০৫:০২ পি.এম
শিকাগো শহরের সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।
গত ২৩ সেপ্টেম্বর, শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এই বিষয়টি নিয়ে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর প্রস্তাবটি পরিবহন ও পাবলিক ওয়ে কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে প্রস্তাবটি কাউন্সিলে পাসের সুপারিশ করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নামকরণ করা হবে বেগম খালেদা জিয়ার নামে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড এবং ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। এ জন্য শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
অধ্যাদেশের প্রস্তাবনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা, শিক্ষা বিস্তারে উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের মানুষের সেবায় কয়েক দশক ধরে নিয়োজিত থাকার পাশাপাশি সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি লাভ করেন।
প্রস্তাবনায় মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করেছে বলে এতে উল্লেখ করা হয়।
এছাড়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিকাগোসহ যুক্তরাষ্ট্রের নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
অধ্যাদেশে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং তার পরিবারের প্রসঙ্গও এসেছে। এতে তার ছেলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে তার উত্তরাধিকার অব্যাহত রয়েছে।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।
সড়কটির অবস্থান নির্বাচনের পেছনেও বাংলাদেশের সঙ্গে শিকাগোর একটি বিশেষ সংযোগ তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই ভবন শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। ভবনটির নকশা ও নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। তার উদ্ভাবনী প্রকৌশলকাজ আধুনিক শিকাগোর আকাশসীমা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ তার গণতন্ত্র, শিক্ষা, জনসেবা এবং আন্তর্জাতিক বন্ধুত্বে অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধার নিদর্শন হবে। এটি শিকাগো, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার আওতায় সড়কটির নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবহন কমিশনারকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পর কার্যকর হওয়ার বিধান রাখা হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
সূত্র: শিকাগো সিটি কাউন্সিল পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন