শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৫ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ কিছুটা দুর্বল হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ সকাল ১১টার দিকে এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর অবস্থান ১৮.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রয়েছে।
আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। একই সময়ে এটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৮৩০ কোটি (৪৮ দশমিক ৩ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৩ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে মার্কিন সামরিক বাহিনীর এই ব্যয় হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার এ তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই ব্যয়ের মধ্যে গোলাবারুদ, ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপন এবং সামরিক অভিযান পরিচালনার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
এর আগে, গত ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮০০ কোটি (৩৮ বিলিয়ন) ডলার বলে হিসাব দিয়েছিল মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)। নতুন হিসাব অনুযায়ী, ওই সময়ের পর থেকে যুদ্ধের ব্যয় আরও বেড়েছে।
তবে পেন্টাগনের দেওয়া ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের হিসাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত নেই। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব ঘাঁটির কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, সেটিও এই হিসাবের বাইরে রয়েছে।
যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাণিজ্য ও নৌপরিবহনেও অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করছে ইরান। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীও সউদী আরবের তেল অবকাঠামো ও জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই অবরোধ কার্যকর রাখতে বিমানবাহী রণতরীসহ বড় ধরনের নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন রেখেছে ওয়াশিংটন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন। এটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিনের ঘটনা। তিনি এ সময় মন্তব্য করেন, “আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার। নইলে ফল ভালো হবে না।”
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান। সফরকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
ড. খলিলুর রহমান এ সময় বলেন, “আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।”
রায় কার্যকর হওয়ার বিষয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।”
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে তিনি মন্তব্য করেন, “তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তাঁরা আবারও নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সেজন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি করতে হবে। প্রত্যাবাসন হতে হবে এমন পরিবেশে, যেখানে তাঁরা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, “বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থী শিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় আকারে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত যশোরে ১২৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। এদিন ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরের দিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান। সেখানে উপস্থিত রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।
এই সফরের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। রোহিঙ্গারা নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমন একটি সময়ে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করে। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় কেবল আইনি স্বীকৃতি বা ন্যায়বিচারের বিষয় নয়, বরং এর সঙ্গে তাদের নিজ দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষাও জড়িত। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করবে।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এজন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরকাল ক্যাম্পে থাকতে চান না।
আইসিজের রায় তাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কিন মং বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এজন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমানকে রোহিঙ্গা শিবিরে স্বাগত জানাচ্ছেন তারা। তিনি আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে তাদের আশা।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন এই রোহিঙ্গা নেতা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ