০৩:৩২ পি.এম
কোমোতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে। স্প্যানিশ জায়ান্টরা আগামী গ্রীষ্মকালীন দলবদলে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার করে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে।
স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের প্রতিবেদনে বলা হয়েছে, পাজকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি কোমো কর্তৃপক্ষকেও নিজেদের পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে।
চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সিরি আতে ১০ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। চ্যাম্পিয়নস লিগেও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি, চার ম্যাচে তিন গোলের সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।
আরও পড়ুন: কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
পাজকে ফেরাতে কোমোর সঙ্গে নতুন করে দর-কষাকষিতে বসতে হবে না রিয়ালকে। কারণ, গত গ্রীষ্মে তাকে বিক্রির সময় চুক্তিতে ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ রেখেছিল মাদ্রিদ। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে প্রিয় শিষ্যকে ফিরিয়ে আনতে চায় ক্লাবটি।
এর আগে ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাজকে কোমোর কাছে বিক্রি করেছিল রিয়াল মাদ্রিদ। তার আগে ইতালিয়ান ক্লাবটিতে এক মৌসুম ধারে খেলেছিলেন এই আর্জেন্টাইন। সেই সময় থেকেই তিনি নিজের প্রতিভা ও সামর্থ্য দেখাতে শুরু করেন।
গত গ্রীষ্মেও পাজকে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের সামনে। তবে শেষ পর্যন্ত তাকে কোমোতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। পাজ আরও কিছুদিন ইতালিতে থেকে নিজের খেলায় উন্নতি করতে চেয়েছিলেন। মাদ্রিদ তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল।
এবার কোমোর হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর তাকে ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে সক্রিয় হয়েছে রিয়াল। কাদেনা কোপের দাবি সত্যি হলে, আগামী গ্রীষ্মেই ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে আবারও সান্তিয়াগো বার্নাব্যুর ঠিকানা হতে যাচ্ছে নিকো পাজের।
আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন