ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় পালিত


বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় পালিত

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণের সূচনা হয়েছিল হানাদার বাহিনীর বিরুদ্ধে। এর ফলস্বরূপ, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। প্রতি বছরের মতো, এ বছরও ২১ নভেম্বর বগুড়া সেনানিবাসে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (প্রধান অতিথি) উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধের সময় বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বগুড়া অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

তিনি জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন। এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন। তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক বাজারে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, বিশ্ববাজারে টিকে থাকার জন্য পণ্যের গুণগত মানোন্নয়ন এবং কার্যকর বিপণন কৌশল অপরিহার্য।

জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ, এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রপতি আজ এক বাণীতে এসব মন্তব্য করেছেন, যা আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষে।

রাষ্ট্রপতি আরও জানান, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে, যা তাকে আনন্দিত করেছে। তিনি মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সকল অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। এসএমই খাত দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সরকার এই খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলা দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক হবে।

তিনি মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এবং তিনি ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


বরগুনায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননী কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে, ওই নারী প্রেমিক বেলাল গাজীর স্ত্রীর মারধরের শিকার হয়ে শনিবার সকালে তালতলী হাসপাতালে ভর্তি হন। এই ঘটনাটি উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে ঘটেছে।

তথ্য অনুযায়ী, অনশনরত ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান ছিল। পরে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে আরও দুই সন্তানের জন্ম হয়, ফলে তিনি মোট পাঁচ সন্তানের জননী হন।

গত বছর, একই এলাকার বেলাল গাজী পার্শ্ববর্তী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ শুরু করেন। ধান চাষের কারণে বেলাল গাজী নিয়মিতভাবে জয়নাল হাওলাদারের বাড়িতে যাতায়াত করতেন। এই যাতায়াতের সূত্র ধরেই ওই নারীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বেলাল গাজী তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন।

অনশনরত ওই নারী বলেন, "বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় আমি তার বাড়িতে অনশনে বসি।" তিনি আরও জানান, সন্ধ্যার পরে বেলাল গাজীর স্ত্রী আমেনা ও প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করেন। তিনি হুঁশিয়ারি দেন, "বেলাল যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি বিষপানে আত্মহত্যা করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে যোগব্যায়াম শিখতে এসে যৌন নিপীড়নের শিকার জাপানি নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ভারতে যোগব্যায়াম শিখতে এসে যৌন নিপীড়নের শিকার জাপানি নারী

যোগব্যায়াম প্রশিক্ষক (যোগা টিচার) হওয়ার উদ্দেশ্যে গত সেপ্টেম্বরে জাপান থেকে ভারতের কেরালার ভারকালায় আসেন ৫৭ বছর বয়সী এক নারী। কিন্তু তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা ভয়, হয়রানি এবং চরম মানসিক যন্ত্রণার এক দুঃস্বপ্নে রূপান্তরিত হয়।

অভিযোগ রয়েছে, ওই যোগব্যায়াম একাডেমির মালিক, যিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা এবং ৩৯ বছর বয়সী, তাঁকে একাধিকবার যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে বুধবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(এম) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারকালার ডিএসপি রমেশ কুমার পি ভি জানান, অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেলহাজতে) পাঠানো হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

ভুক্তভোগী ওই জাপানি নারীর অভিযোগ অনুযায়ী, গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর—মোট তিনবার তিনি যৌন নিপীড়নের শিকার হন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) তিনি বলেন, “গত ২৮ অক্টোবর রাতের খাবারের পর একাডেমির মালিক আমাকে ম্যাসাজ দেওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি আমাকে যোগা হলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন।”

তিনি আরও জানান, পরবর্তী দুটি ঘটনার মধ্যে একবার অভিযুক্ত ব্যক্তি তাঁর থাকার ঘরের দরজায় ক্রমাগত কড়া নেড়ে ভেতরে ঢুকে এবং অন্যবার নিজের কক্ষে ডেকে নিয়ে তাঁকে নিপীড়ন করেন। ওই নারী বলেন, “কোর্সের সনদ হারানো, প্রশিক্ষণের জন্য দেওয়া অর্থ এবং স্কুলের মাধ্যমে ব্যবস্থা করা আবাসন হারানোর ভয়ে আমি সে সময় তাঁর অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।”

জানা গেছে, ওই নারী 'যোগা অ্যালায়েন্স' অনুমোদিত ৩০০ ঘণ্টার একটি যোগা টিচার ট্রেনিং (ওয়াইটিটি৩০০) কোর্সে ভর্তি হয়েছিলেন। তাঁর সঙ্গে আরও চারজন শিক্ষার্থী ওই কোর্সে অংশ নিয়েছিলেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে বারবার ফোন করতেন এবং তাঁর আবাসনে চলে আসতেন। ভারতে একা ভ্রমণরত একজন বিদেশি শিক্ষার্থী হওয়ায় সহায়তা ও থাকার জায়গা হারানোর ভয়ে তিনি আতঙ্কিত থাকতেন। তিনি বলেন, “যেদিন কোনো ক্লাস থাকত না, সেদিন নিজেকে অনিরাপদ মনে হওয়ায় আমি তিরুবনন্তপুরমের একটি শপিং মলে সারা দিন কাটিয়ে দিতাম।”

এই ভয়াবহ অভিজ্ঞতা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে বলে জানান তিনি। মনোযোগ ধরে রাখতে না পারা, হঠাৎ কান্নায় ভেঙে পড়া, মানসিক অস্থিরতা এবং তীব্র উদ্বেগে ভুগছেন তিনি। এ ছাড়া যৌনবাহিত রোগের (এসটিআই) পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন বলেও জানান।

পাশাপাশি তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর খাদ্যাভ্যাস উপযোগী খাবার সরবরাহ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও একাডেমি কর্তৃপক্ষ তাঁকে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক রিভিউ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল।

ওই নারী বলেন, “আমি মনে করি সারা বিশ্বের মানুষের এই ঘটনাটি জানা উচিত। আমি আশা করি, এ নিয়ে কথা বলার মাধ্যমে আমি সচেতনতা তৈরি করতে পারব এবং অন্যদের সুরক্ষিত রাখতে পারব। যেসব বিদেশি শিক্ষার্থী ভারতে আসেন, তাঁরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকেন; কারণ তাঁরা একা ভ্রমণ করেন, স্থানীয় আইন ও প্রক্রিয়া সম্পর্কে অপরিচিত থাকেন এবং আশপাশে তাঁদের পরিবার বা সহায়তার কোনো নেটওয়ার্ক থাকে না। এ ছাড়া ভাষার প্রতিবন্ধকতা তো আছেই; পাশাপাশি অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ করলে পড়াশোনা, সনদ, আবাসন বা আর্থিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন ভয়ও তাঁদের কাজ করে।”

এদিকে এই বিতর্কের পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই স্কুল কর্তৃপক্ষ ক্লাস স্থগিত করেছে এবং ওই নারীকে সেখানে থাকা বা চলে যাওয়ার বিকল্প প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে তাঁকে কোর্সের সনদ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প: ইরানের শর্তগুলো গ্রহণযোগ্য নয়, যুদ্ধ অনুমোদন নিয়ে প্রশ্ন এড়ালেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ট্রাম্প: ইরানের শর্তগুলো গ্রহণযোগ্য নয়, যুদ্ধ অনুমোদন নিয়ে প্রশ্ন এড়ালেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মন্তব্য করেছেন যে, ইরান চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, কিন্তু তেহরান এখনও পর্যন্ত গ্রহণযোগ্য কোনো শর্ত প্রদান করেনি। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে ইরানে মার্কিন হামলার অনুমোদন নিয়ে কথা বলেননি। ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ওই হামলা অপরিহার্য ছিল।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু এমন কোনো চুক্তি করতে চায় না যা আমার কাছে গ্রহণযোগ্য।’ তিনি যুক্তরাষ্ট্রকে দশকের পর দশক ধরে বিভ্রান্ত করার অভিযোগ তুলে বলেন, ‘আমরা কোনো ভুয়া চুক্তি নয়, একটি প্রকৃত চুক্তি করতে চাই।’

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আবারও স্পষ্ট করেছেন যে, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে না পাঠানোসহ কয়েকটি বিষয়ে তেহরানের অবস্থান অনড়। তবে তিনি বিশ্বাস করেন, একটি ‘ন্যায্য সমাধানে’ পৌঁছানো সম্ভব। আরাগচি জানান, ইরান এমন একটি চুক্তি চায় যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা দেবে এবং কূটনীতির মাধ্যমে তা অর্জন সম্ভব বলে তেহরান এখনো আশাবাদী। আলোচনার পরবর্তী ধাপে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার বিষয়ে নিশ্চয়তা তৈরির পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রায় নয় মাস ধরে চলা এই সংঘাতের কারণে ট্রাম্প নতুন করে বড় ধরনের হামলা চালাবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। চলতি মাসের ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। ইরানের সঙ্গে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের ক্ষোভ রিপাবলিকানদের এই ভরাডুবির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ভ্যান্সকে প্রশ্ন করা হয়েছিল, রিপাবলিকানদের এই নির্বাচনী ক্ষতির বিনিময়ে যুদ্ধটা করা যৌক্তিক হয়েছে কি না। জবাবে ভ্যান্স সরাসরি কিছু না বললেও ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন। ভ্যান্স বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার লক্ষ্যটি আমাদের অবশ্যই পূরণ করতে হবে। তারা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। পারমাণবিক অস্ত্র পেলে তারা তা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে অথবা হামলা চালিয়ে হাজার হাজার, এমনকি লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং তিনি বলেছেন প্রয়োজনে আবারও একই কাজ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার লক্ষ্য ও দায়িত্ব।’

মধ্যবর্তী নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ে ভূমিকা রেখেছে। ভ্যান্সের ওই মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের বক্তব্য ঠিকই ছিল, ‘তবে আমি এর সঙ্গে আরেকটি কথা যোগ করতাম—যদি আমাদের প্রশ্ন করা হয়, আপনি কি আবারও এটি করতেন? তবে উত্তরটি অবশ্যই হ্যাঁ।’ ভ্যান্সকে পেছনে রেখেই ট্রাম্প বলেন, ‘ভ্যান্সের বক্তব্যটি খুবই সঠিক ছিল। যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। আমার প্রশাসনে যাঁরা কাজ করেন, তাঁদের নিজস্ব মতামত রাখার অধিকার আছে। কিন্তু আমি ইরানিদের চিনি এবং সত্যি বলতে তারা পাগল।’

উল্লেখ্য, ভ্যান্স দীর্ঘদিন ধরে এই যুদ্ধের বিরোধী ছিলেন এবং শান্তি আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রধান দূত হিসেবে কাজ করেছেন। গত গ্রীষ্মে তাঁর মধ্যস্থতায় একটি স্বল্পস্থায়ী সাময়িক যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি আলোচনা পুনরায় শুরু করতে তেহরানের কট্টরপন্থীদের কাছে ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছিলেন। তবে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন প্রকাশের পরপরই ট্রাম্প ওই আলোচনা স্থগিত করে ভ্যান্সকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।

ওয়াশিংটন নতুন করে কোনো সামরিক অভিযান চালাবে কি না, সে বিষয়ে ট্রাম্প মিশ্র সংকেত দিয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে, আগামী বছরের শুরুর আগ পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ট্রাম্প কূটনৈতিক সমাধান নাকি সংঘাত বৃদ্ধি—কোন পথে হাঁটবেন তা নিয়ে দোলাচলে থাকলেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনব্যাপী নতুন বিমান হামলায় যোগ দিতে ওয়াশিংটনকে চাপ দিয়ে যাচ্ছেন বলে নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তুলনামূলক ছোট পরিসরে এই সংঘাত চলে আসছে। ওই হামলার জবাবে তেহরান জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনে এবং জ্বালানির দাম আকাশচুম্বী করে তোলে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে এবং জ্বালানি সরবরাহ যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোকে ইরানি হামলা থেকে সুরক্ষা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%