ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় মৃতদের স্মৃতি জীবিতদের মাঝে দীর্ঘশ্বাস ফেলে


ঢাকায় মৃতদের স্মৃতি জীবিতদের মাঝে দীর্ঘশ্বাস ফেলে

ঢাকা শহরের বাতাসে এখনও রানা প্লাজার মৃতদের গন্ধ ভাসছে। সাভারের সেই ধ্বংসস্তূপ থেকে মাঝে মাঝে, সেলাই মেশিনের শব্দের মধ্যে কেউ কেউ বলে ওঠে, ‘আমাকে বের করো, আমি এখনও বেঁচে আছি! আমার সন্তান অপেক্ষা করছে, আমাকে বাড়ি ফিরতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরের প্রতিটি কাটা শরীর যেন এক একটি অসমাপ্ত অভিযোগ। কিছু শরীরে সড়ক দুর্ঘটনার চিহ্ন রয়েছে, কিছুতে আগুনের ক্ষত, কিছুতে নির্মমতার ইতিহাস, আবার কিছুতে ভবনধসের আঘাত। যদি লাশগুলো কথা বলতে পারতো, তাহলে হয়তো ময়নাতদন্তের টেবিলে বলে উঠতো, ‘আমাদের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি কারও অবহেলার দীর্ঘ ছায়া?’

এই শহরের প্রতিটি বড় দুর্ঘটনা যেন নতুন করে একটি লাশকাটা ঘর খুলে দেয়। সেখানে মানুষের শরীরের ব্যবচ্ছেদ হয়, আর বাইরে দাঁড়িয়ে থাকে স্বজনদের শেষ আশার ব্যবচ্ছেদ।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

পুরান ঢাকার নিমতলীর কথা মনে পড়ে। নিমতলীর আকাশে এখনও ভেসে বেড়ায় ২০১০ সালের রাসায়নিক আগুনে পুড়ে যাওয়া মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার আর্তনাদ। সেই রাতের মৃতরা হয়তো বেঁচে থাকলে প্রশ্ন করতো, ‘আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম! একটি নিরাপদ রাত কি আমাদের প্রাপ্য ছিল না?’ আফসোস, নিমতলীর আগুন নিভে গেছে, কিন্তু সেই আগুন থেকে বেরিয়ে আসা প্রশ্নগুলো আর কখনো পুরোপুরি নিভে যায়নি। রাসায়নিকের গুদাম সরানোর প্রতিশ্রুতি এসেছিল, সময় পেরিয়েছে, আবারও আগুনের সম্মুখীন হতে হয়েছে এই শহরকে।

২০১৯ সালে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিকের আগুনে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। আগুনে হারানো প্রাণগুলো এখনও তাদের ঠিকানার নাম খুঁজে বেড়ায়। আগুনের মধ্যে চিৎকার করে তারা হয়তো বলেছিল, ‘আমার হাতটা ধরো! আমাকে একা ফেলে যেয়ো না। আমি এখনও বাড়ি ফিরিনি, আমার জন্য কেউ অপেক্ষা করছে!’ কিন্তু সেদিন আগুনের কাছে কারও অপেক্ষার মূল্য ছিল না। পরদিন ঢাকা মেডিকেলের মর্গে জমা হলো একের পর এক দেহ। কিছু শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়েছিল। স্বজনেরা এসেছিলেন প্রিয় মানুষের মুখ খুঁজতে, অথচ ফিরে গিয়েছিলেন বুকভরা শূন্যতা নিয়ে। আগুন নিভে গেছে, পোড়া ভবনের জায়গায় নতুন জীবন শুরু হয়েছে, শুধু যাঁদের শরীর ছাই হয়ে গিয়েছিল, তাঁদের জন্য পৃথিবীর আর কোনো নতুন সকাল আসেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে আ. লীগ নেতাকর্মীদের ঘরে হামলা, ৫ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


হাটহাজারীতে আ. লীগ নেতাকর্মীদের ঘরে হামলা, ৫ আটক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর ও দুটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, আটককৃত পাঁচজন তাদের পরিবারের সদস্য। অপরদিকে, পুলিশ জানিয়েছে, বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মাদার্শা গ্রামের নবাব চান্দের নতুন বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দারা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

হামলার শিকার ব্যক্তিরা দাবি করেছেন, স্থানীয় বিএনপির নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালিয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যার দিকে একটি মিছিল নিয়ে এসে একদল লোক বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় কয়েকটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সেলিম উদ্দিন, তাজ উদ্দিন নবাব, আকবর হোসেন, শেখ বাবর, আরিফ ও আরমান আহমেদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার সময় তারা বাড়িতে উপস্থিত ছিলেন না; বরং শিশু, কমবয়সী পুরুষ, নারী ও বৃদ্ধরা বাড়িতে ছিলেন। তিনি দাবি করেছেন যে, গত এক মাস ধরে হামলার চেষ্টা চলছিল। তার ভাষ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পরপর মিছিল নিয়ে প্রায় দুইশ লোক এসে হামলা চালায়, যাদের বেশির ভাগই বহিরাগত। তারা পাঁচটি ঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং দুটি ঘরে আগুন দেয়।

সেলিম অভিযোগ করেছেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল এবং হামলার পর উল্টো বাড়ির পাঁচ বাসিন্দাকে ধরে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘরগুলোর আলমারি খোলা, টেলিভিশন ও জানালা-দরজা ভাঙা এবং কাপড়চোপড়সহ নানা জিনিস মাটিতে ছড়ানো অবস্থায় রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে বিএনপি নেতা ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় এক নেতা বলেছেন, বাড়িটিতে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে দলের লোকজন সেখানে গেলে তাদের ওপর হামলা হয় এবং বিএনপির লোকজনও আহত হয়েছেন। হামলার অভিযোগে বিএনপির পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও দেখে ঘটনাটি যাচাই করতে পুলিশের একটি দল সেখানে গেছে। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন।

ভাঙচুরের সময় পুলিশ উপস্থিত ছিল, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ নিয়ে থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে নবান্নের আমেজ, সোনালি আমনে হাসি ও উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


টাঙ্গাইলে নবান্নের আমেজ, সোনালি আমনে হাসি ও উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

হেমন্তের ভোরে

শীতের আগমনের বার্তা প্রকৃতিতে ধরা পড়েছে শিশিরভেজা দুর্বাঘাস, হালকা কুয়াশার চাদর এবং মিষ্টি রোদের ঝিলিকে। টাঙ্গাইলের বিস্তীর্ণ ফসলি মাঠজুড়ে এখন মৃদু বাতাসে দোল খাচ্ছে পাকা আমন ধানের সোনালি শীষ। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কাটা ধান মাড়াই ও রোদে শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলার ব্যস্ততার পাশাপাশি খেজুরের রস সংগ্রহ এবং পিঠা-পায়েসের প্রস্তুতির মধ্যে জেলার গ্রামীণ জনপদে আবহমান বাংলার নবান্ন উৎসবের আমেজ বিরাজ করছে। তবে বাম্পার ফলনের আনন্দের মাঝে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাষাবাদের বাড়তি খরচ। সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভালো ফলন পেয়েও লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন প্রান্তিক চাষিরা।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি বছরে ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনুকূল পরিবেশের কারণে আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪৫০ হেক্টর বেশি। এ ছাড়া চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন। সরেজমিনে জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পাকা ধানের মৌ মৌ গন্ধে চারপাশ মুখরিত। ধান কাটা ও মাড়াইকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফসল ঘরে তোলার এই কার্যক্রমে পুরুষের পাশাপাশি সমানতালে শ্রম দিচ্ছেন কৃষাণীরাও। মাঠে কর্মরত একাধিক কৃষাণীর সঙ্গে কথা বলে জানা যায়, ধান কাটা, মাড়াই ও রোদে শুকানো পর্যন্ত তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। তবে গোলায় নতুন ধান ওঠার আনন্দে সব ক্লান্তি নিমেষেই মিলিয়ে যায়। সারা বছরের ভাতের জোগান নিশ্চিত করতে ধান সেদ্ধ করে সংরক্ষণের পাশাপাশি শীতকালীন পিঠা-পায়েস তৈরির জন্য আলাদাভাবে সেদ্ধ ছাড়া ধান রেখে দিচ্ছেন তারা।

প্রান্তিক কৃষকদের দাবি, নবান্নের প্রকৃত আনন্দ ধরে রাখতে এবং কৃষিকে বাঁচাতে হলে মৌসুমের শুরুতেই কৃষি উপকরণের বাজার কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য জোর দাবি জানান তারা। স্থানীয় কৃষক আনিসুর রহমান, আমজাদ আলী, মনির হোসেন, খোরশেদ আলম, আক্কাছ আলী সহ অনেকেই জানান, আমনের চারা রোপণের পর থেকে সার-কীটনাশক প্রয়োগ ও নিবিড় পরিচর্যার দীর্ঘ প্রতীক্ষা শেষে আসে এই কাঙ্ক্ষিত মৌসুম। মাঠের ধান সোনালি রং ধারণ করলে মণ আনন্দে ভরে ওঠে। নতুন ধান ঘরে ওঠার পরপরই বাড়ি বাড়ি শুরু হয় নবান্নের উৎসব। নতুন চালের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের আপ্যায়ন করা এ অঞ্চলের এক প্রাচীন ঐতিহ্য। পরিবারের সারা বছরের খোরাকির জন্য ধান রেখে অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করেই চলে তাদের সংসারের অন্যান্য ব্যয়।

তবে নবান্নের এই আনন্দ-উৎসবের আড়ালেও লুকিয়ে আছে কৃষকের দীর্ঘশ্বাস। কৃষক আব্দুল কাদের মোল্লা, নাজমুল আলম, আব্দুল খালেক, আরশেদ আলী, আব্দুস সামাদ সহ অনেকেই আক্ষেপ করে জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু মৌসুমের শুরু থেকেই সার ও কীটনাশকের দাম ছিল আকাশছোঁয়া। তার ওপর প্রয়োজনের সময় বাজারে উপকরণের কৃত্রিম সংকট তৈরি করায় বাড়তি দামে সার-কীটনাশক কিনতে হয়েছে। এতে বিঘাপ্রতি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে বাম্পার ফলন হয়েও কাঙ্ক্ষিত লাভ না হওয়া এবং লোকসানের আশঙ্কা রয়েছে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ মাঠপর্যায়ের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানান, ইতোমধ্যে জেলার মোট আবাদকৃত জমির ২০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং পুরো ধান কাটা শেষ হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধার স্বাক্ষর, আন্তর্জাতিক মঞ্চে রাজবাড়ীর নিবীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


মেধার স্বাক্ষর, আন্তর্জাতিক মঞ্চে রাজবাড়ীর নিবীর

রাজবাড়ীর বালিয়াকান্দির খুদে শিক্ষার্থী মুনতাসির আবিদ নিবীর মাত্র ১০ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে সে।

নিবীর আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। সে নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. আসাদুজ্জামান এবং মা নাসরিন বেগম একজন শিক্ষক। তাদের আবাসস্থল উপজেলার ঘিকমলা গ্রামে।

সম্প্রতি, এমএফআই সায়েন্স ক্লাবের আয়োজনে জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অসাধারণ কৃতিত্বের পরিচয় দেয় নিবীর। এই কৃতিত্বের মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে জাতীয় পর্যায়ের সনদ ও মেডেল তুলে দেওয়া হয়।

নিবীরের বাবা মো. আসাদুজ্জামান জানান, তার ছেলে ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহী। মোবাইল ফোনে ভিডিও দেখার সময় সাধারণ বিনোদনের চেয়ে বিজ্ঞানবিষয়ক ভিডিও ও ঐতিহাসিক ঘটনাবলি দেখতে বেশি পছন্দ করত সে। পরিবারের সদস্যরা মনে করেন, জানার প্রতি প্রবল আগ্রহ ও বিজ্ঞানমনস্কতাই তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করে খুদে শিক্ষার্থী নিবীর জানায়, এমএফআই সায়েন্স ক্লাবের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে সে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য সবার কাছে দোয়া চেয়েছে এই খুদে শিক্ষার্থী।

নিবীরের এমন অর্জনে আনন্দিত তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। শিক্ষকদের প্রত্যাশা, তার এই সাফল্য বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নিবীরের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জানান, মোবাইল ফোন ও প্রযুক্তিকে শুধু নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। সঠিক ব্যবহারের মাধ্যমে শিশুরা জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে পারে। নিবীর নিজ প্রচেষ্টায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা অন্য শিশুদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ। আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছে উপজেলা প্রশাসন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন শর্তে নিবন্ধন ও পর্যবেক্ষণের নীতিমালার খসড়া চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন শর্তে নিবন্ধন ও পর্যবেক্ষণের নীতিমালার খসড়া চূড়ান্ত

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নতুনভাবে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। নতুন এই নীতিমালার আওতায় নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার পূর্বের নিবন্ধন বাতিল করা হবে এবং কিছু নতুন শর্ত সংযুক্ত করা হয়েছে। কমিশন শিগগিরই নীতিমালার চূড়ান্ত খসড়া অনুসারে প্রজ্ঞাপন জারি করবে।

মঙ্গলবার (১৭ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. জাহাংগীর আলম। তিনি উল্লেখ করেন, কমিশন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে পর্যবেক্ষণ নীতিমালাটি চূড়ান্ত করেছে এবং এটি দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

নতুন নীতিমালার অধীনে নিবন্ধনের জন্য সংস্থার কর্মকৌশল, গঠনতন্ত্র এবং রাজনৈতিক নিরপেক্ষতা যাচাই করা হবে। পূর্ববর্তী নীতিমালায় যেখানে পর্যবেক্ষক হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, সেখানে এবার তা বাড়িয়ে এইচএসসি বা সমমান নির্ধারণ করা হয়েছে।

অতীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন প্রদানকারী সংস্থাগুলোর নিবন্ধন না দেওয়ার বিধানও রাখা হয়েছে। এছাড়া, পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হন কিংবা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে সেই সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে না।

নতুন নীতিমালার ৪ নম্বর ধারা অনুযায়ী, নিবন্ধনপ্রার্থী সংস্থাগুলোকে আবেদন ফরম (EO-1) পূরণ করে নির্ধারিত কাগজপত্রসহ নির্বাচন কমিশনে জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং এতে আপত্তির সুযোগ থাকবে। আপত্তির ভিত্তিতে শুনানি করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রত্যেক নিবন্ধনের মেয়াদ থাকবে ৫ বছর। এই সময়ের মধ্যে সংস্থাগুলোকে অন্তত ১টি জাতীয় সংসদ নির্বাচন এবং ৪টি স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি, দুই বছর পরপর বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

শর্ত পূরণ সাপেক্ষে নিবন্ধন নবায়ন করা যাবে। নবায়নের আবেদনপত্র জমা দেওয়ার পর কমিশন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে।

যদি কোনো সংস্থা নীতিমালা লঙ্ঘন করে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে কমিশন নোটিশ দিয়ে জবাব চাবে। অভিযোগ প্রমাণিত হলে শুনানির মাধ্যমে সেই সংস্থার নিবন্ধন বাতিল করা হবে। এই সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।

নতুন নীতিমালার ৮ নম্বর ধারা অনুসারে, পর্যবেক্ষক হতে হলে—

• বাংলাদেশের নাগরিক হতে হবে;

• বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর;

• ন্যূনতম এইচএসসি বা সমমান পাস করতে হবে;

• কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকা যাবে না;

• মনোনীত সংস্থার মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে;

• অঙ্গীকারনামা স্বাক্ষর ও সংশ্লিষ্ট আইন-বিধি মানতে হবে।

"Guidelines for International Election Observer and Foreign Media"-তে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হয়নি।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি পর্যবেক্ষক নিবন্ধনের প্রথা চালু করে। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা ও নিবন্ধিত সংস্থার পরিমাণ ছিল নিম্নরূপ:

• ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন: ৩৫টি সংস্থা, ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক।

• ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৮১টি সংস্থা, ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক।

• ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৮০টি সংস্থা, ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এই নীতিমালাকে স্বাগত জানিয়ে বলেন, "পর্যবেক্ষকদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা উচিত ছিল। কারণ ভোট পর্যবেক্ষণ কেবল উপস্থিতি দেখানো নয়, পরবর্তীতে আন্তর্জাতিক মানের প্রতিবেদন দাখিলও এর অংশ।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%