ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউপি নির্বাচনে ভোটার ১২ কোটি ৯২ লাখ, পাঁচ ধাপে ভোটগ্রহণ


ইউপি নির্বাচনে ভোটার ১২ কোটি ৯২ লাখ, পাঁচ ধাপে ভোটগ্রহণ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এই ভোটার তালিকার ভিত্তিতে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে, আর শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি উল্লেখ করেন যে, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। তাছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

ইসি সচিব আরও জানান, গত ৩১ আগস্ট প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় নতুন তালিকায় ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। এই হালনাগাদ তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট হবে। ইসির ঘোষণার ভিত্তিতে, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

প্রাথমিকভাবে নির্বাচন কমিশন নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছিল। সে অনুযায়ী গত ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তী হালনাগাদে ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এ সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তারাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল

আওয়ামী লীগ সরকারের সময়কালীন গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের অভিযোগের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দেশজুড়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটি করে জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণশুনানির মাধ্যমে অপরাধের তথ্য ও ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করা হবে এবং বিচারাধীন মামলার নথি পর্যালোচনা করা হবে। অপরাধী শনাক্ত হলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তিনি জানান, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচি আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিদেরও চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। শুনানির পূর্বে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ে মাইকিং, গণমাধ্যমে প্রচার এবং ভুক্তভোগী পরিবারগুলোকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আমিনুল ইসলাম জানান, সরকার এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার মামলা থাকে, তাহলে সংশ্লিষ্ট নথি ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হবে। ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানিতে অপরাধী শনাক্ত হলে প্রয়োজনে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান কৌঁসুলি। তাঁর বক্তব্যে তিনি বলেন, “প্রয়োজনবোধে ওখানে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে আমড়া গ্রেপ্তার করব।”

গণশুনানি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনা ছিল। ২৬ নভেম্বর সেখানে কর্মসূচি আয়োজনের কথা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকেই জেলা পর্যায়ে গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রসিকিউশনের।

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করার ক্ষমতা রয়েছে। এই কর্মসূচি সেই আইনগত ক্ষমতা ও ম্যান্ডেটের আওতায় পরিচালিত হবে।

তিনি উল্লেখ করেন, এসব অপরাধের বিচার নিশ্চিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের বার্তা দেওয়া হবে।

আসামিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও বিচারের সুযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের আসামিদের যদি কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও প্রচলিত দণ্ডবিধিতে আলাদা অপরাধে বিচারের সুযোগ রয়েছে বলে জানান প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, যদি কোনো অপরাধীকে ব্যক্তি বা প্রতিষ্ঠান আশ্রয় কিংবা প্রশ্রয় দেয়, তাহলে সেটি আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা ব্যক্তি কিংবা সংগঠনের নিজস্ব দায়। বাংলাদেশের দণ্ডবিধিতে এ ধরনের কার্যক্রমের জন্য সুস্পষ্ট অপরাধের বিধান রয়েছে। ফলে তাদের আলাদা অপরাধে বিচারের মুখোমুখি করা যেতে পারে।

২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত অনেক রাজনৈতিক নেতা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তা তদন্তের আওতায় আসবে কি না, এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, অপরাধের বিচার করার ক্ষমতা প্রসিকিউশনের রয়েছে। তবে অপরাধীরা কীভাবে পালিয়েছেন, সেটি তদন্ত করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইনে কতটুকু এক্তিয়ার রয়েছে, তা পরীক্ষা করে দেখতে হবে।

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ প্রসঙ্গেও কথা বলেন প্রধান কৌঁসুলি। তিনি জানান, কেউ যদি আয়নাঘর স্থাপন করে বা এর কার্যক্রম পরিচালনা করে, তাহলে তা মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে গণ্য হতে পারে।

গুমের স্বীকার হয়ে এখনও সন্ধান না পাওয়া প্রায় ২৮০ জনের ভাগ্য জানতে সমন্বিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। তারা বেঁচে আছেন কি না, তা খতিয়ে দেখতে গুমের ঘটনাগুলো একসঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, গুম-সংক্রান্ত নতুন আইনের আওতায় ব্যাপক ও পদ্ধতিগত গুমের অপরাধগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমনসহ গুমের অন্যান্য মামলার তদন্তও চলছে।

বিস্তৃত এ তদন্তে শত শত ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে এসব ঘটনার বিচারের ব্যবস্থা করার আশা প্রকাশ করেন প্রধান কৌঁসুলি।

সালাহউদ্দিন, ইলিয়াস আলীসহ গুমের মামলার তদন্তের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমনসহ বিভিন্ন গুমের ঘটনায় তদন্ত চলছে। এসব মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিলের আশা করছেন তিনি।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়ার অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ওই সময় সালাহউদ্দিন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

ভারতীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ।

২০১৫ সালের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। ২০১৮ সালে ওই মামলায় তিনি খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে ভারতে অবস্থান করতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

একই বছরের ৮ মে ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন সালাহউদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পান তিনি। ১১ আগস্ট দেশে ফেরেন।

এরপর ২০২৫ সালের ৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে নিখোঁজ হন। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সিলেট-২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাকে তুলে নেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত বছরের ৯ জানুয়ারি বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও হত্যার অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জনকে গুম এবং ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ আনা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা ওই অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে অভিযোগটি দাখিল করা হয়েছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

এ মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন।

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্কে চিফ প্রসিকিউটরের মন্তব্য

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন। ট্রাইব্যুনালের এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মানুষ মনে করত কাউকে হত্যা করা, ক্রসফায়ারে দেওয়া কিংবা জোর করে গুম করা সম্ভব।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণে এ ধরনের ব্যক্তিরা সরকারি দায়িত্বে থেকে নিষ্ঠুর অপরাধ করেছেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ছিল, তারাই রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকা নিয়েছেন।

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত নয় মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।

যুক্তিতর্কে আমিনুল ইসলাম বলেন, এ ধরনের ব্যক্তিকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাঁর বেঁচে থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার বিষয় উঠে এসেছে, যা পরবর্তী তদন্তে আরও স্পষ্ট হতে পারে বলে জানান তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ‘পারসোনা নন গ্রাটা’ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। শুধু ক্যান্টনমেন্টে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, লিটনও উন্নতি করলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, লিটনও উন্নতি করলেন

বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি ৩৩ নম্বর অবস্থানে উঠে এসেছেন, মাত্র চারটি টেস্ট খেলার পর।

আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের এক লাফে ২৮ ধাপ উন্নতি ঘটেছে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলার পর তার এই অগ্রগতি হয়েছে। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ডাবল সেঞ্চুরির পারফরম্যান্সের ফলেই র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে।

লিটন দাসের অবস্থানেও উন্নতি ঘটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি নয় ধাপ এগিয়েছেন। বর্তমানে ২৪ নম্বরে থাকা লিটন টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটার হিসেবে রয়েছেন। তালিকায় তার পরের অবস্থানেই হৃদয় আছেন।

তবে বাংলাদেশের একাধিক ব্যাটার র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ধাপ অবনতি হয়ে ৩৫ নম্বরে নেমেছেন। মুমিনুল হক সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছেন, ১৮ ধাপ হারিয়ে বর্তমানে তার অবস্থান ৫৬তম। বাংলাদেশের অন্য কোনো ব্যাটারই সেরা ৫০-এর মধ্যে জায়গা করে নিতে পারেননি।

বোলারদের তালিকায়ও বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো অবস্থান নেই। শীর্ষ ২০-এ কোনো বাংলাদেশি বোলারের জায়গা হয়নি। মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে রয়েছেন। অন্যদিকে হাসান মাহমুদ তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট না খেলায় তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ বাংলাদেশের হয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিনি চার নম্বর স্থানে রয়েছেন।

এদিকে আন্তর্জাতিক ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋশভ পান্ত এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। তার ঠিক পরেই ভারতীয় অধিনায়ক শুবমান গিল রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ১৫তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে বোলারদের তালিকায় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা দুই ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। তাছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য প্রকাশ করেন।

ইসি সচিব বলেন, "আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম, তার চেয়ে আজ (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।"

তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এই ভোটার তালিকা নিয়ে অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইসি বৈঠক করবে।" তিনি আরও জানান, ইউপি নির্বাচন নিয়ে ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী সপ্তাহে সরকার গঠনের ঘোষণা দিতে পারেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


আগামী সপ্তাহে সরকার গঠনের ঘোষণা দিতে পারেন আইজেনকোট

ইসরাইলে নতুন সরকার গঠনের জন্য বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আগামী সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সরকার গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরিকল্পনা করছেন। এ তথ্য ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি চলতি সপ্তাহের শেষ নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা সম্পন্ন করতে চায়।

যদিও এসব আলোচনা ব্যর্থ হলে আইজেনকোট সরকার গঠনের উদ্যোগ থেকে সরে আসবেন না। তিনি আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা করছেন। এ জন্য তিনি প্রেসিডেন্টের কাছে সরকার গঠনের সময়সীমা বাড়ানোর আবেদনও করবেন না বলে ওয়ালার জানিয়েছে।

গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হয় এবং এজন্য তাকে ২৮ দিনের সময়সীমা দেয়া হয়েছে প্রেসিডেন্ট হারজগের পক্ষ থেকে। এই সময়সীমা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। প্রয়োজনে আরও ১৪ দিনের সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

তবে ইসরাইলের মৌলিক আইন অনুযায়ী, সরকার গঠনের বিষয়টি প্রেসিডেন্টকে জানালে নতুন সরকার দায়িত্ব নিতে পারে না। প্রস্তাবিত মন্ত্রিসভা, সরকারের কর্মসূচি এবং মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের বিষয়গুলো নেসেটে উপস্থাপন করতে হবে। এরপর সাত দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হতে হবে।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ আইজেনকোট। ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। লিকুদ ও কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা সফল না হলেও তিনি বিকল্প পথে এগোতে চান।

এদিকে, সরকার গঠনের আলোচনা বিলম্বিত হওয়ার পেছনে তার দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্রের অবস্থানও ভূমিকা রাখছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চান, লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা আগে যাচাই করা হোক।

অন্যদিকে, ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান সরকার গঠনের জোটে কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোকে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখতে চান।

ওয়ালার ভাষ্য অনুযায়ী, আইজেনকোটের শিবির চলতি সপ্তাহের শেষ নাগাদ দুই পথেই আলোচনা শেষ করতে চায়। এরপর আগামী সপ্তাহের শুরুতে প্রেসিডেন্টকে সরকার গঠনে সফল হওয়ার বিষয়টি জানানো হতে পারে। অপ্রয়োজনীয়ভাবে আলোচনা দীর্ঘায়িত করা কিংবা সময় বাড়ানোর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে আইজেনকোটের পরিবর্তনপন্থি জোট।

লিকুদ ও অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আইজেনকোট পরিবর্তনপন্থি জোটের দলগুলোকে নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে চান। এ ক্ষেত্রে নেসেটে আস্থা ভোটে আরব দলগুলোর আইনপ্রণেতাদের বাইরের সমর্থনের ওপর নির্ভর করবেন তিনি।

আইজেনকোটের জোটে রয়েছে তার ইয়াশার পার্টি, বেনেটের টুগেদার পার্টি, লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি। ১২০ আসনের নেসেটে এই চার দলের আসনসংখ্যা ৪৮।

অন্যদিকে, ফিলিস্তিনি আরব দল জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট বা রা'আমের আসনসংখ্যা ১৯। দল দুটির আইনপ্রণেতারা আইজেনকোটের সরকারকে সমর্থন দিলে নেসেটে তার পক্ষে ৬৭ সদস্যের সমর্থন পাওয়া সম্ভব।

নির্বাচনী প্রচারে আরব দলগুলোর ওপর নির্ভর না করার প্রতিশ্রুতি দেন আইজেনকোট। তবে ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, আরব দলগুলো সরকারে সরাসরি অংশ না নিলে এবং মন্ত্রিসভার সদস্য না হলে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা হয়েছে বলে মনে করবেন।

প্রতিবেদনে বলা হয়, আরব আইনপ্রণেতারা যদি সরকার গঠনের পক্ষে ভোট দেন, তাহলে সেটাকে তাদের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে তুলে ধরবেন আইজেনকট।

জয়েন্ট লিস্ট ইতিমধ্যে নেতানিয়াহুর সরকার পরিবর্তনে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে রা'আম নেতা মনসুর আব্বাস দলের সদস্যদের আশ্বস্ত করে বলেছেন, মতপার্থক্য দূর করে একটি স্থিতিশীল সরকার গঠন সম্ভব।

আরব দলগুলোর মূল লক্ষ্য নেতানিয়াহুকে আবারও সরকার গঠন থেকে বিরত রাখা। পাশাপাশি নতুন নির্বাচন ঠেকাতেও তারা আগ্রহী। কারণ নতুন নির্বাচন হলে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হতে পারে।

জোটের দলগুলোর মধ্যে মতপার্থক্য

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট হারজগ সরকার গঠনের দায়িত্ব দেয়ার পর থেকেই জোটের শরিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অগ্রগতির ঘোষণা আসেনি।

তার চার দলের জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য নেসেটে প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে ১৩টি কম থাকায় অন্য দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়।

এদিকে, জোটের শরিকদের মধ্যে কাদের সরকারে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়েও মতপার্থক্য রয়েছে। বেনেট নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। লিবারম্যান চাইছেন কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোকে জোটে যুক্ত করতে।

অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারে নেতানিয়াহুর অংশগ্রহণের বিরোধিতা করছেন। তিনি আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে।

আইজেনকোটের নেতৃত্বাধীন সরকার নেসেটে আস্থা ভোটে জয়ী হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%