প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধানে বায়োগ্যাস প্ল্যান্টকে একটি কার্যকর উপায় হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে।
আজ সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান।
প্রতিমন্ত্রী সভায় জানান, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে 'বায়োগ্যাস পল্লী' গড়ে তোলা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য যুবকদের মাঝে ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজন হলে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করা হবে এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
এছাড়াও, সারা দেশের যুব সমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে 'যুব কাউন্সিল' গঠন করা হবে বলে তিনি জানান। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজন এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় আরও আলোচনা হয়, অধিক সংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরও সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন