প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : খাদ্যপণ্য এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জাপানে অক্টোবর মাসে মূল্যস্ফীতি আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাজা শাকসবজি ও ফলমূলের মতো অস্থিতিশীল দামের পণ্য বাদ দিয়ে হিসাব করা মূল্যস্ফীতির হার অক্টোবরে বেড়ে ২ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে এই হার ছিল ২ দশমিক ১ শতাংশ।
তবে ব্লুমবার্গের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২ দশমিক ৩ শতাংশের তুলনায় সর্বশেষ এই হার কিছুটা কম।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং জাপানি মুদ্রা ইয়েনের দুর্বলতা আমদানিনির্ভর পণ্যের দাম বৃদ্ধি করছে। এর মধ্যে খাদ্যপণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকার পেট্রল ও বিদ্যুতের ওপর দেওয়া ভর্তুকি কমিয়ে দেওয়ার ফলে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির চাপ মোকাবেলা করতে আগে এসব ভর্তুকি দেওয়া হয়েছিল।
গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে জাপানে বিদ্যুতের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। অথচ সেপ্টেম্বরে বিদ্যুতের দাম ২ দশমিক ৪ শতাংশ কম ছিল।
অন্যদিকে, অক্টোবরে গ্যাসের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বরে এই বৃদ্ধির হার ছিল মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্সেল থিলিয়াঁ মন্তব্য করেন, সরকারের ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে। তিনি বলেন, ‘এক বছর পর প্রথমবারের মতো বিদ্যুতের মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় ফিরেছে।’
তিনি আরও জানান, ‘শীত মৌসুমে সরকার আবারও ভর্তুকি চালু করবে। তবে এবার ভর্তুকির পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি হবে না।’
তিনি সতর্ক করে বলেন, ‘ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য নির্ধারণের হার এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফলে শিগগিরই বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার দাম দুই অঙ্কের হারে বাড়তে পারে।’
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শীতকালে জ্বালানির বাড়তি চাহিদা মোকাবেলা করতে নতুন করে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী বছর থেকে খাদ্যপণ্যের ওপর দুই বছরের জন্য ভোগকর কমানোর পরিকল্পনাও রয়েছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, জাপানি মুদ্রা ইয়েনের দীর্ঘস্থায়ী দুর্বলতা ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
গত মাসে জাপানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, দেশটিতে মূল্যস্ফীতি তাদের নির্ধারিত ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। আগামী কয়েক মাসে বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি ২ শতাংশের স্পষ্ট ওপরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা বৃদ্ধির কারণে সেমিকন্ডাক্টরের মতো পণ্যের দাম বাড়াও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে।
শুক্রবার প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ পরিসংখ্যান জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি আরও কঠোর করার পক্ষে যুক্তি জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরেই জাপানের কর্মকর্তারা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন