প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন। তিনি জানান, প্যাট কামিন্সকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজেও টেস্ট দল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
হ্যাজেলউড ২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নিয়ে প্রথমবারের মতো নিজের বক্তব্য তুলে ধরেছেন। নিউজ কর্প-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বোলারদের দীর্ঘদিনের অবস্থানেই অনড় থেকেছেন এবং বল টেম্পারিংয়ের পরিকল্পনায় তারা কখনোই যুক্ত ছিলেন না।
তিনি বলেন, “আমার কাছে বলা কথাগুলোর মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনার অন্যতম উদ্যোক্তা কি আমি ছিলাম? আর মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বাইরের উপাদান ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে কি আমি জানতাম? উত্তর হলো, না।”
টেস্ট দল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বিষয়টি নিয়ে ভাবতে হবে।”
উসমান খাজার আত্মজীবনী সাবর থেকে নতুন করে এই বিতর্কের সূত্রপাত হয়েছে। বইটিতে তিনি উল্লেখ করেছেন, দলের প্রত্যেক সদস্যই জানতেন যে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে। কামিন্স ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে খাজার এই দাবি উড়িয়ে দিয়ে একে ‘সম্পূর্ণ ও চরম অর্থহীন’ বলে অভিহিত করেন। এরপর ৪ হাজার শব্দের এক বিবৃতিতে ক্যামেরন ব্যানক্রফট খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নেন। এতে বল টেম্পারিংয়ের ঘটনায় বোলারদের দীর্ঘদিনের অস্বীকারের বিষয়টি আবারও আলোচনায় আসে।
হ্যাজেলউড বলেন, কেপটাউনের ঘটনার পরপরই তদন্তকারীদের কাছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেটিকেই বেশি বিশ্বাস করেন। তিনি বলেন, “কেপটাউনের ঘটনার পরপরই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টার সেই জিজ্ঞাসাবাদে আমি যা বলেছিলাম, সেটিই অন্য যেকোনো বক্তব্যের চেয়ে বেশি বিশ্বাস করি। কারণ, ঘটনাটি ঘটার এক-দুই দিনের মধ্যেই তা হয়েছিল। তখন সবকিছু আমার স্মৃতিতে তাজা ছিল। শেষ পর্যন্ত আমার মনে হয়, ওই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই জানে, এমনটা ধরে নেওয়া আর সত্যিই সবাই জানে, এ দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ব্যবধানটা অনেক বড়।”
ব্যানক্রফটের বিবৃতির পর চাপের মুখে থাকা অধিনায়ক কামিন্সের পক্ষেও দৃঢ় অবস্থান নিয়েছেন হ্যাজেলউড। তিনি বলেন, “গত কয়েক দিনে বিভিন্ন পক্ষ থেকে যেন একের পর এক আক্রমণ এসেছে। আমি প্যাটের পাশে থাকতে চাই। গত সপ্তাহের সংবাদ সম্মেলনে সে যা বলেছে, বিশেষ করে গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে সে যা করেছে, সবকিছুর প্রতিই আমার সমর্থন রয়েছে। দলকে বর্তমান অবস্থানে নিয়ে আসা এবং এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেই পরিবেশ তৈরি করা সত্যিই অসাধারণ কাজ। সে দারুণ একজন নেতা। দলের প্রত্যেককে জিজ্ঞাসা করলে একই উত্তর পাওয়া যাবে। প্রথম টেস্টে যদি আমরা মাঠে গিয়ে দেখি সে অধিনায়ক নেই, অন্য কেউ দায়িত্বে আছে, তাহলে কী হবে, সত্যি বলতে আমি জানি না।”
ব্যানক্রফট তাঁর বিবৃতিতে দাবি করেন, পোর্ট এলিজাবেথে একের পর এক ওভারে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের সময় তিনি বোলারদের কাছে রিভার্স সুইংয়ের বিষয়ে জানতে চেয়েছিলেন। হ্যাজেলউড স্বীকার করেছেন, এমন প্রশ্ন করা হয়েছিল। তবে বর্তমানে এসব প্রশ্নের যে অর্থ দাঁড় করানো হচ্ছে, তা মানতে রাজি নন তিনি।
হ্যাজেলউড বলেন, “এটি অবশ্যই স্বাভাবিক কথোপকথন ছিল। ব্যানক্রফটের বিবৃতির ওই অংশ আমি পড়েছি। বল রিভার্স সুইং করছে কি না, সে বিষয়ে সে আমাদের প্রশ্ন করেছিল, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে তার বিবৃতির কোথাও সে বলেনি, ‘আমি স্যান্ডপেপার দিয়ে এটা করছি।”
তৃতীয় দিনের সকালে একটি বৈঠকের বিষয়েও কোনো বিশেষ অর্থ খুঁজে পাননি হ্যাজেলউড। ব্যানক্রফটের দাবি অনুযায়ী, ওই বৈঠকে বলের ওপর তাঁর কাজের প্রশংসা করা হয়েছিল।
হ্যাজেলউড বলেন, “বিশেষ করে ওই ধরনের কন্ডিশনে টেস্ট ক্রিকেটে বলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সে স্যান্ডপেপারের কথা বলেনি, মাঠে কিছু নিয়ে যাওয়ার কথাও বলেনি। শুধু বলের যত্ন নেওয়ার জন্য ভালো কাজ করেছ, এমনটাই বলা হয়েছিল।”
বলটির অবস্থা নিয়ে তিনি বলেন, “বলটির দিকে তাকিয়ে কখনো আমার মনে হয়নি, ‘বাহ, এটির ক্ষয় তো স্বাভাবিক নয়।’ আম্পায়ারদেরও নিশ্চয়ই তেমন মনে হয়নি।”
খাজা ও ব্যানক্রফট দুজনেরই দাবি, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে প্রথমবারের মতো বল টেম্পারিংয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনা কতটা ছড়িয়ে পড়তে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হ্যাজেলউড।
তাঁর ভাষ্য অনুযায়ী, ড্রেসিংরুমটি ছিল ‘বেশ লম্বা ও সরু’। মাঠে ফেরার আগে সময় ছিল মাত্র ২০ মিনিট। তাই বোলাররা সম্ভবত নিজেদের প্রস্তুতির জন্য ড্রেসিংরুমের অন্য প্রান্তে ছিলেন। তাঁর মতে, দুই পক্ষের মধ্যে যোগাযোগ হয়নি, এমন ধারণা ছিল ‘স্বাভাবিক’।
কেপটাউনের ড্রেসিংরুমেও একটি বিভাজক দেয়াল ছিল, যা জায়গাটিকে ‘৭০-৩০’ অনুপাতে ভাগ করেছিল বলে জানান হ্যাজেলউড। তিনি ছিলেন ব্যানক্রফট ও খাজার বিপরীত পাশে।
তৎকালীন বোলিং কোচ ডেভিড সাকার তাঁকে বলের অবস্থা পরিবর্তনের কাজ চালিয়ে যেতে বলেছিলেন- ব্যানক্রফটের এমন দাবির বিষয়ে হ্যাজেলউড বলেন, “সত্যি বলতে, এমন কোনো কথোপকথন হয়েছিল কি না, সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। এ সম্পর্কে আমার কিছুই জানা ছিল না।”
ব্যানক্রফট, খাজা ও চ্যাড সেয়ার্সের স্মৃতিচারণ অনুযায়ী, কেপটাউনে খেলা শেষে এক বৈঠকে খেলোয়াড়েরা সম্মিলিতভাবে দায় নেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। তবে হ্যাজেলউডের এমন কোনো বৈঠকের কথা মনে নেই। ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকেও তিনি ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন