প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পার্কিং
একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে সিয়াম হাওলাদার (২৭) নামের এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু ঘটে। বুধবার (১৮ নভেম্বর) সকালে নিহতের বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামে এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে সিয়ামের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।
নিহত সিয়াম ওই গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিয়াম পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহণ নামের একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো ট্রিপ শেষে মঠবাড়িয়ায় বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম। বুধবার ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। গভীর ঘুমে থাকায় সিয়াম বাস থেকে বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সিয়ামের পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম দুই ভাইয়ের মধ্যে বড়। তার ছোট ভাই সিফাত (১৩) স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিয়ামের মা মৃত্যুবরণ করেন। পরে তার বাবা কবির হোসেন হাওলাদার শিল্পী বেগমকে বিয়ে করেন। অভাব-অনটনের সংসারে সিয়ামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ছেলের আকস্মিক মৃত্যুর খবরে ইদিলকাঠী গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, "আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওঁকে হারিয়ে আমড়া এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।" সিয়ামের প্রতিবেশী চাচা সোহেল হাওলাদার বলেন, "সিয়াম এলাকার অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সংসারের চরম অভাব অনটনের কারণে খুব ছোটবেলাতেই সে সংসারের হাল ধরতে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়েছিল।"
অপরদিকে, খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত সিয়ামের মরদেহ দাফন-কাফনের সময় এখনও নির্ধারণ করা হয়নি। একজন তরুণ উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন