০৫:২৩ পি.এম
জাতীয় সংসদে বসে মোবাইল ফোনের মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
তিনি জানান, গত আট থেকে ১০ দিন ধরে তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। সম্প্রতি, এসব হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এই ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও বিভিন্ন বিশৃঙ্খলার সূচনা হওয়ার পর থেকে হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রথমে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে গত দুই দিন ধরে সংসদে প্রতিদিন সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র বিকৃত ভাষায় তাকে হত্যা ও ধর্ষণের হুমকি প্রদান করছে।
এই সংসদ সদস্য ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখার জন্য প্রস্তুত নন। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এর ফলে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও বর্তমানে হুমকির সম্মুখীন হচ্ছেন। তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে।
মাহমুদা মিতু ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
তিনি নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এসব কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময় এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদা মিতু। তিনি জানতে চান, তার কাছে থাকা নথি নিয়ে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে।
আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন