শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫০ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : খাদ্যপণ্য এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জাপানে অক্টোবর মাসে মূল্যস্ফীতি আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাজা শাকসবজি ও ফলমূলের মতো অস্থিতিশীল দামের পণ্য বাদ দিয়ে হিসাব করা মূল্যস্ফীতির হার অক্টোবরে বেড়ে ২ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে এই হার ছিল ২ দশমিক ১ শতাংশ।
তবে ব্লুমবার্গের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২ দশমিক ৩ শতাংশের তুলনায় সর্বশেষ এই হার কিছুটা কম।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং জাপানি মুদ্রা ইয়েনের দুর্বলতা আমদানিনির্ভর পণ্যের দাম বৃদ্ধি করছে। এর মধ্যে খাদ্যপণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকার পেট্রল ও বিদ্যুতের ওপর দেওয়া ভর্তুকি কমিয়ে দেওয়ার ফলে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির চাপ মোকাবেলা করতে আগে এসব ভর্তুকি দেওয়া হয়েছিল।
গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে জাপানে বিদ্যুতের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। অথচ সেপ্টেম্বরে বিদ্যুতের দাম ২ দশমিক ৪ শতাংশ কম ছিল।
অন্যদিকে, অক্টোবরে গ্যাসের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বরে এই বৃদ্ধির হার ছিল মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্সেল থিলিয়াঁ মন্তব্য করেন, সরকারের ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে। তিনি বলেন, ‘এক বছর পর প্রথমবারের মতো বিদ্যুতের মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় ফিরেছে।’
তিনি আরও জানান, ‘শীত মৌসুমে সরকার আবারও ভর্তুকি চালু করবে। তবে এবার ভর্তুকির পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি হবে না।’
তিনি সতর্ক করে বলেন, ‘ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য নির্ধারণের হার এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফলে শিগগিরই বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার দাম দুই অঙ্কের হারে বাড়তে পারে।’
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শীতকালে জ্বালানির বাড়তি চাহিদা মোকাবেলা করতে নতুন করে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী বছর থেকে খাদ্যপণ্যের ওপর দুই বছরের জন্য ভোগকর কমানোর পরিকল্পনাও রয়েছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, জাপানি মুদ্রা ইয়েনের দীর্ঘস্থায়ী দুর্বলতা ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
গত মাসে জাপানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, দেশটিতে মূল্যস্ফীতি তাদের নির্ধারিত ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। আগামী কয়েক মাসে বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি ২ শতাংশের স্পষ্ট ওপরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা বৃদ্ধির কারণে সেমিকন্ডাক্টরের মতো পণ্যের দাম বাড়াও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে।
শুক্রবার প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ পরিসংখ্যান জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি আরও কঠোর করার পক্ষে যুক্তি জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরেই জাপানের কর্মকর্তারা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। এর পাশাপাশি অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন। বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনার ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনা কমানোর এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার পাঁচটি উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগগুলোর মধ্যে বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়ন, কয়েক হাজার চালককে প্রশিক্ষণ প্রদান, যাত্রীদের সচেতন করতে প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণ, সড়কের বাঁকে নির্দেশক চিহ্ন আরও স্পষ্টভাবে স্থাপন এবং সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা অন্তর্ভুক্ত রয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় ২০২৫ সাল পর্যন্ত ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন।
সংস্থাটির পৃথক পারিবারিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৩০০টি পরিবার সড়ক দুর্ঘটনায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, বাস ও পিকআপ দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে।
২০২৫ সালের বার্ষিক পরিসংখ্যানেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। ওই বছর দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনা, পথচারীদের নিরাপত্তাহীনতা এবং গণপরিবহনের অনিয়ন্ত্রিত চলাচল সড়ক নিরাপত্তার অন্যতম বড় উদ্বেগ হিসেবে চিহ্নিত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের অদক্ষতা, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতাও দুর্ঘটনার জন্য দায়ী।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বাসস-কে বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা বাড়ছে। এর প্রধান কারণ ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানো। দুর্ঘটনা কমাতে নিয়মিত ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।"
দেশে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সড়ক পরিবহন আইন, ২০১৮ বিদ্যমান রয়েছে। ২০১৯ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই আইনে চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারীদের দায়িত্ব নির্ধারণের পাশাপাশি আইন অমান্যের জন্য বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।
তবে, বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সড়ক নিরাপত্তার পরিবর্তিত বাস্তবতা, যানবাহনের ধরন এবং দুর্ঘটনার নতুন ঝুঁকি বিবেচনায় নিয়ে আইন আরও কার্যকর করা প্রয়োজন।
সরকারের দ্বিতীয় উদ্যোগ হলো চালকদের দক্ষতা বাড়ানো। এই লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কয়েক হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। প্রশিক্ষণের মাধ্যমে চালকদের ট্রাফিক আইন, নিরাপদ গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা এবং সড়কে দায়িত্বশীল আচরণ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্য রয়েছে। কারণ, যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে অনেক চালক ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়।
তৃতীয় উদ্যোগ হিসেবে যাত্রীদের সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা শুধু চালকদের দায়িত্ব নয়; যাত্রী ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। চলন্ত অবস্থায় চালককে অযথা চাপ না দেওয়া, নির্ধারিত স্থানে ওঠানামা, চলন্ত গাড়িতে ওঠানামা না করা এবং নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এই উদ্যোগের লক্ষ্য।
চতুর্থ উদ্যোগ হলো সড়কের বাঁক ও ঝুঁকিপূর্ণ স্থানে নির্দেশক চিহ্ন আরও স্পষ্টভাবে স্থাপন করা। দেশের অনেক সড়কে বাঁক, মোড়, ঢাল এবং দুর্ঘটনাপ্রবণ স্থানে সতর্কতামূলক চিহ্ন পর্যাপ্ত নয় অথবা দৃশ্যমানতা কম। ফলে চালকরা অনেক সময় আগাম সতর্ক হতে পারেন না। এসব স্থানে স্পষ্ট নির্দেশক ও সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা হলে চালকরা আগে থেকেই গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবেন।
পঞ্চম উদ্যোগ হিসেবে সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, অবৈধ পার্কিং, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ট্রাফিক সংকেত অমান্যের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ এলাকায় টহল, যানবাহনের কাগজপত্র যাচাই এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা জরুরি।
বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাবীবুর রহমান বাসস-কে বলেন, "সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় চালকের বৈধ লাইসেন্স, যানবাহনের ফিটনেস এবং নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিআরটিএ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তবে সড়কে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চালক, মালিক ও যাত্রী-সবারই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।"
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, নিবন্ধন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্রাফিক সংকেত অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইনে এসব অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড এবং চালকের লাইসেন্সের পয়েন্ট কর্তনের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে এসব বিধানের ধারাবাহিক প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে।
এছাড়া চালকদের অতিরিক্ত কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পরিবহন মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে বেশি ট্রিপ সম্পন্ন করার চাপও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই শুধু চালকদের প্রশিক্ষণ দিলেই হবে না, পরিবহন মালিকদেরও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যানবাহনের যান্ত্রিক ত্রুটি শনাক্তে কার্যকর ফিটনেস পরীক্ষা এবং মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক পরিবহন ও সড়ক নিরাপত্তা প্রকৌশল বিশেষজ্ঞ ড. মো. শামসুল হক বাসস-কে বলেন, "সড়ক দুর্ঘটনাকে কেবল চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে সড়কের নকশা, অবকাঠামোগত ত্রুটি, যানবাহনের মান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পথচারীদের নিরাপত্তার বিষয়গুলোও জড়িত। অনেক সড়কে পর্যাপ্ত ফুটপাত, নিরাপদ পারাপারের ব্যবস্থা ও কার্যকর সিগন্যাল নেই। দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগ ও যানবাহন ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।"
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, জেব্রা ক্রসিং দৃশ্যমান করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় গতিসীমা নিয়ন্ত্রণ জরুরি। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা ও দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, আইন সংস্কার, চালকদের প্রশিক্ষণ, যাত্রীদের সচেতনতা, সড়কে পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা— এই পাঁচ উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রগতি সম্ভব। তবে উদ্যোগগুলো কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।
জানতে চাইলে পরিবহন মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসস-কে বলেন, "সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক নির্দেশক চিহ্ন স্থাপন এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হচ্ছে। আইন অমান্যের বিরুদ্ধে কঠোরতা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করছি। তবে শুধু সরকারের উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারী-সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত লকডাউন কার্যক্রম নিষিদ্ধ।
বরিশালের বাবুগঞ্জে দলটির নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভের আয়োজন করেছেন সফলতার লক্ষ্যে। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এবং রামপট্টি স্টেশনের মধ্যবর্তী স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রাতের শেষ ভাগে কিছু নেতাকর্মী ওই এলাকায় জড়ো হয়ে অল্প সময়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ উপস্থিতি টের পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান এবং প্রস্তুতির মধ্যেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ঝটিকা কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ বিষয়ে জানান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাদদেশে সন্ধ্যা নদীর মধ্যে অবস্থান নিয়ে কয়েকজন বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিমানবন্দর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ. ম. রেজাউল করিম, যিনি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, তার গ্রামের বাড়ি এবং নাজিরপুর উপজেলা সদরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে অবস্থিত বাড়িতে এবং রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ. ম. রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা করে। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে উত্তেজিত জনতা রেজাউল করিমের দুই বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ওসি তারিকুল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখতে পেয়েছে। প্রসঙ্গত, বিএনপি অভিযোগ করেছে যে গতকাল বুধবার খুব ভোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে এক হেলপারকে হত্যা করেছে এবং নাজিরপুরে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।
জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পার্কিং
একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে সিয়াম হাওলাদার (২৭) নামের এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু ঘটে। বুধবার (১৮ নভেম্বর) সকালে নিহতের বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামে এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে সিয়ামের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।
নিহত সিয়াম ওই গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিয়াম পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহণ নামের একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো ট্রিপ শেষে মঠবাড়িয়ায় বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম। বুধবার ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। গভীর ঘুমে থাকায় সিয়াম বাস থেকে বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সিয়ামের পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম দুই ভাইয়ের মধ্যে বড়। তার ছোট ভাই সিফাত (১৩) স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিয়ামের মা মৃত্যুবরণ করেন। পরে তার বাবা কবির হোসেন হাওলাদার শিল্পী বেগমকে বিয়ে করেন। অভাব-অনটনের সংসারে সিয়ামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ছেলের আকস্মিক মৃত্যুর খবরে ইদিলকাঠী গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, "আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওঁকে হারিয়ে আমড়া এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।" সিয়ামের প্রতিবেশী চাচা সোহেল হাওলাদার বলেন, "সিয়াম এলাকার অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সংসারের চরম অভাব অনটনের কারণে খুব ছোটবেলাতেই সে সংসারের হাল ধরতে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়েছিল।"
অপরদিকে, খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত সিয়ামের মরদেহ দাফন-কাফনের সময় এখনও নির্ধারণ করা হয়নি। একজন তরুণ উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ