যে পৌঁছেছে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবনে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। তিনি প্রথম সন্তানের মা হয়েছেন। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে তাঁদের সংসারে এসেছে একটি পুত্রসন্তান। গত ১৯ নভেম্বর তাঁদের ছেলের জন্ম হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন সামান্থা ও রাজ। ছবিতে দেখা যাচ্ছে, দুজন স্নেহভরে তাঁদের সন্তানের ছোট্ট আঙুল ধরে রেখেছেন।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী তাঁদের ছেলের নামও প্রকাশ করেছেন। তাঁদের পুত্রসন্তানের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। নতুন অতিথির আগমনে তাঁদের জীবনে আনন্দের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সামান্থার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন এই তারকা দম্পতি। অভিনয়জগতের সহকর্মী বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমারসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। তবে চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। পরবর্তী সময়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজের সুবাদে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে পরিচয় হয় সামান্থার। সেই পরিচয় থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত ঘটে। এবার প্রথম সন্তানের আগমনে নতুন করে আলোচনায় এল এই দম্পতির পারিবারিক জীবন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউইয়র্কের রাইকার্স দ্বীপের কুখ্যাত কারাগারটি ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা নগরীর মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) তিনি এই পরিকল্পনার কথা জানান। বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ গ্রহণ করেছে তার প্রশাসন, যা কারাগারটি বন্ধ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
বর্তমানে রাইকার্সে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি অবস্থান করছেন। মামদানির পরিকল্পনার আওতায়, এ সংখ্যা কমিয়ে প্রায় ৪ হাজার ৫০০-তে আনার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যে বিকল্প কর্মসূচি, তত্ত্বাবধানে মুক্তি, আবাসন ও সামাজিক সেবা বৃদ্ধি করার পাশাপাশি জামিন পরিশোধের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
রাইকার্স কারাগারে দীর্ঘদিন ধরেই সহিংসতা এবং অতিরিক্ত বন্দির চাপ নিয়ে সমালোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একজন ফেডারেল বিচারক বাইরের একজন ব্যবস্থাপক নিয়োগ করেছেন। ২০২৭ সালের মধ্যে কারাগারটি বন্ধ করে চারটি ছোট এবং আধুনিক কারাগার নির্মাণের আইনি বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
পরিকল্পনা অনুযায়ী, ব্রুকলিনে ২০২৯ সালে এবং ব্রঙ্কস ও কুইন্সে ২০৩১ সালে নতুন কারাগার চালু হবে। ম্যানহাটনের কারাগারটি ২০৩২ সালে চালু হওয়ার কথা রয়েছে। এরপর বন্দিদের এসব নতুন কারাগার এবং প্রয়োজন অনুযায়ী কয়েকটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হবে।
সূত্র: এনবিসি নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে রোগী ও শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লালপুর থানার পুলিশ নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মো. সাইফুল ইসলাম, যিনি গোল্ডেন সাইফুল নামেও পরিচিত (৫০), উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি আছিয়া জয়নুল বেনুর পুত্র মো. আনোয়ারুল আজিম, যিনি বাপ্পি নামে পরিচিত (৫১), উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তোহিদুল ইসলাম বাঘার বড় ভাই মো. শামিম আহেম্মেদ (৫০) এবং যুবলীগ নেতা মো. ইব্রাহিম সরদার শুকুর (৫৬)। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তাদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ