ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত


ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত

ময়মনসিংহের ভালুকা এলাকায় মুরগীবাহী একটি পিকআপভ্যান এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে শ্রী উত্তম সরকার (৩০) নামের একজন এনজিওকর্মী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বন্দিয়া এলাকায় ভরাডোবা-ঘাটাইল সড়কে ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, সকালে বন্দিয়া এলাকায় মোটরসাইকেলটি যখন ভরাডোবা-ঘাটাইল সড়ক দিয়ে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগীবাহী পিকআপভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান যে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামক ঘুর্ণিঝড়ের কারণে টানা তিন দিনের বৃষ্টির ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে আমন ধান চাষিরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। পাকা ধান কাটতে না পারা এবং ইতোমধ্যে কাটা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারার কারণে স্থানীয় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের ভারী বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ পরিদর্শনকালে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় মাঠে অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলার বিষয়ে কৃষকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

উপজেলার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার, কাজী আবুল কালাম, মোঃ এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মোঃ সেলিম, মোঃ ইউনুছসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু গত তিন দিনের বৃষ্টির কারণে পাকা ধান নুইয়ে পড়ায় অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অন্যদিকে কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কাজী আহসান উল্লাহ বলেন, ৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ১০ শতক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমাণ কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার উপায় নিয়ে গভীর মতভেদ দেখা দিয়েছে, কারণ একটি খসড়া প্রস্তাব থেকে জীবাশ্ম জ্বালানির সমস্ত প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। কপ৩১ জলবায়ু আলোচনা শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে, কারণ দেশগুলো একটি চুক্তি চূড়ান্ত করতে মরিয়া হয়ে উঠেছে।

জাতিসংঘের আলোচনার জন্য তুরস্কে দুই সপ্তাহব্যাপী বৈঠকের পর, জ্বালানি, বিজ্ঞান ও অর্থায়ন নিয়ে বিরোধের কারণে নির্ধারিত শুক্রবারের সময়সীমা অতিক্রম হয়ে প্রায় ২০০টি দেশ অচলাবস্থায় পড়ে যায় এবং আলোচকরা রাতভর আলোচনা চালিয়ে যান।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, কপ-৩১ সম্মেলনের সভাপতিত্বকারী অস্ট্রেলিয়া তৃতীয় দফায় চুক্তির খসড়া তৈরির চেষ্টা করছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে, এবং অনেক প্রতিনিধিকে দেশে ফেরার জন্য বিমানের ফ্লাইট ধরতে হবে।

শুক্রবার গভীর রাতে কয়েকটি কারিগরি বিষয়ে সম্মেলনের অধিবেশনে অনুমোদন দেওয়া হয়। এ সময় কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, ‘আমরা চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছি। তবে এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’

উদ্বোধনী বক্তব্যের মাঝপথে এক বিক্ষোভকারী ‘আপনারা ভবিষ্যৎকে ধ্বংস করছেন’ বলে চিৎকার করলে কুরুমকে বক্তব্য থামাতে বাধ্য হতে হয়। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে সম্মেলনকক্ষ থেকে বের করে দেন।

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেলের মূল্যবৃদ্ধি এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে কপ-৩১ সম্মেলনে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল।

ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত ধারাবাহিক জলবায়ুজনিত দুর্যোগের প্রেক্ষাপটে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিষয়টি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দু। সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের আহ্বানের তীব্র বিরোধিতা করে আসছে।

বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও কাটছাঁট করা খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির সমস্ত উল্লেখ মুছে ফেলা হয়—যা আলোচকদের আবারও দর-কষাকষির টেবিলে ফিরতে বাধ্য করে।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে সংশোধিত এই খসড়াটি ‘জলবায়ু সংক্রান্ত এই কপ সম্মেলনকে একটি জীবাশ্ম জ্বালানির সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে’।

ফ্রান্স থেকে পানামা এবং সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত এক ডজন ইউরোপীয় ও উন্নয়নশীল দেশ শুক্রবার একটি চিঠি প্রকাশ করেছে, যেখানে চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি সুস্পষ্ট রূপরেখা’ অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়।

চিঠিতে স্বাক্ষরকারী পানামা আলোচনা থেকে সরে আসারও হুমকি দিয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো জলবায়ু আলোচনার কড়া সমালোচক, তিনি অগ্রগতির পথে বাধা সৃষ্টি করার জন্য ‘পেট্রোলিয়াম মাফিয়াদের’ অভিযুক্ত করেন।

এদিকে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, কপ-৩১ সম্মেলনের ফাঁকে সংস্থাটির প্রধান হাইথাম আল ঘাইস রাশিয়ার প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত রুসলান এদেলগেরিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন বহুপক্ষীয় পরিবেশবিষয়ক ফোরামে ‘অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির গুরুত্ব’ নিয়ে আলোচনা হয়।

— ‘পরিচ্ছন্ন বৈদ্যুতিকায়ন’ —

সমঝোতায় পৌঁছাতে অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। শুক্রবার তিনি বলেন, ‘কাজ শেষ করতে যত সময়ই লাগুক, আমি চেষ্টা চালিয়ে যাব।’

চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের একটি লক্ষ্যমাত্রার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ায় এমন প্রযুক্তির পরিবর্তে বৈদ্যুতিক বিকল্প ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন ডিজেলচালিত গাড়ি ও গ্যাসচালিত হিটারের পরিবর্তে বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার।

কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়া এ উদ্যোগের পক্ষে। তাদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর বৈশ্বিক প্রচেষ্টায় ধীরগতির উদ্বেগ মোকাবিলায় বিদ্যুতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনার সভাপতিত্বকারী বোয়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চাবিকাঠি হলো বৈদ্যুতায়ন।’

প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে, নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে, সে বিষয়ে খসড়ায় স্পষ্ট কিছু বলা হয়নি। এ কারণে কয়েকটি দেশ লক্ষ্যমাত্রায় ‘পরিচ্ছন্ন’ বিদ্যুতের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছে।

কার্বন ধারণের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও কয়েকটি দেশ প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এটি ব্যয়বহুল ও এখনো পরীক্ষিত নয়। এ প্রযুক্তির অজুহাতে দূষণকারীরা জীবাশ্ম জ্বালানি পোড়ানো অব্যাহত রাখতে পারে।

১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা-

অন্যান্য বেশ কয়েকটি বিষয়েও দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণ নিয়ে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে।

সর্বশেষ খসড়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রমের আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তবে এ শতাব্দীর যত দ্রুত সম্ভব উষ্ণতা বৃদ্ধির হার আবার ওই সীমার নিচে নামিয়ে আনার আগের আহ্বানটি বাদ দেওয়া হয়েছে।

উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ধনী দেশগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এ বিষয়েও আলোচনা অচলাবস্থায় রয়েছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ১২০ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা ছিল, তা খসড়া থেকে বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।

ঘানার পরিবেশমন্ত্রী জানেতর আগিয়েমান-রলিংস বলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং রপ্তানি সম্প্রসারণের উপর গণমাধ্যমকর্মীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে রাজধানীতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রাণ গ্রুপের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, এ ধরনের কর্মশালা সাংবাদিকদের শিল্পসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে সহায়ক হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া, ‘বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান প্রেক্ষাপট : রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসও উপস্থিত ছিলেন।

প্রবন্ধ উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে, এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে এ কর্মশালা তাদের অনুপ্রাণিত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেঘলা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেঘলা গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় শহরের চাঁদনগর এলাকার ভাসানী রোডে অবস্থিত ‘হাসিনা মঞ্জিল’ ভবনের পঞ্চম তলা থেকে মেঘলাকে আটক করা হয়।

মামলার অভিযোগের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে কয়েক শ মানুষ জড়ো হন। সেখানে মামলার বাদী মুন্নি সরকার, তার ছেলে আবির নবী দোয়াদসহ প্রায় ৪০০ আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এজাহারভুক্ত আসামিসহ ৬০ থেকে ৭০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের হুমকি দেয়। একপর্যায়ে তারা হামলা চালালে মুন্নি সরকার ও তার ছেলে আহত হন।

এজাহারের বিবরণ অনুযায়ী, ঘটনার প্রায় এক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা বাদীর বাড়িতে হামলা চালান। এই সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। পরে এই ঘটনায় মুন্নি সরকার পার্বতীপুর থানায় মামলা করেন।

এসআরবি জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মেঘলাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%