০৬:০৪ পি.এম
দুরারোগ্য রোগের কারণে দুই পা হারানোর পাশাপাশি হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে গেছে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মো. শাহিন ভূঁইয়ার। শারীরিক প্রতিবন্ধকতা এবং চরম আর্থিক সংকটের মধ্যে থাকা এই ব্যক্তির জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। এই সহায়তা রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করার সুযোগ তৈরি করতে দেওয়া হয়েছে, যাতে শাহিন স্বাবলম্বী হতে পারেন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে জেলা প্রশাসক ফরিদা খানম তার হাতে আর্থিক অনুদান তুলে দেন। এই সহায়তার মাধ্যমে শাহিন যেন নতুন করে জীবিকা শুরু করার সুযোগ পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদা খানম এ সময় বলেন, শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তার বেঁচে থাকা এবং স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি আশা করেন, শাহিন নিজের সামর্থ্য অনুযায়ী একটি ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। সমাজের অসহায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জেলা প্রশাসন সবসময় তাদের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সচেষ্ট।
আরও পড়ুন: বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার হুঁশিয়ারি ‘ফকির কমিটি’র সভাপতির
শাহিনের আদি বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় বসবাস করছেন। মাত্র সাত বছর বয়সে তার মা তাকে ছেড়ে চলে যান এবং এরপর সৎমায়ের সংসারে বেড়ে ওঠেন। ২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাদুরা ফুট’ নামের একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন শাহিন। রোগের জটিলতায় একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা করা হলে বাবার সঙ্গে মনোমালিন্য তৈরি হয় এবং জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন তিনি।
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি শাহিন। হুইলচেয়ারে চলাফেরা করে রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করতেন। সেই সামান্য আয়েই চলত তার জীবন। কিন্তু ২০২৪ সালে একই রোগে আক্রান্ত হয়ে তার দ্বিতীয় পাটিও কেটে ফেলতে হয় এবং হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে যায়। ফলে পানি বিক্রির কাজ বন্ধ হয়ে যায়।
তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত উপার্জনের সুযোগও সীমিত হয়ে পড়ে শাহিনের। চিকিৎসা, আবাসন এবং দৈনন্দিন ব্যয় মেটাতে গিয়ে তিনি চরম অর্থকষ্টে পড়েন। একপর্যায়ে তার জীবন ধারণই কঠিন হয়ে ওঠে।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম দেখে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তার আবেদন জানান শাহিন। তার আবেদন পাওয়ার পর মানবিক বিবেচনায় পাশে দাঁড়ান জেলা প্রশাসক ফরিদা খানম।
আরও পড়ুন: জৈন্তা রাজবাড়ী ধ্বংসাবশেষ নতুন রূপে ফিরবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়
আর্থিক সহায়তা পেয়ে এখন শাহিন জিয়া উদ্যানে ছোট একটি ব্যবসা শুরু করতে চান। নিজের উপার্জনে জীবিকা নির্বাহের পাশাপাশি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। দীর্ঘদিনের শারীরিক ও আর্থিক প্রতিকূলতার মধ্যে জেলা প্রশাসনের এই সহায়তা তার ঘুরে দাঁড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন