প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
॥ ওমর ফারুক ॥
রাজশাহী, ২১ নভেম্বর ২০২৬ : জেলার তানোর উপজেলার ময়েনপুর গ্রামের প্রায় ৪০০ বছর বয়সি যুগলবন্দি বট-পাকুড় গাছ বর্তমানে পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই যুগলবন্দি গাছকে ঘিরে এলাকায় প্রচলিত রয়েছে নানা রহস্য ও লোককথা। প্রকৃতির এই অদ্ভুত যুগল এখন প্রকৃতিপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে।
সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ রাস্তার দুই পাশে বিস্তৃত হয়ে রয়েছে। বিশাল শাখা-প্রশাখা এবং মাটি ছোঁয়া ঝুড়ি-শিকড়ের জাল স্থানটিকে যেন স্নেহের ছায়ায় envelop করেছে। বাতাসে পাতার মর্মর ধ্বনি এবং শান্ত গ্রামীণ পরিবেশ এক মায়াময় আবহ তৈরি করেছে।
স্থানীয়দের মতে, প্রায় ৪০০ বছরের পুরোনো এই যুগল বৃক্ষ একসময় রহস্যময় স্থান হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি ধীরে ধীরে স্থানীয় দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
ময়েনপুর গ্রাম ঘুরে দেখা যায়, এটি কেবল একটি একক বটগাছ নয়, বরং বট ও পাকুড় গাছের একটি বিরল যুগলবন্দি। গ্রামের প্রবীণ ও মধ্যবয়সী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।
গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেন বাসস’কে বলেন, ‘ছোটোবেলায় এই পাকুড় গাছকে ঘিরে আমরা নানা ভীতিকর কথা শুনেছি। অনেক মা-বাবা বা মুরুব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। এখন থেকে প্রায় ৩০ বছর আগে পর্যন্ত ভয়ে দিনের বেলাতেও অনেকে এই পাকুড় গাছের কাছ দিয়ে একা যেতে ভয় পেতেন।’
তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে মানুষের ধারণা পরিবর্তিত হয়েছে। কুসংস্কার ও ভয়ের জায়গাটি দখল করেছে কৌতূহল এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। বর্তমানে আশপাশের এলাকা থেকে মানুষ গাছ দুটি দেখতে আসেন। প্রকৃতির শীতল ছায়ায় প্রাণ জুড়ান এবং মুঠোফোন বা ক্যামেরায় ছবি তোলেন। জনসমাগম বৃদ্ধি পাওয়ায় এলাকায় বেশ কয়েকটি দোকানও বসেছে। গ্রামের লোকজন ও দর্শনার্থীরা সেখানে এসে চা খান। এতে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
গাছ দুটির প্রকৃত বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ বা জরিপ নেই। স্থানীয় বেশিরভাগ প্রবীণদের মতে গাছ দুটির বয়স আনুমানিক ৪০০ বছর। তবে কারো কারো মতে এর বয়স আরও বেশি।
স্থানীয় বাসিন্দা সুমন আলী বলেন, ‘আমরা ছোটোবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকারেই দেখে আসছি। এর সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই পাকুড় ও বট গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। এত পুরোনো গাছ আমাদের এলাকায় আর নেই।’
প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষকদের মতে, প্রাচীন বট বা পাকুড় গাছ প্রায়ই কোনো পুরোনো জনপদ, বাণিজ্যপথ বা গ্রামীণ স্মৃতির নীরব সাক্ষী হিসেবে টিকে থাকে।
স্থানীয় বাসিন্দা শামিম বলেন, প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটা দেখতে আসে এবং ছবি তোলে। পরিবেশটি খুব সুন্দর ও শান্ত। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি সহজেই আশপাশের মানুষের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে।
ময়েনপুর গ্রামের এই প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল ভয়ের বা লোককথার অংশ নয়। বরং প্রকৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ সম্ভাবনার একটি জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা কেবল লোককথায় নির্ধারণ করা সম্ভব নয়। বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। এটি সরাসরি আমরা দেখিনি। দেখার পর মন্তব্য করতে পারবো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন