প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিয়ের মাত্র দুই মাস বাকি ছিল। হবু সংসারের স্বপ্ন, হবু স্ত্রীর পছন্দের জিনিসপত্র কেনার পরিকল্পনা সবই উজ্জল সরকারের মনে ছিল। হবু স্ত্রীর সঙ্গে দেখা করে তিনি হাসিমুখে বিদায় নিয়েছিলেন। কিন্তু কে জানত, সেই বিদায়ই হবে চূড়ান্ত বিদায়! সড়ক দুর্ঘটনায় থেমে গেল ২৪ বছর বয়সী উজ্জলের জীবনযাত্রা, সাতপাকে বাঁধা পড়ার আগেই। একই দুর্ঘটনায় প্রাণ হারাল তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শিখর চন্দ্রও।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় তারা প্রাণ হারান।
নিহত উজ্জল সরকার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে। তার বন্ধু শিখর চন্দ্র শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের সন্তান। উভয়েই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জলের বাবা বিপ্লব সরকার শারীরিক প্রতিবন্ধী। ছেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্নে তার মা শিউলী রানী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। এদিকে, পারিবারিকভাবে একই উপজেলার বিলকাজুলী গ্রামে উজ্জলের বিয়ে ঠিক হয়েছিল। দুই মাস পরই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল।
বুধবার সকালে বন্ধু শিখরকে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে যান উজ্জল। বিয়ে নিয়ে ছিল নানা পরিকল্পনা। হবু স্ত্রীর পছন্দের জিনিসপত্র কেনার ইচ্ছা ছিল তার। দেখা শেষে হাসিমুখে বিদায় নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দেন দুই বন্ধু। কিন্তু মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতে না দিতে সব স্বপ্ন অন্ধকারে ডুবে যায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উজ্জল। গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুই বন্ধুর আকস্মিক মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে। উজ্জলের বিয়ের আনন্দের প্রস্তুতির বদলে এখন বাড়ির চারপাশে শুধুই শোক এবং স্বজন হারানোর হাহাকার।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উজ্জল ও শিখরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন