ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়ার সতর্কতা


দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়ার সতর্কতা

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি আর কতদিন, কমলেই বাড়বে শীতের অনুভূতি

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় আকারে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: দুর্বল হয়ে উড়িষ্যার পথে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত যশোরে ১২৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। এদিন ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে হবে।

আরও পড়ুন: ১০ জেলার জন্য আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যার রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


গণহত্যার রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরের দিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান। সেখানে উপস্থিত রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।

এই সফরের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। রোহিঙ্গারা নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমন একটি সময়ে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করে। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় কেবল আইনি স্বীকৃতি বা ন্যায়বিচারের বিষয় নয়, বরং এর সঙ্গে তাদের নিজ দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষাও জড়িত। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করবে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এজন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরকাল ক্যাম্পে থাকতে চান না।

আইসিজের রায় তাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কিন মং বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এজন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমানকে রোহিঙ্গা শিবিরে স্বাগত জানাচ্ছেন তারা। তিনি আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে তাদের আশা।

রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন এই রোহিঙ্গা নেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ, ৪ জনকে ফেরত পাঠালো বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ, ৪ জনকে ফেরত পাঠালো বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে চারজন ভারতীয় নাগরিক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই চেষ্টা চালালেও, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান এবং প্রতিরোধের কারণে বিএসএফ শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

বিজিবির গোয়েন্দা তথ্য এবং সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরে শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, "সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু হানিফের দাবি, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


আবু হানিফের দাবি, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর নির্দিষ্ট ধারা অনুযায়ী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই দাবি তুলে ধরেন।

আবু হানিফ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীরা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তারা দুটি থানা ও তিন সংসদ সদস্যের বাড়িসহ অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ফরিদপুর, পিরোজপুর ও নড়াইলে হামলায় ৪ জন নিহত হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনাগুলো রাজনৈতিক কর্মসূচির অংশ নয়, বরং এটি স্পষ্টতই সহিংস কর্মকাণ্ড। আবু হানিফ মন্তব্য করেন যে, এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হচ্ছে না, বরং এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।

গণঅধিকার পরিষদের এই মুখপাত্র আইনগত পদক্ষেপের দাবি জানিয়ে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনা এবং সাম্প্রতিক সময়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতিসাধন ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার অভিযোগ তুলে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ৬ ও ধারা ১৮(১) অনুযায়ী দলটিকে নিষিদ্ধ করার সময় এসেছে বলে উল্লেখ করেন।

আবু হানিফ তার পোস্টে আরও দাবি করেন যে, নিষিদ্ধ থাকা দলটির পলাতক নেতারা বিদেশ থেকে অর্থায়ন করছেন এবং দেশে অবস্থানরত নেতাকর্মীরা এসব সহিংস কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি দাবি করেন, প্রচলিত আইনে যেসব অপরাধের কারণে কোনো দল নিষিদ্ধ হতে পারে, সেসব অপরাধ সংঘটিত হওয়ায় আইনগতভাবে তাদের নিষিদ্ধ করা সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনেও কারখানায় কর্মচাঞ্চল্য, উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে শ্রমিকদের ব্যস্ততা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ছুটির দিনেও কারখানায় কর্মচাঞ্চল্য, উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে শ্রমিকদের ব্যস্ততা

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, আন্দোলন এবং উৎপাদন বিঘ্নের কারণে সৃষ্ট ঘাটতি পূরণের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনেও পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। শুক্রবার (২০ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর ও কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও কারখানা চালু ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলগুলোতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, উৎপাদন বন্ধ এবং অন্যান্য কারণে কারখানাগুলোতে যে উৎপাদন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতে সাপ্তাহিক ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্রয়াদেশের পণ্য উৎপাদন ও বিদেশি ক্রেতাদের কাছে সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর ফলে উৎপাদনের গতি ফিরছে এবং শিল্পাঞ্চলেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

শুক্রবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে ১২৬টি পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

গাজীপুরের শিল্পাঞ্চলেও শুক্রবার বেশিরভাগ কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। আন্দোলনে গার্মেন্টস মালিকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ছুটির দিনেও কারখানা চালু রাখা হয়েছে বলে একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর বর্তমানে শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। পুলিশ জানিয়েছে, ছুটির দিনেও অনেক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলেও শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে কারখানায় উৎপাদন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন গার্মেন্টস অস্থিরতা ও লকডাউনের কারণে উপজেলার বিভিন্ন শিল্প এলাকায় অস্থিরতা দেখা দিয়েছিল। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও সূত্রাপুর এলাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক শ্রমিক কাজে আসতে ভয় পাচ্ছিলেন এবং কারখানার মালিকরাও উদ্বিগ্ন ছিলেন।

তবে শুক্রবার উপজেলার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে কোথাও বিক্ষোভ, ভাঙচুর কিংবা মহাসড়ক অবরোধের চিত্র দেখা যায়নি। চন্দ্রা ত্রিমোড়, চন্দ্রা বাসস্ট্যান্ড ও আশপাশের কারখানাগুলোতে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। মৌচাক শিল্প এলাকার কারখানাগুলোতে উৎপাদন চলছে। সফিপুর শিল্প এলাকায় কারখানার গেটে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। দোকানপাট খোলা রয়েছে এবং মানুষের চলাচলও স্বাভাবিক। কালিয়াকৈর বাসস্ট্যান্ডসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে।

মৌচাক শিল্প এলাকার এক শ্রমিক বলেন, "গত কয়েকদিন ভয়ে ছিলাম। আজ শান্তিতে কাজে এসেছি, ভালো লাগছে।" একজন নারী শ্রমিক বলেন, "আমরা গরিব মানুষ। কাজ না করলে সংসার চলবে না। আমরা অশান্তি চাই না, কাজ চাই।" আরেকজন শ্রমিক বলেন, "গত কয়েকদিনের অস্থিরতায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন শান্ত পরিবেশে কাজ করতে পেরে ভালো লাগছে।"

কালিয়াকৈরের শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় সংসদ সদস্য, শ্রমিক নেতা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, "শ্রমিক, মালিক, চালক ও ব্যবসায়ী সবাই তার পরিবারের মতো।" তিনি কাউকে কষ্টে থাকতে দিতে চান না। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান এবং মালিকদেরও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। কালিয়াকৈরে কোনো নৈরাজ্য, কারখানায় ভাঙচুর কিংবা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "শ্রমিকরা পেটের তাগিদে শ্রম বিক্রি করে সংসার চালান। তারা শান্তিতে কাজ করতে ও গাড়ি চালাতে চান।" শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিক হত্যার বিচার এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, "শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।" কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো এবং টহল জোরদার করা হয়েছে। কেউ নৈরাজ্য সৃষ্টি, কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন কিংবা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন এসআরবি এবং ১৩ প্লাটুন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। কালিয়াকৈরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে।

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও কারখানা ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকার তথ্য পাওয়া গেছে। ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দেওয়ার তথ্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, জেলায় প্রায় ৪৫০টি পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপমহাপরিদর্শক শিপন চৌধুরী জানিয়েছেন, শ্রম আইনের ১৩(ক) ধারা অনুযায়ী জেলার কোনো কারখানা বন্ধ করা হয়নি। সব কারখানা চালু রয়েছে এবং শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোট ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের শ্রমিক এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক অস্থিরতার পর কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে। ছুটির দিনেও কাজ চলায় শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে। তবে অতিরিক্ত কর্মদিবসে শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য মজুরি, সুযোগ-সুবিধা এবং অন্যান্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সার্বিকভাবে সাভার-আশুলিয়া, গাজীপুর, কালিয়াকৈর এবং নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%