বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৪ এম
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এর প্রভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের রামগতিতে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬ মিলিমিটার এবং কুতুবদিয়ায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শৈশবের দিনগুলো থেকে শুরু করে বয়স্কদের জন্যও দোলনায় চাপার আনন্দের অভিজ্ঞতা একেবারে আলাদা। যখনই কোনো পার্কে বা বেড়াতে বড়দের জন্য উপযোগী দোলনা দেখা যায়, তখন ছোটদের পাশাপাশি বড়রাও লোভ সামলাতে পারেন না, এমন দৃশ্য অনেকেরই চোখে পড়ে।
বয়স বাড়লেও খেলার মাঠের সেই পরিচিত আনন্দটি শরীর ও মনকে চাঙা রাখতে সাহায্য করে, যা অনেকের কাছে অজানা। দোলনায় দোলা কেবলমাত্র ‘ছোটদের খেলা’ নয়; বরং এটি একঘেয়েমি কাটানোর এবং সুস্থ থাকার একটি চমৎকার উপায়।
শরীরের অজান্তেই ব্যায়াম
দোলনায় বসে ছন্দ বজায় রাখতে পায়ের ওপর চাপ দিতে হয়। একই সঙ্গে দোলনার শিকল শক্ত করে ধরে শরীরের ভারসাম্যও রক্ষা করতে হয়। এই সহজ কাজগুলো করতে গিয়ে হাত-পা এবং পেটের পেশিতে টান অনুভূত হয়, ফলে হৃৎস্পন্দন বেড়ে যায়। এর ফলে হৃদযন্ত্র সচল ও সুস্থ থাকে।
অস্থিসন্ধিতে আরাম ও ক্যালোরি ক্ষয়
অনেকে দৌড়ানো বা ভারী ব্যায়ামের সময় হাঁটু বা অস্থিসন্ধিতে ব্যথা কিংবা ঝাঁকুনির অস্বস্তি অনুভব করেন। কিন্তু দোলনায় দোলা তুলনায় অনেক বেশি আরামদায়ক। নিয়মিত দোলালে রক্তসঞ্চালন বাড়ে এবং শরীরের নমনীয়তা উন্নত হয়।
ভারসাম্য ও মনোযোগ বৃদ্ধি
দোলনার গতির সঙ্গে শরীরের ছন্দ মেলাতে গিয়ে একটি সূক্ষ্ম সমন্বয় তৈরি হয়। এর ফলে শারীরিক ভারসাম্য যেমন উন্নত হয়, তেমনি পারিপার্শ্বিক সচেতনতা ও একাগ্রতা বাড়ে।
যোগব্যায়াম বা মেডিটেশনের মতো দোলনার ছন্দোময় দুলুনি মনের ওপরও প্রশান্তির প্রভাব ফেলে। এতে শ্বাস-প্রশ্বাস ধীর হয় এবং স্নায়বিক চাপ কমে যায়। একই সঙ্গে শরীর থেকে নিঃসৃত হয় ‘এন্ডরফিন’—যা মূলত মন ভালো রাখার হরমোন। সারা দিনের ক্লান্তি এবং অস্থিরতা কাটিয়ে মনকে শান্ত করতে কয়েক মুহূর্তের দোলনা-বিলাস বেশ কার্যকর হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ আবু সাঈদের পরিবার।
রায় ঘোষণার পর শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী পরিবারের পক্ষ থেকে মন্তব্য করেন, “আমরা এ রায়ে খুশি হয়েছি। তবে রায় যেন দ্রুত কার্যকর করা হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
অন্যদিকে, আবু সাঈদের বাবা মকবুল হোসেন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “শুধু রায় ঘোষণা করেই যেন শেষ না হয়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।”
এ বিষয়ে আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “ছেলেকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা তো কোনোদিন পূরণ হবে না। আর যেন আমার মতো কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অন্যান্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন মন্তব্য করেন, মুজিব কোট পরিহার করলেই কেউ বিএনপি হয়ে যায় না। তিনি বলেন, যারা আওয়ামী লীগের পক্ষে অত্যাচার করেছে, তাদের পুনর্বাসনের প্রয়োজন নেই। বিএনপির কর্মী সংখ্যা পর্যাপ্ত রয়েছে। অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে—মানুষকে অত্যাচার করার জন্য এবং খুনের রানীকে সমর্থন দেওয়ার জন্য। বর্তমানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই—এটি এখন “পলাতক লীগ” হিসেবে পরিচিত।
সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা উত্তর থানার পশ্চিমে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা দাবি করে নাগরিক জমায়েত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, আজ ১৭ই নভেম্বর—বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য যে আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে বাংলাদেশের ১৫ বছরের জনগণের কাঁধে চেপে বসা এক অবৈধ স্বৈরাচার, অবৈধ প্রধানমন্ত্রী, যিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন, গুম-খুনসহ অসংখ্য গুরুতর অভিযোগের মুখোমুখি—তার বিচার কার্যক্রম চলছে।
তিনি আশা প্রকাশ করেন যে এই বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা চাই অবিলম্বে ন্যায়সঙ্গত বিচার হোক এবং তার অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।
গত বহু বছর ধরে শেখ হাসিনা বিরোধীদের দমন করেছেন, মানুষের ওপর গুম, হত্যা ও নির্যাতনের মাধ্যমে নিজের শাসনকে পাকাপোক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, আমার সহযোদ্ধা ইলিয়াস আলীকেও গুম করা হয়েছিল। যারা তার বিরুদ্ধে কথা বলেছেন, তাদের অনেককে হত্যা, গুম ও হয়রানির শিকার হতে হয়েছে। অনেকেই পরিবারের কাছে ফিরে যেতে পারেননি। এই “খুনের রানী”, জনগণের ক্ষমতা হরণকারী ব্যক্তি ১৫ বছর দেশের ওপর শাসন ও শোষণ চালিয়েছেন। তিনি নির্বিচারে লুটপাট করেছেন এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি চাপিয়ে দিয়েছেন।
তার নির্দেশে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন শক্তি ব্যবহার করে বিরোধীদের দমন করা হয়েছে। ফলে দেশের মানুষ অবশেষে ১৫ বছর পর তাকে ক্ষমতা থেকে নামিয়েছে। তিনি গর্ব করে বলতেন “শেখের বেটি পালায় না”—কিন্তু এখন তিনি বিদেশে পালিয়ে আছেন।
তিনি বলেন, আমাদের জীবনের মূল্য তিনি কখনোই দেননি। আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। অনেকে অন্যায়ভাবে ফাঁসির মুখে পড়েছে। তাই আমরা অন্যায়ের প্রশ্রয় চাই না—আমরা চাই তার ন্যায়সঙ্গত বিচার এবং প্রয়োজনীয় শাস্তি।
তিনি অসংখ্য মানুষকে হত্যা, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করেছেন। আমাকেও নির্যাতন করা হয়েছে। আমার বিরুদ্ধে ৩৭টির বেশি মামলা দেওয়া হয়েছিল। আমি যখন হাসপাতালে অক্সিজেন নিয়ে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম, তখনও আমাকে হুইলচেয়ারে করে আদালতে নেওয়া হয়েছিল। আমার আইনজীবী বলেছিলেন আমি গুরুতর অসুস্থ—তবুও তিনি রেহাই দেননি। অপারেশনের আট দিনের মাথায় আমাকে আদালতে দাঁড় করানো হয়েছিল।
আমার মতো অসংখ্য মানুষ এভাবে নির্যাতনের শিকার হয়েছেন। গোপালগঞ্জের বিচারক আমাকে এমন অবস্থায় জেলে পাঠিয়েছিলেন—পরবর্তীতে তাকেই পুরস্কার হিসেবে হাইকোর্টের বিচারপতি বানানো হয়েছে। এমন অবিচারের জন্য সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
আজ পদ্মা সেতুর উত্তর প্রান্তে আমাদের মতো মজলুম মানুষরা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। যারা তার সময় কোনো ত্যাগ করেনি, যারা সুযোগ-সুবিধা ভোগ করেছে—তারা আজ রাজপথে নেই। অথচ যারা নির্যাতিত হয়েছে—তারা আজ ন্যায় বিচারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে।
আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা, হত্যা ও মামলা করেছে—তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি আজ তাদের সাথে হাত মিলিয়ে চলছেন। দল ভারী করার জন্য এসব সন্ত্রাসী, লুটেরা, মাদক ব্যবসায়ীদের বিএনপিতে আনার কোনো প্রয়োজন নেই। যারা জনগণের ঘৃণার পাত্র—তাদের দলে রাখা উচিত নয়।
ড. আসাদুজ্জামান বলেন, আমাদের দেশের এমপিরা একবার এমপি হলেই এলাকায় থাকে না। তারা শহরে থাকে, আর এলাকায় এলেও শুধু প্রধান অতিথি হয়ে আসে। আমরা অতিথি এমপি চাই না—আমরা চাই এলাকার সন্তান হিসেবে দায়িত্ব পালনকারী এমপি। যদি এমপি এলাকায় থাকেন—উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি-সবারই এলাকায় থাকা নিশ্চিত হবে। এতে ঘুষ-দুর্নীতি কমবে, আইনশৃঙ্খলা ভালো থাকবে, উন্নয়ন সঠিকভাবে হবে। হাসপাতাল, স্কুল, রাস্তা—সবকিছু সঠিকভাবে তদারকি করা যাবে।
মানুষ যে পরিবর্তনের জন্য ৫ আগস্ট আন্দোলন করেছে—তার প্রতিফলন আগামী নির্বাচনে দেখতে চাই। আমরা এমন সরকার চাই, যাকে আমরা বলতে পারি—এটাই আমাদের সরকার।
ইমাম না থাকলে মসজিদের কাজ চলে না, ওসির কাজ চৌকিদার করতে পারে না। যার কাজ তারই করতে হবে। তাই আমি নিজে মানুষের মাঝে থাকি—সহযোগী পাঠিয়ে দায়িত্ব এড়াই না।
আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছি—নিজের সুবিধার জন্য নয়। আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।
ন্যায়বিচারের দাবিতে, মানুষের অধিকারের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি—পদ্মা সেতুর উত্তর প্রান্তে। মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় এবং লৌহজং উপজেলা বিএনপি নেতা মোসারফ হোসেন নসু-র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শেখ জাহাঙ্গীর আলম, বর্ষিয়ান বিএনপি নেতা আব্দুর রহমান শেখ, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব দেওয়ান জহির আমিন, হলদিয়া ইউনিয়ন বিএপি নেতা কামাল খান, কুমারভোগ ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস শেখ, থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান আল-আমিন, কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ আহম্মেদ প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর মন্তব্য করেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি দেয়া হচ্ছে।”
জাহাঙ্গীর আলম আরও বলেন, “তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছে। রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু দেখছি না। এখনও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে।”
এছাড়া, আত্মরক্ষার স্বার্থে গুলি করার বিধান রয়েছে বলে দুর্বৃত্তদের হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি উল্লেখ করেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেয়া হবে’ বলে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ প্রদান করে। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ