০৬:০৬ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দ্বিপক্ষীয় সহযোগিতাকে বাণিজ্যের সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত করার উদ্দেশ্যে আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য প্রদান করবে তুরস্ক। এই সফরের সময় শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
প্রতিনিধিদলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা)- বাংলাদেশ কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করা। এর ফলে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি খাতের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
সফরের সময় আঙ্কারায় প্রতিনিধিদলটি তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এছাড়া, তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ (টুবিটাক) এবং উচ্চশিক্ষা পরিষদের (ইয়োক) সঙ্গেও তাদের আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় প্রতিনিধিদলটি দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর, প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায়বিষয়ক অধিদপ্তর এবং ধর্মবিষয়ক অধিদপ্তরের সঙ্গে বৈঠক করবে।
আঙ্কারায় আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রতিনিধিদলটি ইস্তাম্বুল সফর করবে এবং সেখানকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো পরিদর্শন করবে।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন