শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৫ পি.এম
শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে এই ডায়াপার ব্যবহারের পর ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। তবে এখন পর্যন্ত পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশনের কাছে জমা পড়া অভিযোগ বিশ্লেষণ করে সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে। অভিযোগকারীদের মধ্যে অভিভাবক, পরিচর্যাকারী ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। অনেক শিশুর চিকিৎসকের কাছে যেতে হয়েছে এবং ব্যবহার করতে হয়েছে বিশেষ মলম ও ওষুধ।
তিন সন্তানের মা নাতালি সেন্ট ওয়ার্ড জানিয়েছেন, তার দুই সন্তানেরই মিলি মুনের ডায়াপার ব্যবহারের পর ত্বকে তীব্র ফুসকুড়ি ও ফোসকা দেখা দিয়েছে। তিনি দাবি করেছেন, অন্য ব্র্যান্ডের ডায়াপার ব্যবহারের পর সমস্যাটি কমে যায়।
তবে মিলি মুন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন সাতটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য পরীক্ষা করেও ত্বকের সমস্যার সঙ্গে ডায়াপারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাদের দাবি, বিক্রি হওয়া ডায়াপারের শূন্য দশমিক ১ শতাংশেরও কম নিয়ে ত্বকে জ্বালাপোড়ার অভিযোগ এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াপারের উপাদান প্রকাশে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় পর্যায়ে বাধ্যতামূলক আইন না থাকায় সমস্যার কারণ শনাক্ত করা কঠিন হচ্ছে। এদিকে অভিযোগগুলো তদন্ত করছে দেশটির ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন। তবে গত ১৫ বছরের বেশি সময়ে কোনো ডায়াপার ব্র্যান্ডের পণ্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি।
সূত্র: সিবিএস নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় একটি পরীক্ষামূলক ওষুধ নতুন আশার আলো দেখাচ্ছে। প্রতিদিন একটি করে খাওয়ার এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের এক পরীক্ষায় কয়েকজন রোগীর টিউমার ছোট হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি স্ক্যানে দেখা গেছে, প্রতি ১২ জন রোগীর মধ্যে একজনের শরীরে ক্যানসারের অস্তিত্বও আর শনাক্ত করা যায়নি।
ডারাক্সনরাসিব নামের এই ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। গবেষণায় অংশ নেওয়া ৬১ জন রোগীর সবারই অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল এবং সম্প্রতি তাদের রোগ শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রায় সব রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।
তবে নতুন এই চিকিৎসা কতদিন ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে ক্যানসার নিরাময়ের প্রমাণ হিসেবে দেখার সময় আসেনি।
কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি
ক্যানসার রিসার্চ ইউকে নতুন এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে।
সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, পরীক্ষার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, ‘নতুন এই ওষুধ এমন একটি বিষয়কে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণের পথ খুঁজে পেয়েছে, যাকে এত দিন ওষুধ দিয়ে লক্ষ্যবস্তু করা কঠিন ছিল।’
তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তার দেখা মিলছে।
যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে রোগীদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। এই ক্যানসারের চিকিৎসাও অত্যন্ত কঠিন। কেমোথেরাপির মাধ্যমে টিউমার কিছুটা ছোট করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে পরে তা আবার বাড়তে শুরু করে। রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে অধিকাংশ রোগী কয়েক মাস বাঁচেন, বছরের পর বছর নয়।
চিকিৎসকদের আশা, নতুন ওষুধটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের বেঁচে থাকার সময় বাড়াতে সহায়তা করতে পারে।
পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কয়েকজন রোগীর শরীরে ক্যানসার আর ফিরে আসেনি। তবে রোগটি দীর্ঘ সময় নিয়ন্ত্রণে রাখা কিংবা পুরোপুরি প্রশমিত করা সম্ভব কি না, তা নিশ্চিত হতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনার কারণে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে মিছিল শুরু করেন। এক পর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগিয়ে দেন। এ সময় ব্যাংকের দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়।
ব্যাংকের ভেতরে কর্মরত কর্মচারীরা দ্রুত বেরিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে গ্রামীণ ব্যাংকের সামনে উপস্থিত হন। সেখানে তারা ব্যাংকের প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসের বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনের কারণে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস অবস্থিত। পরে তারা অফিসের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন এবং জানালার দুটি কাচ ভাঙচুর করা হয়।
তিনি আরো বলেন, ব্যাংকের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। তবে এই ঘটনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ শিশু।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই, সিলেট বিভাগে দুই এবং ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪১ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ শিশুতে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ শিশু। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা মোট ২৫ হাজার ৯৬৬ শিশুর মধ্যে পৌঁছেছে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবনে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। তিনি প্রথম সন্তানের মা হয়েছেন। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে তাঁদের সংসারে এসেছে একটি পুত্রসন্তান। গত ১৯ নভেম্বর তাঁদের ছেলের জন্ম হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন সামান্থা ও রাজ। ছবিতে দেখা যাচ্ছে, দুজন স্নেহভরে তাঁদের সন্তানের ছোট্ট আঙুল ধরে রেখেছেন।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় অভিনেত্রী তাঁদের ছেলের নামও প্রকাশ করেছেন। তাঁদের পুত্রসন্তানের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। নতুন অতিথির আগমনে তাঁদের জীবনে আনন্দের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সামান্থার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন এই তারকা দম্পতি। অভিনয়জগতের সহকর্মী বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমারসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। তবে চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। পরবর্তী সময়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজের সুবাদে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে পরিচয় হয় সামান্থার। সেই পরিচয় থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত ঘটে। এবার প্রথম সন্তানের আগমনে নতুন করে আলোচনায় এল এই দম্পতির পারিবারিক জীবন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ