০৬:০৩ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান গবাদিপশু ও পোলট্রি খাত থেকে আসে।
তিনি আজ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে বলেন, প্রাণিসম্পদ খাতের অবদান গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি আরও জানান, গবাদিপশু ও পোলট্রি খাতের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের জোগান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রেও এই খাতের অবদান উল্লেখযোগ্য।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এর ফলে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্যাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।
রাষ্ট্রপতি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী
তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে, এ কথা জানিয়ে তিনি আনন্দিত।
এ উপলক্ষ্যে, খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মী ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
তিনি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন