প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাঁকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি মামুনুর রশীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি বিবেচনায় বুধবার তাঁকে মাইল্ড ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই অভিনেতাকে। গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় টানা ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। পরে সুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় ফেরেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে তিনি আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। সম্প্রতি নেপালে গিয়ে সেখানকার একটি স্থানীয় মঞ্চনাটকের নির্দেশনার কাজও করেন এই নাট্যব্যক্তিত্ব।
বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ মামুনুর রশীদ। পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়, নাট্যরচনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত তিনি। নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন এই গুণী অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন