প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত বার্তা প্রকাশ করেছেন, যেখানে তিনি বিয়ের আহ্বান জানিয়ে বেশি সন্তান নেওয়ার এবং তাদের গির্জায় বড় করার কথা বলেছেন। তার এই মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক্সে দেওয়া একটি পোস্টে লেভিট লিখেছেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টের সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট, যেখানে উল্লেখ করা হয়েছিল যে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
লেভিটের পোস্টে বিয়ে, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি মানুষকে পরিবার গঠনে উৎসাহিত করার পাশাপাশি সন্তানদের গির্জাভিত্তিক ধর্মীয় পরিবেশে বড় করার এবং তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরির আহ্বান জানিয়েছেন।
তবে তার এই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী তার পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন। অন্যদিকে, অনেকে সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় বিশ্বাস অনুসরণের আহ্বান জানানো উচিত কি না।
অনেকে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুর দেখাশোনার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি সামনে এনেছেন। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া কঠিন হয়ে পড়েছে।
কিছু ব্যবহারকারী বলেছেন, শিশুরা বড় হওয়ার পর নিজেদের ধর্মীয় বিশ্বাস নিজেরাই বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।
লেভিটের পোস্টের প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান হলো পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে এসব দেশ নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’
আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেন। এরপর প্রশ্ন করেন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না!’
আরেক ব্যবহারকারী সরাসরি লেভিটকে উদ্দেশ করে লিখেছেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’
তথ্যসূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন