০৩:৩০ পি.এম
কুমিল্লায় আলোচিত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর শুরু হবে। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার পৃথক দুটি আদালতে পরিচালিত হবে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এই তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালত গ্রহণ করেছে। চার আসামিই বর্তমানে কারাগারে অবস্থান করছে। ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে (জুভেনাইল কোর্ট) এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।
আসামিপক্ষের আইনজীবী নিয়োগের প্রসঙ্গে কাইমুল হক বলেন, আসামিদের পক্ষে কুমিল্লার স্থানীয় কোনো আইনজীবী দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়নি। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজেদের আইনি কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাবে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
এদিকে, ছেলের হত্যার বিচার শুরু হওয়ার খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, "ছেলেকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারকাজ শুরু হওয়ার খবর শুনে ভালো লাগছে। তারা আইন ও আদালতের প্রতি আস্থাশীল। আশা করছেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।"
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতি থেকে নিখোঁজ হয় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি নির্জন ঝোপ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাত্র ১৩ বছর বয়সী এই শিশুর এমন নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজন জড়িত থাকার তথ্য পায় তদন্তসংশ্লিষ্টরা। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর চার আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর গত ২০ অক্টোবর দুই কিশোরসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। তদন্তে চারজনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় জেলা পুলিশ। ২৩ অক্টোবর অভিযোগপত্র দাখিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।
এখন ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন নিহত অপ্রতিমের পরিবার ও স্থানীয়রা। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা স্বজনদের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন